
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক যুদ্ধ শুরু হয়নি, কিন্তু একটা প্রচারণাযুদ্ধ চলছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল দেশটির বেতার-টেলিভিশন সম্প্রচার কাউন্সিলের প্রতি অনুরোধ জানিয়েছিল রাশিয়ার পাঁচটি স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে। কারণ, ওই টিভি চ্যানেলগুলো নাকি ইউক্রেনের নতুন সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে ও ঘৃণা ছড়াচ্ছে; ফলে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বাড়ছে। এই যুক্তি মেনে নিয়ে ইউক্রেনের বেতার-টেলিভিশন সম্প্রচার কাউন্সিল রাশিয়ার পাঁচটি প্রধান টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
প্রবল রাশিয়ার বিরুদ্ধে দুর্বল ইউক্রেনের এই সামান্য পদক্ষেপের প্রতিক্রিয়া কিন্তু সামান্য নয়। ইউক্রেনের প্রায় ৬০ শতাংশ মানুষের দৈনন্দিন ব্যবহারের ভাষা রুশ। রুশ ভাষায় প্রচারিত রাশিয়ার টিভি চ্যানেলগুলো তারা পকেটের পয়সা খরচ করে দেখে। তাদের জন্য সেগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়ার অর্থ শুধু রাশিয়ার ‘মিথ্যা প্রচারণা’ ও ‘ঘৃণা-বিদ্বেষ’ ছড়ানোর পথ বন্ধ করা নয়, তাদের ভাষা-সংস্কৃতিগত আবেগে আঘাতও করা বটে।
ইউক্রেনের এই পদক্ষেপের কোনো প্রতিক্রিয়া ক্রেমলিন জানিয়েছে কি না, সে খবর এখনো পাওয়া যায়নি। তবে রুশ ওয়েবসাইট আরটি ডট কমে যেদিন এ খবর প্রকাশিত হয়েছে, সেদিনই রুশ দৈনিক প্রাভদা লিখেছে, ভিক্তর ইয়ানুকোভিচ বলেছেন ‘অশুভ শক্তি’ ইউক্রেনে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছে। এটা নতুন কথা নয়। শুধু ইয়ানুকোভিচের কথাও নয়। ইউক্রেনে জাতি-গোষ্ঠীগত হিংসা-হানাহানির আশঙ্কা যে বাড়ছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার আলামত বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছে। প্রধান দ্বন্দ্ব, যা ঘৃণা-বিদ্বেষের রূপ নিয়ে ক্রমেই তীব্রতর হচ্ছে, তা রুশ ও ইউক্রেনীয় ভাষাভাষীদের মধ্যে। দ্বন্দ্বটা প্রথমে সীমাবদ্ধ ছিল রাষ্ট্রীয় বা রাজনৈতিক পর্যায়ে। উভয় দেশের রাজনীতিকদের তৎপরতায় এখন তা ছড়িয়ে পড়ছে সামাজিক পর্যায়েও। ইয়ানুকোভিচ ছিলেন পুতিনের পুতুল প্রেসিডেন্ট, তাঁরা দ্বৈতকণ্ঠে অভিযোগ করে আসছেন, ইউক্রেনে উগ্র ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে। সেই শক্তি ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীর মানবাধিকার হরণ করছে। পুতিন বলেছেন, ইউক্রেনের ক্রিমিয়ায় তিনি সৈন্যবাহিনী পাঠিয়েছেন মানবতাবাদী মিশনের অংশ হিসেবে, সেখানকার রুশিদের নিরাপত্তা নিশ্চিত করতে। ক্রিমিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ রুশ; তারা ইউক্রেন থেকে বেরিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইউক্রেনের পূর্বাঞ্চলসহ আরও অনেক এলাকায় প্রচুর রুশভাষী মানুষ রয়ে গেছে। পুতিনের মনোভাব এমন যে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাশিয়াকে। তাই সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন হলে তিনি তা করবেন।
