প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যাপক সুযোগ-সুবিধা ও শিক্ষার সর্বোচ্চ মানের কারণে এ বিশ্ববিদ্যালয় সবার কাছে সমাদৃত ও প্রশংসিত। ছাত্রছাত্রীদের থাকার সুবিধার জন্য এ বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল রয়েছে। হলগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-ব্যবস্থা, রিডিং রুম, পেপার রুম, টিভি রুম, গেমস রুম, হল ক্যানটিনসহ নানা সুবিধা রয়েছে। কিন্তু এত সব সুযোগ-সুবিধার মধ্যেও এমন একটি সমস্যা আছে, যা বাকি সব সুযোগ-সুবিধাকে ম্লান করে দিচ্ছে। তা হলো ছারপোকা।
বিশ্ববিদ্যালয়ের হলগুলো কম-বেশি বহু পুরোনো। হলের আসবাব, বিশেষ করে হলের রুমের দরজাগুলো কাঠের। কাঠগুলো পুরোনো ও অপরিচ্ছন্ন হওয়ায় এগুলো পচে তাতে ছারপোকা জন্মায় এবং বিছানাপত্র, বই, কাপড়চোপড় ইত্যাদি জায়গায় আশ্রয় নেয়। ছারপোকা খুব দ্রুত বংশ বিস্তার করে। হলগুলোয় ছারপোকা এত বেশি যে পুরো ঢাকা শহরে এত ছারপোকা পাওয়া যাবে না। হলের রুমগুলোকে সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেও ছারপোকার হাত থেকে নিস্তার মিলছে না। ছারপোকার কামড়ে ছাত্রছাত্রীদের ঘুম ও পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে বাঁচতে অনেকে হলের মসজিদের বারান্দায় ঘুমাতে বাধ্য হচ্ছেন।
এই অবস্থায় হলগুলোর কর্তৃপক্ষের প্রতি আমাদের আকুল আবেদন, জীবন অতিষ্ঠকারী ছারপোকা সমস্যার স্থায়ী সমাধান করে ছাত্রছাত্রীদের ঘুম ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।
মাকসুদুল হাসান
দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।