মানুষের শান্তির জন্য প্রধানমন্ত্রী ত্যাগ স্বীকার করতে চেয়েছিলেন। দেশে আজ এত অশান্তি-বিশৃঙ্খলার পরও প্রধানমন্ত্রী তাঁর সেই একচুল না নড়ার জেদ বজায় রেখেছেন, যা অত্যন্ত হতাশাজনক। রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি বছরের মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। তা আর বাংলাদেশে হবে কি না, সে ব্যাপারেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী যতই বিরোধী দলকে দোষারোপ করুক, আইসিসি কিন্তু বলবে টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সরকার। বিএনপির কর্মসূচি রুখতে যানবাহনসহ সারা দেশ যেভাবে অবরুদ্ধ রাখছে সরকার, তারা কি একটি বারও ভাবল না সাধারণ চাকরিজীবী, ব্যবসায়ীরা কীভাবে যানবাহন ছাড়া কর্মক্ষেত্রে যাবেন? তাহলে প্রধানমন্ত্রী অমন দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করেন না কেন? ক্ষমতার লড়াইয়ে হয়তো শেষ পর্যন্ত আওয়ামী লীগই জয়ী হবে কিন্তু এই রাজনৈতিক সহিংসতায় দেশের সম্পদ, বাণিজ্য, শিক্ষা ও সার্বিক উন্নয়নের যে ক্ষতি হচ্ছে, তার মাশুল তো বাংলাদেশের প্রত্যেক নাগরিককেই দিতে হবে। এই ভোগান্তি, আতঙ্ক আর রাস্তায় জীবন বাঁচানোর অনিশ্চয়তা থেকে কবে মুক্ত হব আমরা?
রবিউল করিম, ঢাকা।