রাশিয়ার তুলনায় ইউক্রেন নিতান্তই ক্ষুদ্র, দুর্বল ও দরিদ্র দেশ। ইউক্রেনীয় সামরিক বাহিনীর সদস্যরা নিয়মিত বেতন পান না, তাঁদের সামরিক বাজেটে বরাদ্দ টাকাপয়সাও নাকি তছরুপ হয়ে গেছে। রাশিয়ার সঙ্গে তাঁরা যুদ্ধে লিপ্ত হওয়ার কথা কল্পনাও করতে পারেন না। রুশ সৈন্যরা ক্রিমিয়ায় ঢুকে ইউক্রেনীয় সৈন্যদের নিরস্ত্র করেছেন শুধু মুখের কথায়। কিন্তু কিয়েভের রাস্তায় এমন মানুষের কণ্ঠও শোনা যাচ্ছে, যাঁরা পিতৃভূমি ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। ইউক্রেনীয় জনসাধারণের এই মানসিক পটভূমিতে জাতীয়তাবাদী আবেগের উগ্র প্রকাশের খবরও বিক্ষিপ্তভাবে পাওয়া যাচ্ছে। ইউক্রেনের দ্বিতীয় সরকারি ভাষা রুশ। এখন এটা বাতিল করার দাবি উঠেছে। একটি রেস্টুরেন্টের দরজায় ইংরেজিতে ‘নো রাশান’ লেখা প্ল্যাকার্ডের ছবি দেখা গেল একটি ওয়েবসাইটে। ক্রিমিয়া এখন কার্যত রুশিদের নিয়ন্ত্রণে, তার পরও সিমফেরাপোলের রাস্তায় প্রকাশ্য দিনের বেলা রুশপন্থী ও রুশবিরোধী লোকদের মধ্যে সংঘর্ষের খবর বেরিয়েছে পশ্চিমা সংবাদমাধ্যমে।
ইউক্রেনের সঙ্গে আগ্রাসী আচরণের কারণে রাশিয়াকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সব দিক থেকে একঘরে করার হুমকি দিচ্ছে, প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট পুতিনকে কঠিন শাস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বিপন্ন ইউক্রেনকে সামরিক বাদে সব ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু কোনো কিছুতেই ইউক্রেনের সমস্যার আশু সমাধানের সম্ভাবনা নেই। কারণ, সমস্যাটা অত্যন্ত গভীর এবং শুধুই ইউক্রেনের সমস্যা নয়। বরং ভূরাজনৈতিক ও সামরিক কৌশলগত দিক থেকে এটা প্রধানত রাশিয়ার সমস্যা। ইউক্রেন বা ক্রিমিয়া রাশিয়ার কাছে কিউবা বা সিরিয়ার মতো দূরবর্তী কোনো ভূখণ্ড নয়। তাই পশ্চিমের পর্যবেক্ষকদের অধিকাংশই প্রায়-নিশ্চিত সুরে বলছেন, সামরিক বলপ্রয়োগ ছাড়া রাশিয়াকে ইউক্রেন-ক্রিমিয়া থেকে সরানো যাবে না।
ইউক্রেনের জন্য এ সমস্যা অত্যন্ত জটিল। রাশিয়ার প্রবল প্রভাববলয়ের মধ্যে থেকে ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চিন্তাটাই সমস্যাপূর্ণ। রাশিয়া এটা হতে দেবে না, কোনো আন্তর্জাতিক রীতিনীতি, ন্যায়-অন্যায়বোধ—কিছুই কাজে আসবে না। স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অভ্যুদয়ের ঘটনাটি ছিল আকস্মিক। মিখাইল গর্বাচেভের হাতে পিরিস্ত্রোইকা-গ্লাসনস্ত শুরু হওয়ার মাত্র ছয় বছরের মধ্যেই যে সোভিয়েত ইউনিয়ন নামের বিশাল সাম্রাজ্যটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তা কারও জানা ছিল না। ইউক্রেনের মানুষও কখনো ভাবেনি যে তারা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হবে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়া, ইউক্রেনসহ ১৫টি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম হলো, তখন কিয়েভের শাসকদের রাষ্ট্র নিয়ে কোনো দূরদৃষ্টি ছিল না। বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্রসম্ভারসহ বিশাল-বিপুল সামরিক প্রতিষ্ঠানের সিংহভাগের উত্তরসূরি হিসেবে নতুন রুশ ফেডারেশনের পাশে ক্ষুদ্র ইউক্রেনের বসবাস কেমন হবে, পরিবর্তিত অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ব্যবস্থায় পশ্চিমের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়গুলো কীভাবে বিকশিত হতে পারে—এসব বিষয়ে ইউক্রেনের রাজনীতিকদের তেমন চিন্তাভাবনা ছিল বলে মনে হয় না। