জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারের আন্দোলনটি সরকার-সমর্থক ছাত্রসংগঠনটি শুরু করলেও পরবর্তী পর্যায়ে এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। সংহতি প্রকাশ করেছেন শিক্ষকেরাও। শিক্ষাঙ্গনের সার্বিক পরিস্থিতি বিচার করলেও এটি ছিল অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তাঁদের আন্দোলন অযৌক্তিক, সেই দাবিও কেউ করেনি।
যেসব হল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করেছেন, সেসব ভবনে একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বসবাস করতেন। পরবর্তীকালে আইনের মারপ্যাঁচে ফেলে প্রভাবশালীরা হলগুলো দখল করে নেন। অনেক ক্ষেত্রে জাল দলিলের মাধ্যমে হল দখলের অভিযোগও আছে। কিন্তু ন্যায়সংগত দাবি আদায়ে এ রকম একটি শান্তিপূর্ণ আন্দোলন কেন সহিংস রূপ নিল, কেনই বা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে গেলেন, তা খতিয়ে দেখা জরুরি।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের, বিশ্ববিদ্যালয় থেকে একজন ছাত্রের বহিষ্কারাদেশ এবং মামলাকে কেন্দ্র করে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে কাল বুধবার থেকে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন। হল উদ্ধারের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই একটির পর একটি অঘটন ঘটানো হয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা দরকার। শিক্ষক লাঞ্ছনা ও হল উদ্ধার আন্দোলন—দুটি ভিন্ন বিষয়। কোনোভাবেই এক করে দেখা যাবে না।
আন্দোলনরত শিক্ষার্থীরা লাগাতার ধর্মঘটের যে ডাক দিয়েছেন, তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। দ্বিতীয়ত, ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা তথা শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং তাতে শিক্ষার্থীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন; সেটি কোনোভাবেই কাম্য হতে পারে না।
তাই, বিশ্ববিদ্যালয়ের দখল হওয়া হলগুলো উদ্ধারে লাগাতার ধর্মঘটের প্রয়োজন নেই। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন হোক। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও উচিত হবে না এমন পদক্ষেপ গ্রহণ করা, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই সংকট উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে।