জামায়াতের নৃশংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা দ্ব্যর্থহীন ভাষায় আবারও জামায়াতের অব্যাহত সন্ত্রাসের নিন্দা জানাই। আদালতের রায়ের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা দেশের বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ করার শামিল। ধর্মের নামে রাজনীতি করে তারা এখন চালকদের গায়ে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারতেও দ্বিধান্বিত নয়। নোয়াখালীর নজরুল, বগুড়ার শামসুল ও শরীয়তপুরের সিকান্দার—এই তিনজনই খেটে খাওয়া মানুষ। এই তিনজন জামায়াতের নৃশংসতার শিকার হয়েছেন বটে, তবে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায়টি সরকারকেই নিতে হবে।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, নির্বাচন সামনে রেখে সরকারি দল নানা কৌশল নিতে ব্যস্ত রয়েছে। তাদের মুখে জামায়াতবিরোধী স্লোগান, তাদের বিরুদ্ধে নানা কিসিমের হম্বিতম্বি। কিন্তু জামায়াতের দুর্বৃত্তপনা দমনে আইন অনুযায়ী যথোচিত ব্যবস্থা গ্রহণ থেকে কার্যত বিরত রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। যুদ্ধাপরাধী কিংবা সাম্প্রদায়িক সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে কি না, তা নিয়ে সরকারের দ্বিধা-দ্বন্দ্ব থাকতেই পারে। এ ধরনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত তারা কখন কীভাবে নেবে বা নেবে না, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। জামায়াত নিষিদ্ধ হোক আর নাই হোক, তার সঙ্গে দুর্বৃত্তদের বিচারের কোনো সম্পর্ক নেই।
গতকালও জামায়াতের কর্মীরা ক্যামেরার সামনে পুলিশ পেটানোর স্পর্ধা দেখিয়েছে। অবশ্য এ-ও ঠিক যে কথিতমতে, প্রায় ১৫ জনের জামায়াতি মিছিলটি শান্তিপূর্ণ হলে তাতে পুলিশের বাধাদান একটা উসকানি বটে। গণমাধ্যমজুড়ে আওয়ামী লীগের জামায়াতবিরোধিতা অতিশয় ঝাঁজালো ও তীব্র। অথচ তাদের দ্বারা সংঘটিত ফৌজদারি অপরাধের বিরুদ্ধে আইনানুযায়ী কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তথ্যমন্ত্রী গতকাল আবারও জামায়াত নিষিদ্ধের কথা বলেছেন। কিন্তু তাতে চিড়ে ভিজবে না। আমরা তিন চালকের ঘাতকদের গ্রেপ্তার, তাদের দ্রুত বিচারের মুখোমুখি দেখতে চাই। নিহত চালকদের পরিবারগুলো যেন ক্ষতিপূরণ পায়, তা অবিলম্বে নিশ্চিত করতে হবে।