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে স্নায়ুযুদ্ধের অবসানের সময় পশ্চিমের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের পটভূমিতে মোটেও পরিষ্কার ছিল না দেড়-দুই দশক পরে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের সঙ্গে রাশিয়ার ভূরাজনৈতিক সম্পর্ক কেমন হতে পারে।
আজ ইউক্রেনের সামরিক বাহিনী ও অস্ত্রসম্ভারের এমন দীনদশা যে রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতের কথা তারা চিন্তাও করতে পারে না। কিন্তু ১৯৯১ সালে ইউক্রেন যখন স্বাধীন হয়, তখন তার ছিল এক হাজার ৯০০টি স্ট্র্যাটেজিক পারমাণবিক ওয়ারহেড। এই সংখ্যা যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন—এই তিন দেশের মোট পারমাণবিক ওয়ারহেডের যোগফলের থেকেও বেশি। তখন ইউক্রেনের আরও ছিল এসএস-১৯ পারমাণবিক ওয়ারহেড বহনক্ষম ১৩০টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল; প্রতিটি মিসাইল ছয়টি করে এসএস-১৯ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারত। এ রকম একটি ওয়ারহেডের ধ্বংসক্ষমতা হিরোশিমায় বিস্ফোরিত পরমাণু বোমার ধ্বংসক্ষমতার থেকে ২০ গুণ বেশি। আরও ছিল এসএস-২৪ পারমাণবিক ওয়ারহেড বহনক্ষম ৪৬টি ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল। এগুলোর একটি মিসাইলেই নিক্ষেপ করা যায় ১০টি পারমাণবিক ওয়ারহেড। সদ্যস্বাধীন ইউক্রেন আরও পেয়েছিল ৪৪টি তু-৯৫ বিয়ার এইচ ও তু-১৬০ ব্ল্যাক জ্যাক স্ট্র্যাটেজিক বোমারু বিমান এবং সেগুলো থেকে নিক্ষেপযোগ্য কয়েক শ খে-৫৫ পরমাণু বোমা।
কিন্তু ইউক্রেনের সে সময়ের শাসকেরা সম্ভবত এই বিপুল পারমাণবিক অস্ত্রসম্ভারের মূল্য উপলব্ধি করতে পারেননি। তাঁরা হয়তো ভেবেছেন, কখনো এগুলোর কোনো প্রয়োজনই তাঁদের হবে না। অবশ্য পরমাণু অস্ত্রের মালিক রাষ্ট্র হিসেবে ইউক্রেনের স্বীকৃতি ছিল না; সোভিয়েত ইউনিয়নের এই স্বীকৃতির উত্তরাধিকার পেয়েছে রাশিয়া। আমেরিকা ও রাশিয়ার পরামর্শে ইউক্রেনকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করতে হয় এবং সে অনুযায়ী কিছু পরমাণু অস্ত্র তারা ধ্বংস করে, আর কিছু রাশিয়ার কাছে হস্তান্তর করে। আজ কিয়েভের শাসকদের সেসব কথা মনে পড়ে কি না কে জানে। সেদিন তারা যদি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করে উত্তরাধিকারসূত্রে পাওয়া সোভিয়েত পরমাণু অস্ত্রসম্ভারের অংশবিশেষ রেখে দিত, তাহলে আজ কী হতো?
এ রকম প্রশ্নের আজ আর কোনো অর্থ হয় না। সামরিক শক্তিতে রাশিয়ার তুলনায় অত্যন্ত হীনবল ইউক্রেনের শাসকদের হাতে আজ আছে একটাই অস্ত্র: জাতীয়তাবাদী আবেগ। কিন্তু সে আবেগ কত বিপজ্জনক হয়ে উঠতে পারে, এখন সেটাই উদ্বেগের সঙ্গে লক্ষ করার বিষয়।
মশিউল আলম: সাংবাদিক।