বেদখল হয়ে যাওয়া হল উদ্ধারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের আন্দোলন বেশ সময় পার করেছে। এ নিয়ে বিক্ষোভ, সংঘর্ষ, ধর্মঘট—সবকিছুই হয়েছে। সর্বশেষ অগ্রগতি হচ্ছে, হল উদ্ধারে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। সরকারের এই উদ্যোগ পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখলমুক্ত হোক, সেগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে আসুক, এটাই প্রত্যাশিত। ফলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, তার যৌক্তিকতা রয়েছে। তবে এ নিয়ে কোনো ধরনের সহিংসতা কাম্য হতে পারে না। শিক্ষার্থীদের এক কর্মসূচিতে পুলিশ যেভাবে আক্রমণ করেছে, সেটা ছিল অনভিপ্রেত। তাদের লাঠিপেটা থেকে শিক্ষকেরাও রেহাই পাননি।
সরকার উদ্যোগী হয়ে যে কমিটি গঠন করেছে, তাকে আমরা স্বাগত জানাই। তবে এ ধরনের কমিটির কার্যকর ভূমিকার ওপরই নির্ভর করবে সবকিছু। অতীতে বিভিন্ন ক্ষেত্রে আমরা এ ধরনের কমিটি গঠনের আনুষ্ঠানিকতা দেখেছি এবং অনেক ক্ষেত্রেই তা হয় লাক দেখানো। একজন সাংসদের নেতৃত্বে হল উদ্ধারে আট সদস্যের যে কমিটি গঠিত হয়েছে, তা যথেষ্ট শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছে। আমরা আশা করব, হলগুলো উদ্ধারে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয়ের একটি হল বর্তমানে একজন স্বতন্ত্র সাংসদের দখলে রয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। এই সাংসদ স্বতন্ত্র হলেও সরকারি দলের সঙ্গে যুক্ত এবং একজন বিদ্রোহী প্রার্থী হিসেবেই এবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন। আমরা মনে করি, গঠিত কমিটি যদি বেদখল হয়ে যাওয়া হলগুলোর ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পারে, তবে এ নিয়ে সব বিতর্কের অবসান হবে।
বর্তমান অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্বদানকারী দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বর্তমানে শিক্ষকদের ধর্মঘট চলছে। হল উদ্ধারে কমিটি গঠনের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয় এক ধাপ এগিয়েছে, অন্য বিষয়গুলোও দ্রুত মিটমাটের উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সব পক্ষ থেকেই যৌক্তিক ও সংযত আচরণ প্রত্যাশিত।