জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত ১৯৯২ সালে জাতীয় সংসদে পাস করা আইনের মাধ্যমে ব্যাপক প্রত্যাশা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হলেও তা বর্তমানে প্রায় দুরাশায় পরিণত হয়েছে। ঢাকার অদূরে বর্তমান গাজীপুর জেলার মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এটির সদর দপ্তর ছাড়াও প্রতিটি বিভাগে একটি করে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এর কর্মকাণ্ড পরিচালিত হয়। সারা দেশের দুই সহস্রাধিক কলেজ/প্রতিষ্ঠানের দশ লক্ষাধিক শিক্ষার্থী বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বিশ্ববিদ্যালয়টি পরিচালনার ক্ষেত্রে অদক্ষতা, অবহেলা আর দুর্নীতির কারণে এর আওতাধীন শিক্ষার্থীদের শিক্ষাজীবন অসহনীয় সেশনজটের কবলে পড়েছে। অথচ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রণমুক্ত করে সারা দেশের সব ডিগ্রি কলেজ/প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, গতিশীলকরণ এবং সেশনজটের অভিশাপ থেকে মুক্ত রাখতে অবদান রাখার প্রত্যাশায় জাতীয় বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছিল। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি।

শুধু তা-ই নয়, বিভিন্ন সময়ে নিয়োগ-বাণিজ্যসহ নানাবিধ অনিয়ম ও অপকর্মের কারণে গণমাধ্যমের শিরোনাম হতে দেখা গেছে। এমনকি আদালতে মামলাও হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের আশা পূরণ করতে পারেনি জাতীয় বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বাস্তব নানা কারণে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও পড়াশোনা করা সম্ভব না হওয়ায় ডিগ্রি পর্যায়ে সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানসমূহে ভর্তি হতে বাধ্য হন। অথচ অসহনীয় সেশনজটের কারণে এসব শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা বর্তমানে ক্ষুব্ধ ও হতাশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ‘গুরুতর পর্যায়ে’ পৌঁছেছে এবং এর নিরসনে ব্যবস্থার উদ্যোগ দৃশ্যমান নয় বলে খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিমত।

সুতরাং প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড ভালোভাবে পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। সে জন্য চাই বিচক্ষণ নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত এবং তা বস্তবায়নে দৃঢ় পদক্ষেপ।  লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন সচল রাখতে সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দেশের বেশির ভাগ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে থাকে।

শহীদুল আযম

উত্তর টোলারবাগ, মিরপুর, ঢাকা।