জনশক্তি রপ্তানিতে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশক্তি রপ্তানির বাজার বর্তমান সরকারের আমলে সন্তোষজনক অবস্থায় থাকলেও গত ছয় মাসে যথেষ্ট কমে যাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বব্যাপী শ্রমবাজার সংকুচিত হওয়া সত্ত্বেও সরকার অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে, যার সুফল আমরা পেয়েছি। তবে একশ্রেণীর শ্রমিক রপ্তানিকারকদের অতিরিক্ত অর্থ গ্রহণ, প্রতারণা ইত্যাদির বিরুদ্ধে সরকারের সোচ্চার থাকা এবং ব্যবসায়ীদের সঙ্গে নানা বিষয়ে তার বনিবনা না হওয়ায় শ্রম রপ্তানি খাতে অচলাবস্থা বিরাজ করছিল। এরই প্রেক্ষাপটে গত ছয় মাসে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। গত সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শ্রমিক বিদেশে যাচ্ছেন।
সরকার যদিও বলছে, সংখ্যা নয়, তারা মানের দিকে নজর দিচ্ছে। কিন্তু আমাদের কাছে প্রতীয়মান হয় যে শ্রম রপ্তানিকারক এবং সরকারের মধ্যকার দ্বন্দ্বও এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। শ্রমবাজার সংকুচিত হলে এককভাবে সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দুই পক্ষের মধ্যে বোঝাপড়া জরুরি। প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীদের অনিয়মের কারণে অনেক বাজার বন্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে বায়রার মহাসচিবের দাবি, ব্যবসায়ীদের বাদ দিয়ে মন্ত্রী একাই সবকিছু করার চেষ্টা করছেন। উভয়ের বক্তব্যে বিরোধের সুর নিহিত।
আমরা মনে করি, হয়তো উভয়ের তরফেই জোরালো যুক্তি থাকতে পারে। কিন্তু তাঁরা একমত হবেন যে আমাদের সীমিত রপ্তানিমুখী পণ্যের বিপরীতে শ্রমিকেরাই উল্লেখযোগ্য রেমিট্যান্স পাঠান। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতির দিক থেকে শ্রমশক্তি রপ্তানির বাজারের অসামান্য গুরুত্ব রয়েছে। শ্রম মন্ত্রণালয়ের অনেক অর্জন আছে। আমরা তাদের ধন্যবাদ দিই। কিন্তু সার্বিকভাবে কি বলা যায় যে আমরা বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে শ্রমবান্ধব হিসেবে গড়ে তুলতে পেরেছি? আমরা পেশাদার কূটনীতিকদের সর্বতোভাবে শ্রমকূটনীতিমুখী করতে পেরেছি? প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে অধিকাংশ দূতাবাস যথাসময়ে ক্ষিপ্রতার সঙ্গে যত্ন নিয়ে দায়িত্ব পালন করে। এখন আমরা অদক্ষ শ্রমিকদের নিয়ে বিব্রত হওয়া থেকে পালিয়ে বেড়ানোর মানসিকতাই কি আমরা দেখি না? দক্ষ শ্রমশক্তি পাঠাতে সরকারের সাফল্য এখনো প্রত্যাশা পূরণ থেকে অনেক দূরে আছে।
মনে রাখতে হবে, বিদেশি শ্রমবাজার বাংলাদেশের চাহিদা ও দক্ষতার মাপে সৃষ্টি হবে না। আমাদেরই বিদেশি শ্রমবাজার অনুযায়ী তৈরি হতে হবে। সেই প্রস্তুতি গ্রহণ করতে হলে সরকারি-বেসরকারি খাতকে যৌথভাবে কাজ করতে হবে। তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তার পরিণাম আত্মঘাতী হতে পারে। তাদের ভূমিকা হতে হবে পরিপূরক।
গত এপ্রিলে আমরা বায়রাকে ধর্মঘটে যেতে দেখেছি। এ রকম একটি অস্থিরতার প্রেক্ষাপটেই কিন্তু আমরা এমন একটি অভাবনীয় খবর পেলাম। শ্রমিক রপ্তানির ক্ষেত্রে আমাদের সংখ্যাও যেমন লাগবে, তেমনি মানও বাড়াতে হবে। এমন নয় যে আমরা মানের কারণে সংখ্যাকে কম গুরুত্ব দিতে পারছি।