৬ ডিসেম্বর প্রকাশিত লুৎফা তাহেরের লেখাটি পড়লাম। তাঁর পরিবারের একজন সদস্য এবং তাঁর পরিবার আন্দোলন ও অবরোধের নামে এভাবে দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে, জীবন হুমকির মধ্যে পড়ছে—তা লুৎফা তাহেরকে উদ্বিগ্ন করবে, এটাই স্বাভাবিক।
আমি একজন গৃহিণী। ক্যাম্পাসেই আমার বাসা। উপাচার্যের বাসাও আবাসিক এলাকায়। আমি আন্দোলনের রাজনীতি বুঝি না, জানি না। কিন্তু দিনের পর দিন গোটা পরিবারকে জিম্মি করে রাখা, শুধু মেইন গেটে নয়, বাসার ভেতর গাড়ি রাখার বারান্দায় সর্বক্ষণ অবস্থান করা, নানা কটূক্তি (সংবাদপত্র থেকে জানা) ও গল্পগুজব করা, ভলিউম বাড়িয়ে টিভি দেখা ইত্যাদি বাসায় থাকা নারী-পুরুষের স্বাভাবিক চলাফেরায় কী ধরনের অসুবিধা হতে পারে, তা একজন মানুষ হিসেবে সবাই বুঝতে পারি।
পাশেই স্কুল-কলেজ। তারপর আমাদের বাসা। ছোট বাচ্চারা এসব ভালো করেই রপ্ত করে। বিশেষ করে ইদানীং সন্ধ্যার পরপরই মশাল মিছিলের নামে বিশ্রী স্লোগান দিয়ে ও বিকট আওয়াজ তুলে মাইক বাজানো হয়। তারপর চলে জ্বালাময়ী বক্তৃতা।
বক্তৃতার ভাষা প্রয়োগ বাসার ছেলেমেয়েদের বিব্রত করে। ছেলেমেয়েদের এখন বার্ষিক পরীক্ষা চলছে। আন্দোলনকারীদের উৎসাহে যুক্ত হন কতিপয় কর্মচারী এবং ছাত্র নামধারী কিছু উচ্ছৃঙ্খল মানুষ। তাঁদের মিছিলের ভাষা এত নিম্নমানের, তা যেকোনো পথচারীকে বিব্রত করে।
বেশির ভাগ সময় সন্ধ্যার পর চলে এসব আয়োজন।
খোঁজ নিয়ে জানা গেল, আশপাশের বাসার সমস্যা আরও প্রকট। তারপর বুঝতে পারি, উপাচার্য ও তাঁর পরিবার-পরিজন কী যন্ত্রণায় দিন কাটান। ৪ ডিসেম্বর শিক্ষক সমিতির সভাপতির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। আর যায় কোথায়। মূহূর্তেই উপাচার্যের বাসায় চলে তাণ্ডব। গর্জে ওঠে মাইক। আবাসিক এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। অবরুদ্ধ অসহায় উপাচার্যের পরিবারটি হয়ে ওঠে টার্গেট।
মাইকে উত্তেজনা ছড়িয়ে অনবরত বলা হয়, ‘উপাচার্যের মদদে ককটেল হামলা হয়েছে, আমাদের তিনজন লোক আহত হয়েছেন। আনোয়ার সাহেব আপনি শুনতে পাচ্ছেন, বের হয়ে আসুন, পদত্যাগের ঘোষণা দিন। আর ১৫ মিনিট সময় আছে।’
আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। সেই ভাঙচুরের তাণ্ডব চলল রাত ১১টা পর্যন্ত। পরের দিন আমার ছেলেমেয়ের পরীক্ষা। আন্দোলন-মিছিল সাধারণত ফ্যাকাল্টি ও হল এলাকায় হয়। আমার মতো অনেকেরই আকুল আবেদন, আন্দোলনের নামে আবাসিক এলাকায় মাইকে ইভ টিজিং ও মিছিল বন্ধ করা উচিত।
এ ব্যাপারে সবার সহযোগিতা চাই। এই অপসংস্কৃতির পরিণতি সবার জন্যই অমঙ্গল।
ফেরদৌসী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।