জামায়াতের নাশকতা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সারা দেশের মানুষের যেখানে স্বস্তিবোধ করার কথা, সেখানে তারা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় আছে। সর্বত্র সন্ত্রাসী হামলার আশঙ্কা। এই আশঙ্কা দূর করার দায়িত্ব কার? সব নষ্টের মূলে বিরোধী দল—এই মুখস্থ কথা বলে সরকার আত্মপ্রসাদ লাভ করতে পারে, কিন্তু তাতে জনজীবনের উদ্বেগ বিন্দুমাত্র কমবে না। জামায়াতে ইসলামীর শক্তি, সামর্থ্য, অর্থ ও অস্ত্রের উৎসের বিষয়টি সরকারের না জানার কথা নয়।

কাদের মোল্লার মামলার প্রথম রায় ঘোষণার পর থেকেই সংগঠনটি সারা দেশে যে ব্যাপক সন্ত্রাসী ও নাশকতামূলক কর্ম চালিয়ে আসছে, তা মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি ছিল বলা যাবে না।

বৃহস্পতিবার রাতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। তাহলে শুক্রবার সকাল থেকে জামায়াত-শিবির রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি আক্রমণ চালাল কীভাবে? গণমাধ্যমের খবর অনুযায়ী, হেলমেট পরিহিত জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে
বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়েছেন এবং যানবাহনে আগুন দিয়েছেন। এই ঔদ্ধত্য তাঁরা কোথায় পেলেন?

সরকার জামায়াত-শিবিরের বিরুদ্ধে মুখে যতই রণহুংকার ছাড়ুক না কেন, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এ মুহূর্তে সরকারের প্রধান এবং প্রথম কর্তব্য হলো, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া এবং জামায়াতের সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা। নাশকতা ঘটার পর সন্ত্রাসীদের পেছনে না ছুটে আগেভাগে তাদের নীলনকশা ভন্ডুল করে দেওয়াই দক্ষ প্রশাসনের কাজ।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকার রামপুরা, কমলাপুর প্রভৃতি এলাকায় জামায়াত-শিবিরের ধ্বংসযজ্ঞের পর যে প্রশ্ন বড় হয়ে উঠেছে, তা হলো এত বড় ঘটনার খবর কেন গোয়েন্দা বিভাগ আগে টের পেল না? আর যদি পেয়ে থাকে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিল কি না? যখন দেশ জ্বলছে এবং মানুষ আগুনে দগ্ধ হচ্ছে, তখন ‘সবকিছু ঠিক আছে’—সরকারের এই মনোভাব কেবল অগ্রহণযোগ্য নয়, আত্মঘাতীও।