জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। আন্দোলন আর অপরাধকর্মের মধ্যে পার্থক্য যেমন রয়েছে, তেমনি পুলিশি অত্যাচার আর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের মধ্যেও পার্থক্য রয়েছে। অপরাধ দমনের কায়দায় আন্দোলন দমন মানবাধিকার লঙ্ঘন।
রোববার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের সংঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটা সাম্প্রতিক পুলিশি নিপীড়নের মিল রয়েছে। উভয় ক্ষেত্রেই পুলিশ প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেই সীমিত রাখার কথাও ভাবতে হবে শিক্ষার্থীদের।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বঞ্চিতদের মধ্যে বঞ্চিততর। তাঁদের প্রধান ভোগান্তি হলো, আবাসিক হল থাকতেও মেসের অমানবিক পরিবেশে বসবাস। বিশ্ববিদ্যালয়টির একাধিক হল অন্যের দখলে থাকার বাস্তবতাই শিক্ষার্থীদের প্রতিবাদী করে তুলেছে। তাহলেও ন্যায্য আন্দোলনের ধরনও ন্যায্য হওয়া চাই।
বেহাত হওয়া হলগুলো উদ্ধার না হওয়ার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের। ফলে সমস্যা জিইয়ে থাকছে এবং মাঝেমধ্যেই তা অসন্তোষের জন্ম দিচ্ছে। এ রকম অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে তিব্বত নামের একটি হল উদ্ধারে মিছিল নিয়ে এগিয়ে যান। যে কাজটি আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা, তা নিজেরা করতে যাওয়া ঠিক নয়। এই ঘটনায় ৩০০ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষকও রয়েছেন। পুলিশ যে নির্বিচারে গুলি করেছে, ব্যাপকসংখ্যক শিক্ষক আহত হওয়া দিয়েই তা বোঝা যায়।
আবার মিছিল রাজপথে অগ্রসর হতে চাইলেই সেখানে গুলি, লাঠি, টিয়ার শেল নিক্ষেপ করা যায় না। আলোচনা করে, ধৈর্যের সঙ্গে ক্ষোভ প্রশমিত করার উদ্যোগ নেওয়াই যেখানে বিবেচকের কাজ, সেখানে নির্বিচার গুলি করার জবাবদিহি অবশ্যই করতে হবে পুলিশকে। অন্যদিকে অভিযোগ রয়েছে যে সংসদে সরকারদলীয় সাংসদ হাজি সেলিম ছাত্রলীগের সমালোচনা করাতেই তাঁর দখলাধীন হল উদ্ধারে নামে ছাত্রলীগ।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অবিলম্বে সরকারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া হলগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফিরিয়ে দিতে হবে। এ ব্যাপারে অনেক দেরি হয়েছে; আর নয়।