রায় মেনে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালানো আর রাজপথে লাশ ফেলার রাজনীতি নতুন করে শুরু করল জামায়াতে ইসলামী। হরতাল ডেকেই তারা সন্ত্রাস শুরু করে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। একই সঙ্গে নিন্দা জানাই বিএনপির উচ্চপর্যায়ের নেতৃত্বকে, যাঁরা দৃশ্যত তাদের কর্মকাণ্ডকে সমর্থন করে আশকারা দিচ্ছেন।
গতকাল হাটহাজারীতে কথিতমতে, পিকেটারের গুলি পুলিশের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। নোয়াখালীতে পিকেটারের ছোড়া ইটের আঘাতে সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। সীতাকুণ্ডে শিবির-পুলিশ সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। সুপ্রিম কোর্ট রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভের অন্যতম। জামায়াত প্রতিটি রায়ের পর যেভাবে পদ্ধতিগতভাবে সহিংস হরতাল ডাকছে এবং রাষ্ট্রের স্থাপনা ও সহায়-সম্পদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে, তাতে এই দলকে আর কত দিন গণতান্ত্রিক শক্তি হিসেবে মেনে নেওয়া সম্ভব হবে, সেই প্রশ্ন উঁকি দিচ্ছে।
জামায়াতকে সাম্প্রতিক কালে কেবল রাজনৈতিক কর্মসূচি, যেমন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মতো কোনো দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি দিতে দেখা যায়নি। তারা যদি একটি নিয়মতান্ত্রিক সংগঠনই হবে, তাহলে জনমত গঠনে তাদের অন্য কোনো কর্মসূচি পালনে উৎসাহ দেখা যায় না কেন। ইদানীং জনমনে উদ্বেগ এতটাই গভীর হয়ে উঠেছে যে জামায়াত নেতা সংশ্লিষ্ট কোনো রায় ঘোষণা মানেই সমাজজীবনে নিরাপত্তার ঘাটতি দেখা দেওয়া। তাদের মিত্র বিএনপি আশ্চর্য নীরবতা পালন করছে।
এটা কৌতূহলের বিষয়, সাধারণত আওয়ামী লীগের নেতাদের কটাক্ষ বা যেকোনো তীব্র সমালোচনার মুখে পাল্টা রাজনৈতিক জবাব দিয়ে থাকেন বিএনপির নেতারা। কিন্তু যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে তাঁরা মুখে কুলুপ এঁটে থাকতেই পছন্দ করেন। দোসরদের ফাঁসি হওয়ায় বাকরুদ্ধ বিএনপি—আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফের এই বাক্যবাণ তাঁদের বাকমুক্ত করতে পারেনি। ‘নতুন ধারা’র রাজনীতি চালু করতে পুনরায় ক্ষমতায় যেতে আগ্রহী বিএনপি যুদ্ধাপরাধের বিচার এগিয়ে নেওয়ার প্রশ্নে তার অবস্থান স্পষ্ট করছে না। তাই নাগরিক সমাজের উচিত এ বিষয়ে বিএনপিকে তার অবস্থান স্পষ্ট করতে যথেষ্ট চাপ প্রয়োগ করা। কারণ, জামায়াতের বিরুদ্ধে যেকোনো কঠোর আইনানুগ পদক্ষেপকে বিএনপি বিরোধী দলের প্রতি নিপীড়ন হিসেবে চিহ্নিত করতে চাইবে।
সুপ্রিম কোর্টের রায় পছন্দ না হলে হরতালের মতো কর্মসূচি বাংলাদেশ যে কখনো দেখেনি তা নয়। কিন্তু জামায়াতের চলতি বিচারব্যবস্থাবিরোধী পদ্ধতিগত হরতাল-সন্ত্রাসকে রাজনৈতিকভাবে মোকাবিলার সুযোগ বেশ সীমিত বলে প্রতীয়মান হয়। এটা রাজনীতিতে এমন একটি কালো অধ্যায়ের সূচনা করেছে, যা আগে কখনো দেখা যায়নি। তারা আদালতে বলছে, রায় মানি। আর রায় ঘোষণার পরপরই আদালতের বাইরে সরকারের ও নিরীহ মানুষের সম্পদ ধ্বংস করছে। লাশের মিছিল দীর্ঘ করছে। বলা হয়ে থাকে, জামায়াতের আধ্যাত্মিক গুরু মাওলানা আবু আলা মওদুদীও জীবনের অন্তিম মুহূর্তে জামায়াতের সন্ত্রাসী রাজনীতি দেখে জামায়াত প্রতিষ্ঠা নিয়ে আফসোস করেছিলেন। বলেছিলেন, পারলে তিনি আবার নতুন করে শুরু করতেন। নতুন প্রজন্মের জামায়াতিদের উচিত নিজেদের কলঙ্কমুক্ত হওয়ার জন্য উদ্যমী হওয়া।