
পাঠকের বুঝতে অসুবিধা হবে না শিরোনামটি একটি বাংলা দৈনিক থেকে ধারা করা। আর খবরের প্রসঙ্গটি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। সে দৈনিকে একই দিনে পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম ছিল ‘জাপাকে হারানোর ভয় আওয়ামী লীগের’। এটা অবশ্য দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে লিখিত একটি প্রতিবেদনের শিরোনাম।
মূল শিরোনামটি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি প্রতিবেদন হলেও গোটা দেশের পরিপ্রেক্ষিতেই এটা প্রযোজ্য বললে ভুল হবে না। প্রধান দুটো রাজনৈতিক দল নিজেদের ক্ষমতার বলয় টিকিয়ে রাখতে বা জোরদার করতে বেশ কিছু ক্ষেত্রেই ক্রমান্বয়ে জাতীয় পার্টি ও হেফাজতে ইসলামের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, এমনটা বলাও অসংগত হবে না।
জাতীয় পার্টি সংক্ষেপে জাপা এরশাদের নেতৃত্বে পরিচালিত। তিনটি রাজনৈতিক জোটের জোরদার আন্দোলনে ১৯৯০-এর ডিসেম্বরে তাঁকে রাষ্ট্রপতির পদ ছেড়ে দিতে হয়। তারা তাঁকে আখ্যায়িত করে স্বৈরশাসক হিসেবে। অতীত বিশ্লেষণ করলে দেখা যাবে, ১৯৮২ সালে একটি নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে এই সেনাশাসক রাষ্ট্রক্ষমতা দখল করেন। সে সরকার ভালো কি মন্দ ছিল, তা তাঁর বিবেচনার বিষয় ছিল না। তবে তিনি অযাচিতভাবে তা-ই করলেন। একপর্যায়ে বেসামরিক চরিত্র ধারণ করে কিছু রূপান্তরের পর গঠন করেন জাতীয় পার্টি। তাঁর শাসনামলে নির্বাচনব্যবস্থায় বড় ধরনের পচন ধরে। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে (রাজনৈতিক ও সামরিক-বেসামরিক আমলা সব ক্ষেত্রেই প্রযোজ্য) দুর্নীতির ব্যাপক প্রসার ঘটে সে সময়টিতে। উল্লেখ্য, দুর্নীতির দায়ে তখনকার রাষ্ট্রপতি পরবর্তীকালে দণ্ডিত হয়ে সাজা ভোগ করেন। অসাংবিধানিক প্রক্রিয়ায় এ ধরনের ক্ষমতা দখল বেআইনি ও বিচারের আওতায় আসে বলে আমাদের সর্বোচ্চ আদালতের মতামত রয়েছে। তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুকূল পরিবেশ পেয়ে বেআইনি ক্ষমতা দখল সম্পর্কে একজন প্রগতিশীল রাজনৈতিক নেতা একটি ফৌজদারি মামলা করেছিলেন থানায়। মামলাটি ১৯ বছর ঝুলেছিল তদন্ত পর্যায়ে। বর্তমান সরকারের সূচনালগ্নে ২০০৯ সালে পুলিশ ‘প্রমাণাভাবে!’ মামলার চূড়ান্ত রিপোর্ট দিলে আদালত থেকে নিষ্কৃতি পান স্বৈরশাসক এরশাদ। আর মামলার বাদী এখনকার সরকারের মন্ত্রী।
এটা স্বীকার করতে হবে যে ১৯৯০-এ গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলেও কিছুসংখ্যক অনুসারী ও সমর্থককে তিনি ধরে রাখতে পেরেছেন। এর পেছনেও রয়েছে পূর্বে সঞ্চিত বিপুল বিত্তের ভূমিকা। তদুপরি তিনি জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তাঁর অবস্থানের পালে হাওয়া লাগার ব্যবস্থাও ভালোই করতে পারেন। তাই যাঁরা তাঁকে স্বৈরাচার বলে জেলে পুরেছেন, তাঁরাই ভোটের জন্য জামাই আদরে তাঁকে সঙ্গে রাখতে কিংবা ভাগিয়ে নিয়ে যেতে চান। তাঁর পরবর্তী সরকারগুলো নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক-প্রক্রিয়ায় ক্ষমতা গ্রহণ করলেও শ্রেণী চরিত্রে অবস্থান ভিন্ন নয়। দুর্নীতির যে বৃক্ষ তিনি রোপণ করে গেছেন, এখনকার প্রধান দুটো দল যখনই ক্ষমতায় থাকে, তাকে সযত্নে লালন করে। তিনিও সময় ও সুযোগ বুঝে একেকবার একেক দিকে ঝুঁকে থাকেন। এই সাবেক স্বৈরাচার নিজেকে ভোটের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে
