ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরিকেই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। এই ব্যক্তিটি বিভিন্ন সময়ে দেশের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দিয়ে অডিও বার্তা ছেড়েছেন, যদিও বাংলাদেশ সম্পর্কে তাঁর নামে প্রচারিত বার্তা এটাই প্রথম। এ ধরনের একজন বিপজ্জনক ব্যক্তির নামে বাংলাদেশে প্রতিরোধের ডাক দেওয়া এবং মুক্তিযুদ্ধকে পবিত্র ধর্মের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা খুবই উদ্বেগজনক।
সম্প্রতি আল-কায়েদাপ্রধান আল-জাওয়াহিরির যে বার্তাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তাতে বাংলাদেশে ইসলামবিরোধী ও ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাই বলা হয়নি, বাংলাদেশে রাজপথে হাজার হাজার মানুষ হত্যার কথা উল্লেখ করা হয়েছে, যা সর্বৈব মিথ্যা। এই মিথ্য প্রচারণার বিরুদ্ধে দলমত-নির্বিশেষে যখন সবাইকে এককাট্টা হওয়ার কথা, তখন সরকার ও বিরোধী দল সেই পুরোনো দোষারোপের সংস্কৃতিতেই নিজেদের বন্দী করে রেখেছে।
যেহেতু সরকার এখন পর্যন্ত নিশ্চিত নয় যে বার্তাটি আল-কায়েদাপ্রধানের কি না, সেহেতু তাদের উচিত হবে একটি বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীকে জানানো। যদি অন্য কোনো সংগঠন বা গোষ্ঠী ফায়দা লোটার অসৎ উদ্দেশ্যে আল-কায়েদাপ্রধানের নাম ব্যবহার করে এ ধরনের বার্তা প্রচার করে থাকে, তাদের মুখোশও উন্মোচন করতে হবে।
বার্তাটি আল-কায়েদাপ্রধানের হোক বা না হোক এই অপশক্তির সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন, বিশেষ করে হরকাতুল জিহাদ (হুজি) কিংবা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) যোগাযোগের বিষয়টি অতীতে জানা গেছে। এমনকি এই দুই সন্ত্রাসী সংগঠনের অনেক নেতা ও সদস্য আফগানিস্তানে সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন, সেই নজিরও আছে। সরকারি দলের নেতারা তথ্য-প্রমাণ ছাড়াই এই বার্তার সঙ্গে বিএনপি-জামায়াতের সংশ্লিষ্ট থাকার অভিযোগ এনেছেন। অন্যদিকে বিএনপির নেতারা এই বার্তাকে আমেরিকার সমর্থন আদায়ের সরকারি প্রয়াস বলে অভিহিত করেছেন। এ ধরনের একটি বিপজ্জনক ব্যক্তির ভিডিও বার্তা নিয়ে রাজনৈতিক বাহাসে লিপ্ত হওয়া কেবল দুর্ভাগ্যজনক নয়, আত্মঘাতীও। আল-কায়েদা সংগঠনটির চরিত্র ও স্বরূপ কারও অজানা নয়। এই সংগঠনটি প্রতিপক্ষকে প্রতিরোধের নামে দেশে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং বিভিন্ন মুসলিম দেশে রাজনৈতিক আগ্রাসনের পথ প্রশস্ত করেছে। শেষ পর্যন্ত মানুষ হত্যা এবং স্থাপনা ধ্বংস ছাড়া আল-কায়েদার কোনো অর্জন নেই।
জাওয়াহিরির নামে প্রচারিত ভিডিও বার্তায় সরাসরি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার কথা বলা হয়েছে। কিসের প্রতিরোধ? বাংলাদেশের জনগণই ঠিক করবে দেশটি কীভাবে পরিচালিত হবে। বাইরে থেকে কোনো সন্ত্রাসী সংগঠনের কোনো নেতার কথায় তারা কর্ণপাত করবে না। তাই স্পর্শকাতর এই বিষয়ে রাজনৈতিক বাহাস থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের সন্ত্রাসী সংগঠন এবং তাদের অপতৎপরতা সম্পর্কে দলমত-নির্বিশেষে সবাইকে এককাট্টা হতে হবে।