জামদানি আমাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সব দেশেই নিজস্ব প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে ওই ভূখণ্ডের মানুষের শিল্প-রুচি ও সংস্কৃতির ওপর ভিত্তি করে তার পোশাক, খাদ্য ও আসবাব তৈরি হয়৷ পরবর্তীকালে সেই পণ্য অন্যান্য দেশের কারিগরেরা তৈরি করলেও তার মালিকানা স্বত্ব প্রথম দেশটির কাছেই থেকে যায়৷ এ বিবেচনায় জামদানি বাংলাদেশের নিজস্ব বা পেটেন্ট পণ্য৷ মোগল আমলে ঢাকায় যে মসলিন তৈরি হতো, জামদানি তারই নবায়িত রূপ৷ রবীন্দ্রনাথ ‘বঁাশি’ কবিতায় ‘পরণে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর’ বলে যে চিত্র এঁকেছিলেন, তাতেও ঢাকার নিজস্ব এ পণ্যের পরিচয় পাওয়া যায়৷
এখন আমাদের সেই ঢাকাই জামদানির স্বত্ব বা পেটেন্ট যদি অন্য কোনো দেশ দাবি করে, সেটি এ দেশের মানুষ মানবে কেন? আর সেই না-মানার কথাটিই জোরালো কণ্ঠে জানিয়ে দিল বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ সংবাদ সম্মেলন করে৷
উল্লেখ্য, যেকোনো দেশে নিজস্ব পণ্যের স্বত্ব দাবি করতে হলে ভৌগোলিক নির্দেশক অাইন থাকতে হয়৷ বাংলাদেশ সেই আইন পাস করতেই ৪৩ বছর কাটিয়ে দিয়েছে৷ ২০১৩ সালে আইনটি সংসদে পাস করলেও এখন পর্যন্ত বিধিমালা তৈরি করা হয়নি৷ বিধিমালার অভাবে জামদানিসহ বিভিন্ন পণ্যের নিবন্ধনকাজ শুরু হতে পারছে না৷ অন্যদিকে, ১৯৯৯ সালে ভারত ভৌগোলিক নির্দেশক আইন পাস করে৷ ইতিমধ্যে তারা উপ্পাদা ও কালনা জামদানি নামে দুটি পণ্যের নিবন্ধন করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে৷ পরবর্তীকালে তারা শুধু জামদানি নামেও নিবন্ধন করতে পারে৷ তখন বাংলাদেশের কিছুই করার থাকবে না৷ অতএব, ভৌগোলিক নির্দেশক আইনটি কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে৷
জামদানির ওপর ভারতের দাবি যে অন্যায় ও অযৌক্তিক, সে কথাই সংস্থা দুটির প্রতিনিধিরা জানিয়েছেন এবং এর স্বত্ব হাতছাড়া হলে বাংলাদেশ যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, সে ব্যাপারেও তঁারা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়েছেন৷
তাঁদের এ সতর্কবার্তা সরকারের কানে পেঁৗছাবে কি না, সেটাই দেখার বিষয়৷