সফল হয়েছেন।
এটা ঠিক, ভোটের রাজনীতিতে ভালো আর মন্দ সবারই একটি করেই ভোট। গণতন্ত্রের এ দুর্বলতাটি সম্পর্কে সবাই সচেতন। শুধু সচেতন বলে মনে হয় না জাতীয় নেতাদের। তাঁরা নিজেদের সংকীর্ণ স্বার্থে একসময়কার প্রবল বৈরী কাউকে কাছে টেনে নেন অবলীলায়। বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে এরশাদ রাষ্ট্রক্ষমতা নেন। এমনকি তাঁর বিরুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও তাঁদের কেউ কেউ করেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে তাঁকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করে একটানা পাঁচ বছর কারাগারে রাখে। তারাই ২০০১-এর নির্বাচনের আগে তাঁর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছে যায়। আর এখন সে চেষ্টা আবার জোরদার হয়েছে বলে জানা যায়। তেমনি এ দেশে স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে যে দলটি নেতৃত্ব দিয়েছে, সে আওয়ামী লীগও আজ একই পথের পথিক। ১৯৯০-এর আগে বিএনপিসহ সব দল যুগপৎভাবে এরশাদকে স্বৈরাচার বলে আখ্যায়িত করে নিরলস আন্দোলন চালায়। ১৯৯৬-এ সে দলটি ২১ বছর পর ক্ষমতায় এসেই তাঁর কারামুক্তির পথ প্রশস্ত করে। আবার মতান্তর ঘটলে ভাঙনও ধরানো হয় তাঁর জাতীয় পার্টিতে। ২০০৬-এ আওয়ামী লীগ আবার দলটিকে মহাজোটে টেনে নেয়। এখনো তারা সরকারের শরিক। তবে নানা সমীকরণ চলছে। মহাজোটে এরশাদকে ধরে রাখতে আওয়ামী লীগ সতত প্রচেষ্টায় রয়েছে। উভয় প্রধান দলের রাজনৈতিক সুবিধাবাদের নগ্ন প্রকাশ আমাদের জাতীয় মর্যাদাকে যে খাটো করছে, তা নির্দ্বিধায় বলা যায়।
এবার আসা যাক হেফাজতে ইসলাম প্রসঙ্গে। এটা কওমি মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক একটি সংগঠন রূপেই পরিচিত। তারা যে ১৩ দফা দাবিনামা তুলে ধরেছে, তা বিবেচনায় নিতে সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে লংমার্চ ও পরে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে। উল্লেখ্য, এই ১৩ দফা দাবি কয়েকজন আলেম ওলামা ও তাঁদের নেতা-কর্মীদের ওপর হয়রানি বন্ধসংক্রান্ত। এগুলো মূলত প্রশাসনিক। দাবি আসতেই পারে। আর ন্যায়নীতি ও আইনের আলোকে এগুলো নিষ্পত্তি করার আবশ্যকতাও রয়েছে। তবে কতিপয় দাবি মৌলিক এবং আমাদের সংবিধান, প্রচলিত আইন ও স্বাধীনতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। যেমন ব্লাসফেমি আইন করে দোষীদের মৃত্যুদণ্ডের বিধান, নারী-পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করে তাদের সব কার্যক্রম বন্ধ করা ইত্যাদি। নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দাবি তারা করতেই পারে। তবে এসব দাবি আদায়ের জন্য হিংসাত্মক কার্যক্রম গ্রহণযোগ্য হতে পারে না। তাদের ঢাকা অবরোধের কর্মসূচির দিন ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। ধারণা করা হয়, এ অবরোধের সুযোগ নিয়ে অন্য কোনো কুচক্রী মহল এগুলো ঘটিয়েছে। তবে কর্মসূচিটি যেহেতু তাদের, এর দায়িত্ব মূলত তাদের ওপর আসবেই। শাপলা চত্বরে তাদের অবস্থান ভেঙে দেওয়ার বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা আছে। কথা আছে হতাহতের সংখ্যা নিয়েও। হতাহত হয়েছে সমাবেশে অংশগ্রহণকারীসহ আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও। এ ধরনের মৃত্যু অযাচিত ও দুঃখজনক। সরকার এ বিষয়ে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করলে বিভিন্ন ধরনের কথা প্রচারের সুযোগ থাকে না।
