জাদুঘরের জায়গায় যুবলীগের অবৈধ কার্যালয় ও রিকশার গ্যারেজ উচ্ছেদে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এটা পরিতাপের বিষয়, উনসত্তরের শহীদ মতিউর রহমান মল্লিক, আসাদুজ্জামান আসাদ, সার্জেন্ট জহুরুল হক ও সামছুজ্জোহার স্মৃতি সংরক্ষণে যখন দীর্ঘসূত্রতা চলছে তখন ‘উনসত্তর শহীদ আসাদ সরণির’ জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে যুবলীগের কার্যালয় ও রিকশার গ্যারেজ। তবে এ ধরনের দখলদারি কোনো অস্বাভাবিক চিত্র নয়৷ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীনদের এসব কাণ্ডকীর্তি প্রায় প্রতিকারহীনভাবে চলে আসছে৷ এটা নিশ্চিত করে যে দলীয় অঙ্গসংগঠনগুলো কোথায়-কীভাবে অফিস পরিচালনা করবে সে বিষয়ে দলগুলোর নির্দিষ্ট নীতিমালা নেই৷ কোনো জবাবদিহি নেই৷ সরকারকেও বুঝতে হবে এ ক্ষেত্রে তাদের অব্যাহত ঔদাসীন্য ‘দখল-সংস্কৃতি’কে উসকে দিচ্ছে৷
সিটি করপোরেশন চলতি বছরের গোড়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে জাদুঘর-সংলগ্ন ওই এলাকার নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে৷ যুবলীগের অবৈধ কার্যালয়ের সঙ্গে তাদের এমন অপারগতার যোগসূত্র উড়িয়ে দেওয়া যায় না। ওই চিঠিতে নির্দিষ্টভাবে যদিও যুবলীগের কথা বলা হয়নি। এটা পীড়াদায়ক যে ঢাকা মহানগর দক্ষিণ ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ ঢাকা মেডিকেল ইউনিটের নামে প্রায় এক কাঠা জমি দখল করে একটি পাকা ঘরও নির্মাণ করেছে। এখন এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাঁর মন্ত্রণালয় যদি নীরবতা পালন করে তাহলে তা হবে প্রশ্রয় দেওয়ার শামিল৷ স্থানীয় দোকানদারদের মতে, এই কার্যালয়ে তাঁরা কেবল রাতে কিছু নেতা-কর্মীকে যাওয়া-আসা করতে দেখেছেন। দিনে এটি বন্ধ থাকে। ক্ষমতাসীন দলের বোধোদয় হওয়া দরকার, দলের অভ্যন্তরীণ গণতন্ত্র তথা দলীয় শৃঙ্খলা রক্ষায় বহু ক্ষেত্রেই যে ঘোরতর অমাবস্যা চলছে ঢাকা মেডিকেল হাসপাতাল এলাকার ওই দখল তারই উপসর্গমাত্র৷ ক্ষমতাসীন দলের আশ্রয়ে বা তাদের নাম ভাঙিয়ে দখলদারির যে জয়জয়কার দেশে চলছে তা থেকে এ ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখা চলে না৷ এটা মুখ্যত মূল দলকেই রুখতে হবে৷