হিটলারের নাৎসিবাদের মূলমন্ত্র ছিল জার্মানদের বর্ণ উন্নততর। তাই অন্যদের ওপর তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীও প্রকারান্তরে একই নীতির প্রবক্তা। বাহাত্তরের সংবিধানের ভুল ছিল ইসলামি দল হিসেবে জামায়াতসহ ইসলামের নামে সব দল নিষিদ্ধ করা। ইসলামের অপব্যাখ্যা মওদুদী ও জামায়াত দিয়েছে, এই নিবন্ধে সেটা দেখানো হবে, এতেই বুদ্ধিজীবী হত্যার নাৎসিবাদী দর্শন ফুটে উঠেছে। এই দর্শনকে আমি বলি ‘জামায়াত-ইজম’। আইন করে নির্দিষ্টভাবে এটা বেআইনি করা যেতে পারে। জামায়াতের নাম বদলালে চলবে না। নতুন নামে এলেও তাকে বা অন্য কোনো দলকেই এই ‘মতাদর্শ’ প্রচার করতে দেওয়া যাবে না।
ভেবেছিলাম, জামায়াতের নিবন্ধন মামলায় সংবিধান ও জামায়াতের গঠনতন্ত্রের মধ্যকার মিল-অমিলের চুলচেরা বিশ্লেষণ হবে। তা হয়নি। বর্তমান ইসি হলফনামা দিয়ে বলেছে, সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক। আর ইসির আইনজীবী শুনানিতে তার ওপর দাঁড়াননি। বিচারপতি ইনায়েতুর রহিম সংবিধানের সঙ্গে গঠনতন্ত্রের অসংগতির বিষয়টি সমর্থন করেছেন। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন। রাষ্ট্রধর্ম ধারণাটি যে সংবিধানের প্রস্তাবনাসহ অন্যান্য বিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়, তার একটা মৌলিক পর্যবেক্ষণ তিনি দিয়েছেন। ১৫তম সংশোধনী যে গোলমেলে তার একটি স্বীকৃতি হলো জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া এই রায়। বাংলাদেশে এখন শেখ হাসিনার খেয়ালখুশি অনুযায়ী সংবিধান ও আইনের শাসন কায়েমের অমাবস্যা চলছে।
তাই আওয়ামী লীগ রায়ের এই অংশ নিয়ে গলা ফাটায় না। জামায়াতের নিবন্ধন বাতিলের ‘অর্জন’ নিয়ে অনেকেই সন্তুষ্ট। কিন্তু এর ভিত্তি অতটা শক্ত নয়। একে হাইকোর্টের বিভক্ত রায়, তার ওপর নিজেরাই সনদ দিয়েছেন যে এর সঙ্গে সাংবিধানিক প্রশ্ন নিহিত। জামায়াত তাই অধিকারবলে আপিল বিভাগে গেছে। সুতরাং জামায়াতের গঠনতন্ত্রের মতাদর্শগত দিকের সঙ্গে সংবিধানের সংঘাতের তর্ক এখনো অনিষ্পন্ন থেকে গেছে। যুদ্ধাপরাধীদের বিচার সাঙ্গ হলে হবে না। এর একটা সুরাহা লাগবে।
মার্কিন কূটনীতিকেরা সাক্ষ্য দিচ্ছেন যে মওদুদী জামায়াতের জন্ম থেকেই সাম্প্রদায়িক, মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল এবং ইসলামের নামে নানা ব্যাখ্যা হাজির করেছেন। তবে বুদ্ধিজীবী হত্যার পেছনে জামায়াতের বদর বাহিনী গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের বিবেচনায় নিতে হবে। আর এটা আমরা আমেরিকান সরকারের নথিপত্রের সাহায্যেই অনেকটা খতিয়ে দেখতে পারি। আমরা দেখি যে পাকিস্তান সৃষ্টির পরপরই পূর্ব পাকিস্তানের মুসলমানদের লক্ষ্য করে মাওলানা মওদুদী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে নাৎসিবাদের মতোই একটি জামায়াতবাদ বা মওদুদীবাদের সূচনা করেন।
ইসলাম বা অন্য নামে বা অন্য কারণে স্বাধীনতার বিরোধিতাকারীদের থেকে এই অবস্থান জামায়াতকে আলাদা করেছে। আমি যে অর্থে নাৎসিবাদ তুলনায় ‘জামায়াতবাদ’ বোঝাতে চাইছি, সেটা কেবল তারা যুদ্ধাপরাধী সংগঠন বলে নয়; তারা ইসলামি দল বলে নয়। এটা জামায়াতবাদের শিকড় সন্ধানের একটা চেষ্টা।
জামায়াত গোড়া থেকেই নাৎসিদের মতো বর্ণবাদী অবস্থান নিয়ে বাংলা, বাঙালি, বাঙালি সংস্কৃতি, পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন-সংশ্লিষ্ট প্রতিটি ইস্যু নির্দিষ্টভাবে ইসলামের বিপরীতে দাঁড় করিয়েছে। আমরা তাদের স্বাধীনতাবিরোধী বলি। তারা বলে, পাকিস্তানের অখণ্ডতা রক্ষার অধিকার গণতান্ত্রিক। তর্কের খাতিরে এটা না হয় মানলাম। কিন্তু তারা কেন স্বায়ত্তশাসনের বিরোধিতা করেছিল?
