জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের তিন শীর্ষ নেতাকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিষিদ্ধঘোষিত এই জঙ্গিগোষ্ঠীটির শক্তি-সামর্থ্য ও তাদের নতুন করে সংগঠিত হওয়ার প্রমাণ যেমন মিলল, তেমনি আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা, ঘাটতি, দুর্নীতির গুরুতর অভিযোগও পাওয়া যাচ্ছে।
প্রথম আলোর প্রতিবেদনের তথ্য বলছে, কারাগার থেকে জেএমবির কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির অধিকাংশ নেতাই কারাগারে, কিন্তু দেখা যাচ্ছে, কারাগারই এই নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য তাঁদের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে বসে যদি জঙ্গিরা মোবাইল ফোন ব্যবহার, চিঠিপত্র আদান-প্রদানের কাজ করতে পারেন, তবে দেশে নিরাপত্তাব্যবস্থা কিছু কার্যকর আছে বলে মনে করা কঠিন।
বুধবার ডেইলি স্টার-এর এক প্রতিবেদনে প্রকাশিত তথ্যও গভীর উদ্বেগের। প্রতিবেদনে গোয়েন্দা জিজ্ঞাসাবাদের সূত্র উল্লেখ করে বলা হয়েছে, যে জঙ্গিদের ছিনিয়ে নেওয়া হয়েছে তাঁরা পুলিশকে ঘুষ দেওয়ার বিনিময়ে প্রিজন ভ্যানে বসে ছিনতাইকারীদের সঙ্গে কথা বলেছেন এবং খাবার কেনার নাম করে ঘটনাস্থলে গাড়ি থামাতে বলেছেন। তা ছাড়া প্রিজন ভ্যানে সাতজন পুলিশ থাকার কথা থাকলেও চারজন অনুপস্থিত ছিলেন। এই অভিযোগ সত্য হয়ে থাকলে বিষয়টি ভয়ংকর এবং সরষের মধ্যেই ভূত থাকার মতো।
এ ঘটনাটি গুরুতর বিষয় নিয়ে কতটা অবহেলা ও দায়িত্বহীনতা চলতে পারে, তার চরম দৃষ্টান্ত। একই সঙ্গে আইনশৃঙ্খলা
রক্ষার সঙ্গে জড়িতদের দুর্নীতির মাত্রা যে কোন পর্যায়ে গিয়ে নেমেছে, সেটাও তুলে ধরছে। গোয়েন্দা কার্যক্রমে ইন্টেলিজেন্স ও কাউন্টার ইন্টেলিজেন্সের যে প্রক্রিয়া, তা সঠিকভাবে কার্যকর থাকলে জঙ্গি দমনের ক্ষেত্রে এ ধরনের দায়িত্বহীনতা ও দুর্নীতির ঘটনা ঘটতে পারে না।
কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি ইউনিটের সিনিয়র জেল সুপার দাবি করেছেন, কারাগারে আসামিদের মুঠোফোন ব্যবহারের সুযোগ নেই। অথচ ঢাকা মহানগর গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার দাবি করেছেন, জঙ্গিরা যে কারাগারে বসে মুঠোফোনে বাইরে যোগাযোগ করেন, সে ব্যাপারে তাঁদের কাছে প্রমাণ রয়েছে। প্রথম আলোর বিভিন্ন প্রতিবেদনেও এর আগে কারাগারে বসে বিভিন্ন অপরাধীর মুঠোফোন ব্যবহার, বাইরে থেকে চিঠি ও দ্রব্যসামগ্রী গ্রহণের খবর প্রকাশিত হয়েছে।
এ ধরনের অভিযোগগুলো আমলে না নিয়ে অস্বীকার করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। অভিযোগ আমলে নিয়ে প্রতিকারের উদ্যোগ নিলে এবং আইনশৃঙ্খলার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের অপরাধ কমে যেত।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনাটি অনেক রূঢ় বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরেছে। প্রথমত, জঙ্গি দমন নিয়ে আত্মতৃপ্তি ও গা-ছাড়া ভাবের সুযোগ নেই। দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমে বড় ধরনের ত্রুটি, দুর্নীতি ও সমন্বয়হীনতা রয়েছে, যা দূর করতে হবে। তৃতীয়ত, অপরাধ কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও যুক্ততার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই।