জামায়াতপ্রেমী ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিলেও পুলিশ প্রশাসনের মাঠপর্যায়ের একশ্রেণীর কর্মকর্তার সঙ্গে তাদের সখ্যের বিষয়টি এখন আর গোপন নয়। সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার অভিযানের খবর আগেই জানিয়ে দিতেন সদর থানার দুই কর্মকর্তা। এ কারণে গ্রেপ্তার করা যেত না আসামিদের।
কিন্তু বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলমের অপকর্ম এর চেয়েও গুরুতর। গত মার্চ মাসে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের পর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলার প্রধান আসামি ছিলেন জামায়াতের নেতা ও উপজেলা চেয়ারম্যান ইয়াছিন আলী। ১০ মাস আগে মামলা হলেও এখনো তিনি বহাল তবিয়তে। কারণ, ইয়াছিন আলী পাঁচ শতক জমি ওসির দুই ভাইয়ের নামে দেড় লাখ টাকায় বিক্রি করেছেন, যার বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এখনো মুঠোফোনে তিনি ‘তোমরা গাড়ি পুড়াইতে গেলা কেন?’ কিংবা ‘আমি এই অভিযান চালাইনি’ ধরনের কথাবার্তা বলে জামায়াত-শিবিরের কর্মীদের রক্ষায় সচেষ্ট।
জানা গেছে, শাজাহানপুর থানার এই ওসি দিনাজপুরের এক প্রভাবশালী সাংসদের আত্মীয় এবং সেই জোরেই তিনি জামায়াতের নেতার সঙ্গে উৎকোচ-বাণিজ্যে লিপ্ত হয়েছেন। এ রকম আত্মীয়তার জোর খাটিয়ে সীতাকুণ্ডে আওয়ামী লীগের নেতারা জামায়াতকে রক্ষায় সচেষ্ট রয়েছেন। এই হলো সরকারের সন্ত্রাস-নাশকতাবিরোধী অভিযানের হালফিল চিত্র। আর ধর্মের নামে রাজনীতি করা ব্যক্তিটিও উৎকোচ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন! অর্থাৎ সর্ষের ভেতরেই ভূত রয়েছে।
শাজাহানপুর থানার ওসির অপকীর্তি তদন্তে ইতিমধ্যে দুটি কমিটি হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার ওসির বিরুদ্ধে যে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে পারবে, সে বিষয়ে আমরা সন্দেহমুক্ত নই। কেননা, যে ব্যক্তি আওয়ামী লীগের সাংসদের নাম ভাঙিয়ে জামায়াতের নেতাকে রক্ষা করতে পারেন, তিনি যে তদন্ত কমিটিকে প্রভাবিত করতে পারবেন না, তারই বা নিশ্চয়তা কী?
সরকারের নীতিনির্ধারকেরা জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখে বুলন্দ আওয়াজ তুললেও বাস্তবে তা যে অনেকটা ফাঁকা বুলিতে পরিণত হতে চলেছে, সাতক্ষীরা, সাতকানিয়া ও শাজাহানপুরের ঘটনাই এর প্রকৃষ্ট উদাহরণ। মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকারের টনক নড়বে কবে?