জন্মলগ্ন থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেকে একটি ভোগান্তি সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসেবে তার পরিচয় নিশ্চিত করেছে। যেখানে অনার্স-মাস্টার্স শেষ করতে সাত বছর লেগে যায়। সেই সঙ্গে শেষ হয় সরকারি চাকরির বয়স। সেখানে এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে যুক্ত হয়েছে বিএড (ব্যাচেলর অব এডুকেশন) প্রোগ্রাম নিয়ে আরেক ভোগান্তি।
সারা দেশের সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে বিএড প্রোগ্রাম শুরু হয় জানুয়ারি মাসে এবং শেষ হয় ডিসেম্বর মাসে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু এবং ফলাফল দেওয়া নিয়ে ছেলেখেলা শুরু করে। যার ভুক্তভোগীদের আমি একজন।
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বিএড পরীক্ষা দিই ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে। কলেজগুলো পরীক্ষা শেষে কোর্স কমপ্লিট প্রত্যয়নপত্র দিয়ে তাদের কাজ শেষ করে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় আজ পাঁচ মাস শেষ হলেও ফলাফল দিচ্ছে না। এমতাবস্থায় আমি একটি বিদ্যালয়ে মেধাতালিকায় উত্তীর্ণ হয়েও বেতন করাতে পারছি না বিএডের ফলাফলের জন্য।
আমার মতো সারা দেশের অসংখ্য বিএড শিক্ষার্থী একই সমস্যাই ভুগছেন। তাই আমার প্রশ্ন, বিএড ২০১৩-এর ফলাফল নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টনক নড়বে কি? এ কুম্ভকর্ণের ঘুম কি আদৌ ভাঙবে না।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চে পরীক্ষা দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল দুই মাস আগেই হয়ে গেছে। এমতাবস্থায় চাকরি নামক সোনার হরিণের দেখা পেয়েও কি আমি শেষ পর্যন্ত চাকরিটি হারাব? এই শঙ্কা আমাকে তাড়া করে ফিরছে রাতদিন।
জিনাত রেহেনা
বিএড ২০১৩ সালের শিক্ষার্থীদের পক্ষে
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা।