জাতীয় প্রবীণ নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রবীণ নীতিমালা ঘোষিত হয়েছে। কিন্তু প্রশ্ন রয়েছে, এটি এ রকম আরও সুন্দর কিন্তু অবাস্তবায়িত নীতিগুলোর একটি হবে কি না। প্রবীণদের জন্য রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন সুবিধার কথা এই নীতিমালায় রয়েছে। তবে রাষ্ট্র ও সমাজ যদি প্রবীণবিরোধী স্বভাবের হয়, তাহলে নীতিমালা তো কাগুজে বাঘ হয়েই থাকবে।
গড় আয় বাড়ার সঙ্গে সঙ্গে গড় আয়ুও বাড়ছে বাংলাদেশে। পাশাপাশি যৌথ পরিবার ভেঙে এক দম্পতি এক পরিবারের আদর্শ জনপ্রিয় হওয়ায়ও প্রবীণদের মধ্যে নিঃসঙ্গ ও পরিবারহীন হওয়ার হার বাড়ছে। এ রকম এক বাস্তবতাতেই প্রবীণদের বাকি জীবন সুগম করায় রাষ্ট্রের উদ্যোগ প্রয়োজন হয়। এদিক থেকে প্রবীণ নীতিমালা প্রয়োজনীয়।
প্রবীণদের জন্য আলাদা নীতিমালা তখনই প্রবীণদের জীবনে স্বস্তি ও নিরাপত্তা আনে, যখন সমগ্র সমাজব্যবস্থাটাই প্রবীণদের অনুকূলে থাকে। কিন্তু সরকারি সেবার অতি নিম্নমান ও দুর্নীতির কারণে বিদ্যমান অবস্থায় প্রবীণেরা পদে পদে দুর্ভোগের শিকার হন। আবাসনের ব্যবস্থা কঠিন ও বহু মূল্যের, যাতায়াতের ব্যবস্থা কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ এবং চিকিৎসাব্যবস্থা ব্যয়বহুল ও দায়সারা থাকলে কোনো নীতিমালাই প্রবীণদের জীবনকে সহজ করবে না। আমাদের রাষ্ট্র যদি প্রবীণদের সহায়তা করতে চায়, তাহলে সবার আগে দরকার হবে প্রশাসন ও সেবা খাতকে জনবান্ধব করা। জনগণ যেখানে সুবিধা পাবেন, প্রবীণেরাও সেখানেই উপকার পাবেন। এর বাইরে বিশেষ ব্যবস্থা হিসেবে প্রবীণদের অগ্রাধিকার দেওয়ার পদক্ষেপ নেওয়া যায়।
যিনি প্রবীণ তিনি যদি একই সঙ্গে দরিদ্র ও সুবিধাবঞ্চিত হন, তাঁর দুর্ভোগের আর সীমা-পরিসীমা থাকে না। তাই প্রবীণ নীতিমালার লক্ষ্য হওয়া উচিত দরিদ্র জনসাধারণ ও উপেক্ষিত জনগোষ্ঠীর মঙ্গল সাধন করা। এ ধরনের নীতিমালা তখনই সফল হবে, যখন এর সঙ্গে সংগতিপূর্ণ চিন্তা ও পরিকল্পনা, প্রকল্প, তহবিল থাকে। দুঃখের বিষয়, বাংলাদেশের সরকার ও প্রশাসন তেমন আন্তরিক উদ্যোগ নেয়নি এবং নেওয়ার সদিচ্ছা ও সামর্থ্য তাদের আছে বলে মনে হয় না।
প্রবীণদের প্রতি বিশেষ যত্ন, তাঁদের বিচরণ ও জীবনযাপনকে সহজ করা ছাড়া আমাদের সমাজ মানবিক হতে পারবে না। এ কারণেই নীতিমালাটি যাতে নীতিকথার মালা না হয়ে কাজে রূপ পায়, সে ব্যাপারে সচেষ্ট হতে হবে।