জনসংখ্যা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৮০ সালে বাংলাদেশ ভূখণ্ডে জনসংখ্যা ছিল মাত্র দুই কোটি। ১৯৪১ সালে তা হয়েছে ৪ দশমিক ২০ কোটি। অর্থাৎ জনসংখ্যা দ্বিগুণ হয়েছে। অন্যদিকে ১৯৭৪ সালে জনসংখ্যা ছিল সাত কোটি ৬৪ লাখ। আর ২০১১ সালে এ দেশের জনসংখ্যা হয়েছে ১৪ কোটি ৯৭ লাখ। অর্থাৎ এই ৩৭ বছরে (১৯৭৪-২০১১) বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে তা ১৬ কোটি ছাড়িয়ে গেছে।
এভাবে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধি প্রভাব ফেলছে সর্বত্র। ক্রমে ক্রমে তা আরও খারাপের দিকে যাবে। এ ব্যাপারে কিছু মানুষ দেখা যায় খুবই সচেতন। আবার এক শ্রেণীর মানুষ এ ব্যাপারে একেবারেই অসচেতন। পরিবার পরিকল্পনার ব্যাপারে সচেতনতা আগের চেয়ে বাড়লেও কিছু মানুষের মধ্যে এখনো এ নিয়ে সংশয় কাজ করছে। অন্যদিকে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের আরও বেশি আন্তরিকতা প্রদর্শন ও জোরালো কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জনসংখ্যা বৃদ্ধি প্রাথমিকভাবে তেমনটা পরিলক্ষিত না হলেও সার্বিক দৃষ্টিকোণ থেকে যখন দেখা হয়, তখন সেটা কতটা বিপজ্জনক পরিবেশ সৃষ্টি করতে পারে ভবিষ্যতে এবং এই বৃদ্ধি কতটা বেগবান হচ্ছে, তা বোঝা যায়। এই জনসংখ্যা বৃদ্ধিতে চাপ পড়ছে মানুষের মৌলিক চাহিদাগুলোর (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা) ওপর। কমছে কর্মসংস্থান, বাড়ছে বেকারত্ব।
তবে শিক্ষার্থী বিপুলসংখ্যক বাড়লেও বিদ্যালয় বাড়ছে না সেই হারে। চিকিৎসাসেবা সবাই সমানভাবে আশা করতে পারে না। অনেকেই বঞ্চিত হচ্ছে ব্যয়বহুল চিকিৎসা থেকে। পরিবারে লোকসংখ্যা বেশি হওয়ায় অপুষ্টিতে ভুগছে শিশুরা। কাজের সন্ধানে ও নানাবিধ কারণে শহরমুখী মানুষের চাপে ব্যস্ত নগরগুলোতে জীবনযাত্রার মান কমছে। পরিবেশ দূষিত ও অস্বাস্থ্যকর হয়ে উঠছে। সেই সঙ্গে কমছে ফসলি জমি।
তাই জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এখনো প্রায়ই পত্রিকা খুললে বাল্যবিবাহের খবর দেখা যায়। এভাবে খবরের অন্তরালে অনেক বাল্যবিবাহের শিকার হতে হয় কম বয়সী শিশুদের। এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষার হার বাড়ানো প্রয়োজন। পরিবার বড় হওয়ার অসুবিধা এবং ছোট পরিবারের সুবিধাগুলো তুলে ধরতে হবে বেশি বেশি করে।
এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি গণমাধ্যমগুলোর দায়িত্ব অনেক বেশি। আসুন, আগামী প্রজন্মের সুখের স্বার্থে আমরা একটু সচেতন হই।
সঞ্জয় কুমার ভৌমিক
সহকারী শিক্ষক, আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল।