জনশক্তি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিইবির ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি উপজেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা আমাদের দীর্ঘ আন্দোলন এক ধাপ অতিক্রম করল। এই ঐতিহাসিক ঘোষণার জন্য ডিপ্লোমা শিক্ষা গবেষণা কাউন্সিল, বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশে প্রতিবছর আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মধ্য থেকে সাত লাখ শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে ভর্তি হয়। উচ্চমাধ্যমিক পাস করার পরও এ সার্টিফিকেট দিয়ে কোনো চাকরি বা কর্মসংস্থানের সুযোগ নেই। অর্থাৎ বেকার উৎপত্তিস্থল হলো স্কুল, কলেজ। দেশের তরুণদের সংখ্যা জনসমষ্টির অর্ধেকের বেশি। জীবনের শ্রেষ্ঠ সময়কে ভালো কাজের জন্য ব্যয় করতে হলে প্রয়োজন কর্মসংস্থানভিত্তিক শিক্ষা। এ ক্ষেত্রে প্রস্তাবিত উপজেলাকেন্দ্রিক ডিপ্লোমা ইনস্টিটিউট দক্ষ প্রশিক্ষিত তরুণ যুব তৈরিতে মুখ্য ভূমিকা পালন করবে।
ডিপ্লোমা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টের অভাবে হাসপাতালগুলো অদক্ষ জনবল দিয়ে পরিচালনা করে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা বিদেশমুখী করে রাখা হয়েছে। উন্নত বিশ্বে মোট শিক্ষিতের চার ভাগের তিন ভাগ ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সার্কভুক্ত দেশগুলোতে বড় ডিপ্লোমা শিক্ষার হার ৫৬ শতাংশ, বাংলাদেশে এই হার তিন শতাংশ মাত্র।
ঔপনিবেশিক শাসকগোষ্ঠী ৩০০ বছর বাংলাকে শাসন করে। সাদা সাহেবরা এ দেশে তাদের শাসনব্যবস্থা দীর্ঘায়িত করার লক্ষ্যে বিভক্তি নীতি গ্রহণ করে। হিন্দুর সঙ্গে মুসলমান, মৌলভির সঙ্গে ঠাকুর, ধনীর সঙ্গে গরিবের, সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার মাধ্যম বিভাজন সৃষ্টি করে একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব-সংঘাতের ক্ষেত্র তৈরি করে।
একইভাবে ডিপ্লোমা শিক্ষানীতিতে কারিগরি শিক্ষা বোর্ড, হোমিওপ্যাথিক বোর্ড, ইউনানি ও আয়ুর্বেদীয় বোর্ড, নার্সিং কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, প্রাথমিক শিক্ষা একাডেমি, একাধিক ডিপ্লোমা শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্ব প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সমাধান করতে ব্যর্থ হয়। মেধা ও শ্রমের অপচয়ে সৃষ্ট সংঘাত এখনো চলমান।
বাংলাদেশ ছোট দেশ হলেও তিন শতাব্দীর প্রাচীন কলোনি যুগের মনোভাব ও আচরণ ত্যাগ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি উপজেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং ডিপ্লোমা শিক্ষা গবেষণা কাউন্সিল, বাংলাদেশের প্রস্তাবিত আটটি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করতে হলে ডিপ্লোমা শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে তৃণমূলমুখী করতে হবে।
আমরা আশা করছি, ব্রিটিশদের গড়া ডিপ্লোমা শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কবল থেকে জাতিকে পরিত্রাণ দেওয়া হোক, বিভাগীয় ডিপ্লোমা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার আইন মহান জাতীয় সংসদে পাস করা হোক, তাহলেই দক্ষ জনশক্তি নীতির পথ প্রশস্ত হবে। জাতি হিসেবে আমরা কলোনিনীতির কলুষমুক্ত হব। দক্ষতা, সৃজনশীলতায়, পরিপূর্ণ শিক্ষায় দেশের অর্থনীতি বিকশিত হবে।

মো. আবুল হাসান

ডিপ্লোমা শিক্ষা গবেষণা কাউন্সিল, বাংলাদেশ৷