বিরোধিতাও নাহয় গণতান্ত্রিক। কিন্তু এটা কীভাবে কোরআনবিরোধী? বঙ্গবন্ধুকে কেন তারা স্বায়ত্তশাসন চাওয়ায় মুরতাদ বলল? এটাকেই হয়তো বলা চলে নাৎসিবাদী জামায়াতবাদ।
মওদুদী স্বায়ত্তশাসন ও স্বাধীনতার আন্দোলনকে ইসলামবিরোধী, মুসলিম-হিন্দুর যৌথ নির্বাচনপদ্ধতিকে ইসলামবিরোধী এবং সর্বোপরি পদ্ধতিগতভাবে বুদ্ধিজীবী হত্যায় জড়িত হয়ে নিজকে অন্য সব ইসলামি দল বা গোষ্ঠী থেকে পৃথক করেছে। তাই রংপুরে বাংলা ভাষার দাবিতে ঘটনাচক্রে অধ্যাপক গোলাম আযমের তিন সপ্তাহ জেল খাটার একটি বিচ্ছিন্ন দাবির সঙ্গে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কোনো মিল নেই ।
গোলাম আযম তাঁর জীবনে যা দেখলাম বইয়ে মওদুদীর তারজুমানুল কোরআন পড়ে তাঁর মুগ্ধতার বিবরণ দিয়েছেন। ওবামা-কেরির পররাষ্ট্র দপ্তরের ফরেন পলিসি বোর্ডের সদস্য অধ্যাপক ভালি নসর লিখেছেন, ১৯৫১ সালের জুনে তারজুমানুল কোরআনের একজন পাঠকের প্রশ্নের জবাবে মওদুদী ফতোয়া দেন যে ভারত দারুল কুফর (ল্যান্ড অব ব্লাসফেমি)। ভারত প্রত্যাগতদের বিয়ে করা পাকিস্তানিদের জন্য হারাম। বিতর্কিত মওদুদী মাহদি ও আহমেদিঘেঁষা হিসেবেও অভিযুক্ত হয়েছিলেন।
এ জন্য তিনি ভারত ও পাকিস্তানের সব মতবাদের অনুসারী ওলামাদের সমালোচনার শিকার হন। পৃ. ১২৯। ভালি নসর আরও লিখেছেন, ১৯৭১ সালের গৃহযুদ্ধে জামায়াত তার শক্তিসামর্থ্য দিয়ে [ইয়াহিয়া] সরকারের পাশে দাঁড়ায় এবং পূর্ব পাকিস্তানের বাংলাদেশ হওয়া ঠেকাতে সংঘাতে অংশ নেয়। সমাজতন্ত্রের ধারক ভুট্টোর জনপ্রিয় হয়ে ওঠাকেও তারা ইসলামের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখে এবং সে কারণে তারা ১৯৭২-৭৪ সালে [ভুট্টো কর্তৃক] বাংলাদেশকে স্বীকৃতিদানের বিরোধিতা এবং নতুন করে আহমেদিয়া দাঙ্গা শুরু করে। পৃ. ৫৬
১৯৫৬ সালের ১৪ জুন করাচির মার্কিন দূতাবাসের (ফরেন সার্ভিস ডেসপাস নম্বর ৮৯৩) প্রথম সচিব গ্যারেট এইচ সোলেন ‘মাওলানা মওদুদী অ্যান্ড দি ইলেকটোরাল সিস্টেম অব পাকিস্তান’ শীর্ষক তারবার্তায় লেখেন, ‘পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী গোঁড়া প্রেশার গ্রুপ জাতীয় ভোট প্রদানপদ্ধতিতে ধর্মীয় পার্থক্য সৃষ্টির জন্য ব্যাপকভিত্তিক প্রচারণা শুরু করেছে।’ মনে রাখতে হবে, জামায়াত কৌশলগত কারণে নির্বাচনে অংশ নেয়। তাদের মনের গহিনে পাপ। তারা বিশ্বাস করে, অন্যান্য ধর্মের লোকদের সঙ্গে মুসলমানদের নাম ছাপা হওয়া ভোটার তালিকা দিয়ে নির্বাচন ও সংসদ গঠন করা পাপকাজ। শরিয়াবিরোধী। তাই তারা তাদের গঠনতন্ত্রে আজও পৃথক নির্বাচনপদ্ধতি রেখেছে।
মওদুদী ও জামায়াতের এই দৃষ্টিভঙ্গিই বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তাদের অবস্থান নির্দিষ্ট করেছে। এটা অখণ্ডতা রক্ষার বিষয় ছিল না। ১৯০৯ সালে মন্টেগু-চেমসফোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে মর্লি-মিন্টোর ব্যাপকভিত্তিক সাংবিধানিক সংস্কার ঘটেছিল। এর আওতায় মুসলমান ও হিন্দুদের জন্য ব্রিটিশ ভারতে পৃথক নির্বাচনপদ্ধতি চালু হয়েছিল। ব্রিটিশরা সেটা মুসলিম লীগের দাবি বিবেচনায় নিয়ে করেছিল। কিন্তু সেখানে আল কোরআন, ধর্ম ও বর্ণ একেবারেই বিবেচ্য ছিল না। মুসলমানেরা সমাজের ‘অনগ্রসর অংশ’ বিবেচনায় পৃথক নির্বাচনপদ্ধতি করা হয়েছিল।
