ছোটদের বড় নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এখন তারা যা শিখবে, দেখবে, বুঝবে, তাই- জানবে এবং সেভাবে গড়ে উঠবে। আর সুনাগরিক হিসেবে গড়ে উঠতে নিজের অধিকারের পাশাপাশি দায়িত্ব-কর্তব্যগুলো সম্পর্কে ধীরে ধীরে সচেতন হতে হবে। রয়েছে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি অনেক করণীয়। যেগুলো তারা এখন থেকে শিখবে।
সদ্য শেষ হলো স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৪। প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বেশ উৎসবের আমেজে এই নির্বাচন সম্পন্ন করা হয় প্রতিবছরের মতো। এই স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে জয়ী সদস্যরা তাদের নির্ধারিত দায়িত্বগুলো পালন করবে। পাশাপাশি প্রতিনিধিস্বরূপ তুলে ধরবে বিদ্যালয়ের যাবতীয় সমস্যা। সৃষ্টি করবে একটি গণতান্ত্রিক মনোভাবসম্পন্ন সহযোগিতামূলক সুন্দর পরিবেশের।
প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়েও (আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়) বেশ আনন্দমুখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে ভোটদানে স্বতঃস্ফূর্ততা দেখে মুগ্ধ হলাম খুব। কেননা, ভোটার হওয়ার আনন্দ, যোগ্য প্রার্থী বাছাই, ফলাফল নিয়ে উৎকণ্ঠা, ভোট গণনা, নানা আলাপচারিতা—এগুলো সবকিছু খুব বেশি উপভোগ করার মতো।
স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে একদিকে যেমন শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে শুরু করে দায়িত্বভার অর্জন করার মানসিকতা জেগে ওঠে, তেমনি অন্যদিকে একটি গঠনমূলক চিন্তাধারা সৃষ্টি হয়। কিন্তু উচ্চবিদ্যালয়গুলোতে এ ধরনের প্রক্রিয়া না থাকায় এ চলমান ধারা ব্যাহত হয়। প্রয়োজন হাইস্কুলেও এ ধরনের নির্বাচনের ব্যবস্থা করা, যাতে আগামী দিনে জাতি আরও সামনে এগিয়ে যেতে পারে।

সঞ্জয় কুমার ভৌমিক

সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।