জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে চলে আসা এই অভিশাপ থেকে ঢাকাবাসী আজও মুক্ত হতে পারেনি। সামান্য বৃষ্টিতেই ঢাকা শহরের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে জমে থাকা এসব পানি জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে পথচারী, যানবাহনে থাকা যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়। জলাবদ্ধতার কারণে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। এটি সীমাহীন দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় যানবাহনের চালক ও যাত্রীদের জন্য। জলাবদ্ধতা ব্যাপক সমস্যা সৃষ্টি করলেও এটি স্থায়ীভাবে নিরসনের জন্য এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঢাকা শহরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য প্রথমেই ঢাকা শহরের রাস্তাঘাটগুলোর সংস্কার করতে হবে। পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। এ ছাড়া খালবিল, জলাশয়গুলো অবৈধভাবে ভরাট করা যাবে না। অপরিকল্পিতভাবে নগরায়ণ বন্ধ করতে হবে।
ঢাকা শহরকে জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্ত করার জন্য অচিরেই স্বল্পমেয়াদি মাস্টারপ্ল্যান করা এবং শিগগিরই তা বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে হবে। আমাদের প্রিয় রাজধানী ঢাকা শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে অবিলম্বে নগরবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যৌথভাবে উদ্যোগী হতে হবে।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।