জামায়াত-শিবিরের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির কারণে এমনিতেই দেশে সংঘাত ও সহিংসতা অব্যাহত রয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার বিষয়টি সামনে চলে আসায় দেশজুড়ে আবার সহিংস হয়ে উঠেছে জামায়াত-শিবির। গত কয়েক দিনে তারা যেসব কাজ করেছে, তা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ছাড়া আর কিছু নয়।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার রাত থেকেই সহিংসতা সৃষ্টির জন্য মাঠে নামে জামায়াত-শিবির। দেশের ২০ জেলায় নির্বিচারে তারা এই সহিংসতা ঘটিয়েছে। এ সময় বিচারপতির বাড়ি, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, রেলপথ, যানবাহন, রাজনৈতিক দলের কার্যালয় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি—কোনো কিছুই তাদের হামলা থেকে রেহাই পায়নি। বিভিন্ন স্থানে সেতু ভেঙে ফেলা ও ভাঙার চেষ্টাও হয়েছে।

যথাযথ বিচারিক প্রক্রিয়া মেনে কাদের মোল্লার বিচার হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনে সব সুযোগ তিনি পেয়েছেন। এখন সর্বোচ্চ আদালতের রায়ের পর এ নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নেই। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ জামায়াত বা কাদের মোল্লাদের মতো নেতাদের বিরুদ্ধে উঠেছে, তাদের বর্তমান কর্মকাণ্ড সেটাকেই সমর্থন করছে। এ ধরনের নৈরাজ্য সৃষ্টি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের যেমন বাঁচানো যাবে না, তেমনি কিছু অর্জনও করা যাবে না।

জামায়াত-শিবির দেশজুড়ে যা করছে, তা স্রেফ সন্ত্রাসী তৎপরতা এবং এটা ঠেকানোর দায়িত্ব সরকারের। তারা নির্বিচারে যে মাত্রায় দেশজুড়ে সহিংসতা করে যাচ্ছে, তাতে সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও অসহায়ত্বই দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে। সরকার রাজধানীকেন্দ্রিক একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলে পুরো দেশকে যেন নিয়তির হাতে দিয়েছে। বিচ্ছিন্ন সাতক্ষীরা জেলার খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। দেশের জনগণের জানমাল ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, জামায়াত-শিবিরের এই তাণ্ডব থেকে জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে, তা গ্রহণযোগ্য নয়।