এখানে একটি বিষয় উল্লেখ করা প্রাসঙ্গিক হবে যে উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল সুফি দরবেশদের মাধ্যমে। তাঁরা চিন্তাচেতনা ও কার্যক্রমে ছিলেন উদার ও অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল। বিশ্বাস করা হয়, তাঁদের চরিত্রের এ দিকটিই ভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপকভাবে ইসলাম ধর্ম গ্রহণে আকৃষ্ট করতে মূল ভূমিকা রাখে।
বিবেচ্য হচ্ছে হেফাজতের কার্যক্রমের প্রতি বিএনপি ও জাতীয় পার্টি সরাসরি সমর্থন ও সহযোগিতা দিয়েছে। কিন্তু তাদের কর্মসূচির বিষয়ে উভয় দলই নীরব। তারা ক্ষমতায় গেলে এসব মৌলিক দাবি বাস্তবায়ন করবে কি না, তা কেউ বলছে না। কিন্তু সহানুভূতি প্রকাশ করে ভোটের রাজনীতিতে তাদের টেনে আনা হচ্ছে। পক্ষান্তরে স্বাধীনতার চেতনা ধারণ করার দাবিদার আওয়ামী লীগও হেফাজতে ইসলামের আন্দোলন প্রসঙ্গে একেক সময়ে একেক অবস্থান নিয়েছে। কখনো সমঝোতা, কখনো আলোচনা কিংবা কখনো কঠোর হাতে দমন করতে সরকারি ভূমিকা দেখা গেছে। রাষ্ট্র পরিচালনায় হয়তো বা এর আবশ্যকতাও আছে। তবে এর কর্মসূচিগুলোর প্রতি কোনো সমর্থন দলটি বা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। অবশ্য ইসলাম ও মহানবী (সা.)-কে অবমাননাসূচক মন্তব্য যারা ব্লগে লিখেছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সরকার চালু করেছে। আর অপর মৌলিক দাবিগুলো গ্রহণযোগ্য নয়, এমনটাই তাদের পক্ষ থেকে বলা হয়।
আর আজ? ভোটের রাজনীতির গরজে আওয়ামী লীগও তাদের টানছে। হেফাজত তাদের সঙ্গে আছে, এটা গত চার সিটি করপোরেশনের নির্বাচনে বলা হতো। এখনো গাজীপুর নিয়ে তা-ই বলা হচ্ছে। আর বলা হচ্ছে, অপর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে অনেকটা প্রতিযোগিতা করেই। ভেবে বিস্মিত হতে হয়, একটি সংগঠনের কিছু মৌলিক দাবি থাকলেও সেগুলো সম্পর্কে নীরব থেকে ভোটের রাজনীতির জন্য তাদের কাছে টানতে চাইছে প্রধান দুটো রাজনৈতিক দলই। এটা মূলত সংগঠনটির সরলমনা ব্যক্তিদের প্রতি সুবিধাবাদী আচরণ। যারা তাদের কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে এবং ভোট নিতে চাইছে; তারা রাষ্ট্রক্ষমতায় গেলে এসব মৌলিক দাবি মেনে নেওয়া হবে কি না, তাদের কাছে এটা জানতে চাওয়া অসংগত হবে না। এ
ব্যাপারে নীরব থেকে শুধু সমর্থন দেওয়া-নেওয়াকে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে আখ্যায়িত করা যায়। তবে জাতীয় পার্টির মতো এরাও আজ ভোটের ফলাফলের অন্যতম নির্ণায়ক হয়ে উঠেছে।
আমাদের জাতীয় রাজনীতি আজ বন্ধ্যা। প্রধান দলগুলো এক ব্যক্তির নির্দেশনায় কাজ করে। তাদের দলীয় কার্যক্রমে গণতন্ত্রের বিন্দুমাত্র চর্চা নেই। তারাই আবার নীতি-নৈতিকতা সব বিসর্জন দিয়ে ভোটের রাজনীতির জন্য কাছে টানছে, তাদের ভাষাতেই পতিত একজন শাসক ও তাঁর দলকে। কাছে টানছে একটি ধর্মীয় সংগঠনকে তাদের কর্মসূচির প্রতি সম্পূর্ণ নীরবতা বজায় রেখে। তাহলে কি ন্যূনতম নৈতিকতাও রাজনীতিতে থাকবে না? এমনটা কিন্তু হওয়ার কথা নয়। শুধু ক্ষমতা দখল বা টিকে থাকার জন্য যে রাজনীতি, তা আর যা-ই হোক দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।