২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর ২০১০ সালের ১ জানুয়ারি যঁাদের বয়স ১৮ বছর পূর্ণ বা বেিশ হয়েছে, তাঁদের নাম অন্তর্ভুক্তিসহ প্রথমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল। এরপর ২০১৩ সালে দ্বিতীয়বার হালনাগাদ করা হয়েছিল। এই হালনাগাদ প্রক্রিয়া চলছে। কিন্তু এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব সম্পর্কে অনেক সাধারণ মানুষের পূর্ণাঙ্গ ধারণা নেই। অনেকের ধারণা, এটা শুধু ভোট দেওয়ার জন্যই প্রয়োজন হয়। আর এ জন্য, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষেরা ভোটার হওয়ার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেন না।
ভোটার আইডি কার্ড হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত পরিচয়। সেই সঙ্গে নাগরিকত্ব প্রকাশ করে। এই জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক ভর্তি থেকে শুরু করে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট করা ইত্যাদিসহ জীবনের প্রতিটি পর্যায়ে কাজে লাগে। দ্বিতীয়বার ভোটার হওয়া যাবে না। স্থানান্তরের ব্যাপারে কিংবা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
পত্রিকায় প্রকাশ, জনগণের সুবিধার্থে এখন থেকে সব ভোটারের জাতীয় পরিচিতি ও ভোটার নম্বরসহ বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভোটাররা রেজিস্ট্রেশন করে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ তথ্য ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এমন হলে ভোটারদের ভোগান্তি অনেক কমে যাবে; বিশেষ করে যঁারা ভোটার আইডি কার্ড হারিয়েছেন কিংবা হারাতে পারেন। এ ছাড়া আর কোনো ধরনের হয়রানি তাঁদের হতে হবে না।
১৭ জুন ২০১৪ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘ভোটার তথ্যভান্ডারের চাবি ইসির হাতে নেই’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়; যা খুবই উদ্বেগজনক। কর্তৃপক্ষের উচিত বিষয়টির দিকে সুনজর দেওয়া।
সঞ্জয় কুমার ভৌমিক
বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।