একটি-দুটি নয়, ৪০৯টি পরিবার দিনের পর দিন জলাবদ্ধ অবস্থায় রয়েছে। অথচ বিষয়টি নিয়ে যেন কারও মাথাব্যথা নেই। রাজধানীর ভেতরে ও ওয়াপদা কলোনির মতো জায়গায় এই শুকনা মৌসুমে জলাবদ্ধতার যে চিত্র প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা বিস্ময়কর।
যাত্রাবাড়ীর ওয়াপদা কলোনির ৪৩টি পাঁচতলা ভবনের নিচতলার এক-তৃতীয়াংশ পানির নিচে। এই ভবনগুলো পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। এই কলোনিতে রয়েছে তিনটি স্টাফ কোয়ার্টারও। সেগুলোকে ঘিরে হাঁটুপানি। স্কুল ফটকও পানির নিচে। একটি স্কুলে ক্লাস নেওয়া বন্ধ করে বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। মসজিদটিও ব্যবহার করা যাচ্ছে না, পানিতে তলিয়ে আছে খেলার মাঠ। প্রথম পাতায় প্রকাশিত ছবিটিই বলে দিচ্ছে, কী দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে সেখানকার লোকজন!
পাউবো ও পিডিবির যদি টনক বলে কিছু থাকত, তবে এত দিনে নড়া উচিত ছিল। এই জলাবদ্ধতার কারণ অজানা নয়। পাউবোর পক্ষ থেকেই বলা হয়েছে, মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণের কারণে একটি সাইট ড্রেন সাময়িক বন্ধ থাকা এবং আশপাশের উঁচু এলাকা থেকে পানি এসে জমায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেকোনো উন্নয়নকাজের সময় জনগণকে কিছু দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু সেটা যদি সাময়িক না হয়ে দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকে, তবে বিকল্প ব্যবস্থা করেই কাজ করা বাঞ্ছনীয়। কোনো সাইট ড্রেন বন্ধ করার কারণে যদি একটি এলাকা স্থায়ীভাবে জলাবদ্ধ হয়ে পড়ে, তবে সেটা বন্ধ করার আগেই পানি নামার বিকল্প পথের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল।
ওয়াপদা কলোনির জলাবদ্ধতার আরও একটি কারণ হচ্ছে কুতুবখালী খাল দখল। এই খালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাউবোর। এই কর্তৃপক্ষ যে সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, সেটা স্পষ্ট। পাউবোর এক কর্মকর্তা জানান, কুতুবখালী খাল দখলমুক্ত করার জন্য তাঁরা নাকি জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন। আমাদের প্রশ্ন, এত দিন তাঁরা কী করেছেন আর তাঁদের নিয়ন্ত্রণে থাকা খাল দখল হয় কীভাবে? এই দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার শাস্তি হওয়া প্রয়োজন।
পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পাউবো ও পিডিবি কর্তৃপক্ষের টনক আদৌ নড়ে কি না; বা ওয়াপদা কলোনিবাসীর এই দুর্ভোগ দূর করতে তারা কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।