অথচ মাওলানা মওদুদী ১৯৫৬ সালে সংবিধান প্রণয়নের সময় এই বিষয়টিকে কোরআনের আলোকে গ্রহণযোগ্যতা দিয়ে একটি ফতোয়া দেন। এবং সেটা তিনি জীবনে প্রথমবারের মতো পূর্ব পাকিস্তান সফর করেই করেছিলেন। তিনি ডন পত্রিকায় তিন কিস্তিতে নিবন্ধ লেখেন।
করাচির মার্কিন দূতাবাসের গ্যারেট সোলেন যথার্থই বলেছিলেন, ‘মওদুদীর এই প্রচারণার লক্ষ্য হচ্ছে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করা। পাকিস্তানের উভয় অংশের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যাতে হিন্দু ও মুসলমানদের জন্য আলাদা নির্বাচনপদ্ধতি সংরক্ষণ করে ন্যাশনাল অ্যাসেম্বলির কাছে সুপারিশ পাঠায়। যুক্ত পদ্ধতিতে পূর্ব পাকিস্তানের হিন্দুরা অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী থাকবে।’
দূতাবাস আরও বলেছিল, ‘জয়েন্ট ইলেকটরেট হলে তাতে বাঙালি মুসলমানদের লাভ হবে। হিন্দুরাই দুর্বল হবে। এই যুক্তিকে সবচেয়ে বড় প্রতারণা মনে করেন মওদুদী। তাঁর কথায়, জয়েন্ট ইলেকটরেট হওয়ার পরিণাম হবে হিন্দুরা যতটা না কুলিয়ে উঠবে, তার চেয়ে বেশি তাদের জন্য করে দেবে মুসলমানেরা। যারা সেক্যুলার ও বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা, তারাই কার্যকরভাবে হিন্দুদের স্বার্থ সংরক্ষণ করবে।’ আমি মনে করি, ভারত মুক্তিযুদ্ধে সাহায্য করার কারণে নয়, এই মওদুদীবাদকে পাঞ্জাবি সেনাগোষ্ঠী সর্বান্তকরণে ধারণ করেছিল।
মার্কিন কূটনীতিক গ্যারেট সোলেন এরপর লেখেন, ‘ডন-এর নিবন্ধে বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনের প্রতি মওদুদীর ভীতি ফুটে উঠেছে। যদি শুধু মুসলিম জনসংখ্যা নিয়ে পৃথক ভোটপদ্ধতি করা যায়, তাহলে সেটাই হবে বাঙালি জাতীয়তাবাদ প্রতিহত করার কার্যকর হাতিয়ার। যুক্ত নির্বাচনপদ্ধতির প্রস্তাবকে মওদুদী ইসলামের উদ্দেশ্য নষ্ট করার হাতিয়ার হিসেবে চিহ্নিত করেন।’ জামায়াতের এই ভ্রান্তির দায় অন্য কোনো ইসলামি দল নেবে না। সুতরাং এই জামায়াতবাদ বেআইনি হলে তাদের গঠনতন্ত্র থাকে না।
গ্যারেট সোলেনের নির্মোহ বিশ্লেষণ ছিল চমৎকার। তিনি বাঙালির পক্ষে এক ভবিষ্যৎ-দ্রষ্টা হয়ে উঠেছিলেন। তিনি মতাদর্শগত ভ্রান্তি দারুণভাবে চিহ্নিত করেছিলেন। তিনি তাই লেখেন, ‘মওদুদীর কথায় কেবল মুসলিম ভোটাররাই একটি আদর্শ ইসলামি রাষ্ট্র পরিচালনা করতে পারে। হিন্দুরা এর দৃশ্যপটে একেবারেই আসতে পারে না’ যারাই জয়েন্ট ইলেকটরেট চাইবে, তাদের উদ্দেশ্য হবে একটি ‘প্রকৃত ইসলামি জীবনব্যবস্থা’ প্রতিরোধে শামিল হওয়া। যুক্ত পদ্ধতির সমর্থন করা মানেই ‘মুসলিম ভণ্ড ও নাস্তিকদের নির্বাচনকে সমর্থন করা।’ গোলাম আযম, মতিউর রহমান নিজামী এই অবস্থানে আঁকড়ে ছিলেন ও আছেন। কাদের মোল্লা বা আরও কয়েকজনের ফাঁসি হলেও এটা মিটবে না। ফাঁসি হলেও এই ‘জামায়াতবাদ’ বিতর্ক থেকেই যাবে।
আগামীকাল: শেষকিস্তি
মিজানুর রহমান খান: সাংবাদিক।
[email protected]