জাহাঙ্গীরনগরের বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনার অনেক ঘটনার সাক্ষী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনার অনেক ঘটনার সাক্ষী

মোগল সম্রাট আকবরের মৃত্যুর পর ভারতের সম্রাট হলেন জাহাঙ্গীর। তিনি তাঁর ছেলেবেলার খেলার সঙ্গী আলাউদ্দিন চিশতিকে ইসলাম খান উপাধি দিয়ে বাংলার সুবেদার নিয়োগ করেন। সুবেদার ইসলাম খান ১৬১২ সালে সুবে বাংলার স্থায়ী রাজধানী নির্ধারণ করেন ঢাকাকে। নগরটির নামকরণ হয় সম্রাটের নামে, জাহাঙ্গীরনগর। ইতিহাসের পরিক্রমায় সে নাম টেকেনি। তবে ১৯৭০ সালে ঢাকার উপকণ্ঠে সাভারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ থেকে এর নাম দেওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি জ্ঞানের নিরঙ্কুশ চর্চা ও শৃঙ্খলার জন্য সুপরিচিত ছিল। এমনকি গত শতকের শেষ দশকেও এখানে তেমন সেশনজটের কথা জানা যায়নি। অনেক জ্ঞানতাপস এখানে শিক্ষকতা ও গবেষণা করেছেন ও করছেন। বহু ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। কল্যাণকর অবদান রাখছেন জ্ঞানের অগ্রযাত্রায়। প্রায় ৭০০ একর নয়নাভিরাম স্থানে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে বর্তমান ছাত্র ও শিক্ষকের সংখ্যা যথাক্রমে প্রায় ১১ হাজার ও ৭০০।
জাতীয় জীবনে বিভিন্ন প্রতিকূল অবস্থায় সাধারণত প্রতিষ্ঠানটির জ্ঞানর্চচায় তেমন বিঘ্ন ঘটত না। কিন্তু দুই দশক ধরে এ প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়ে চলছে ক্রমবর্ধমান হারে। বর্তমানে এটা হয়তো দেশের সব কটি সরকারি বিশ্ববিদ্যালয়কেই টেক্কা দিয়েছে অচলাবস্থা সৃষ্টিতে। ছাত্রী হয়রানি, শিক্ষক নাজেহালসহ বহু ঘটনা এখানে ঘটে চলছে। অনেকের স্মৃতিতেই হয়তো থাকবে একজন ছাত্রের নারীঘটিত ‘কৃতিত্ব’-এর কদর্য দম্ভ। বেশ কয়েক মাস ধরে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপাচার্যবিরোধী আন্দোলন করে চলছেন মাঝেমধ্যে কিছুটা বিরতি দিয়ে। এ আন্দোলনের একপর্যায়ে একজন উপাচার্য কিছুকাল আগে পদত্যাগ করতে বাধ্য হন। এ পদে নিযুক্ত হন ড. আনোয়ার হোসেন। তিনি তড়িঘড়ি সিনেটকে দিয়ে সে নিযুক্তি নিয়মনিষ্ঠ করে নেন। তড়িঘড়ি কথাটা উল্লেখ করা হলো এ জন্য যে, তখন সিনেটের বেশ কিছু পদ শূন্য ছিল। এগুলোর নির্বাচনও ছিল অত্যাসন্ন। তার অপেক্ষা না করেই সিনেটের সভা ডাকা হয়। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান তিনি। নতুনভাবে নিয়োগ লাভ করেন। তাঁর বিরুদ্ধেও প্রায় শুরু থেকে শিক্ষকদের একটি অংশ দফায় দফায় আন্দোলন করছেন। তাঁরা ক্লাস বর্জন করে অপূরণীয় ক্ষতি করছেন শিক্ষার্থীদের। উপাচার্য এত দিন অনমনীয় মনোভাব দেখালেও গত বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তার আগে সিনেট ও ছাত্র সংসদ নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু শিক্ষক সমিতি তাঁর এ ঘোষণা প্রত্যাখ্যান করে কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানায়।
আন্দোলনের অনেকগুলো দাবির যৌক্তিকতা নিয়ে আলোচনা এ নিবন্ধের বিষয়বস্তু নয়। তবে প্রশ্ন আসে উপাচার্যের অপসারণসংক্রান্ত দাবিটি নিয়ে। এ ধরনের দাবিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আন্দোলন হয়। তবে এতটা জটিল ও দীর্ঘস্থায়ী রূপ পায়নি সাম্প্রতিক কালে কোনোটিই। উল্লেখ্য, উপাচার্য নিয়োগের একটি কর্তৃপক্ষ আছে। আছে একটি নিয়োগ-প্রক্রিয়া। নিয়োগ বিধিবহির্ভূত হলে আইনের আশ্রয়ও নেওয়া যায়। আর নৈতিক দিক দিয়ে কোনো প্রশ্ন থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে দাবি জানানো চলে। কিন্তু দাবি আদায়ের প্রক্রিয়া হিসেবে দিনের পর দিন বিশ্ববিদ্যালয় অচল করে রাখা গ্রহণযোগ্য হতে পারে না। তেমনি অগ্রহণযোগ্য গত আগস্ট মাসে একটানা ৪২ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন কিছু শিক্ষক কর্তৃক তালাবদ্ধ রাখার বিষয়টি। কোনোভাবেই সমর্থন করা যায় না এই শিক্ষকগণ কর্তৃক উপাচার্যকে একটানা ৮৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা। আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রী সাময়িকভাবে অচলাবস্থার অবসান ঘটান। তবে শিক্ষকদের একটি অংশের এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইন কিন্তু নিজ গতিতে চলেনি। এভাবে কোনো ব্যক্তিকে অবরুদ্ধ রাখা বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
আবার নতুন মাত্রায় চলছে উপাচার্য অপসারণ আন্দোলন। তিনি সিন্ডিকেটের সভায় যোগ দিতে গেলে ত্রিমুখী সংঘাত ঘটে বলে খবর এল গণমাধ্যমে। খবরগুলো হচ্ছে উপাচার্য কর্তৃক দুজন শিক্ষক নাজেহাল আর কতিপয় শিক্ষক কর্তৃক নাজেহাল উপাচার্য। এবার মাঠে নেমে পড়ল ছাত্রলীগ। তারা আন্দোলনকারী শিক্ষকদের ওপর হামলা চালিয়ে আহত করে কয়েকজনকে। উপাচার্য ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি অবাঞ্ছিত সন্দেহ নেই। পাশাপাশি ছাত্রলীগ উপাচার্যের পক্ষে নেমে পরিস্থিতি আরও কদর্য করল। অবশ্য ছাত্রলীগের এ ধরনের কার্যকলাপ নিয়ে আলোচনা নিষ্ফল। তারা এ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে নৈরাজ্যকর পরিস্থিতি চালিয়ে যাচ্ছে বিভিন্ন মাত্রায়। তাদের শায়েস্তা করতে যে সদিচ্ছার প্রয়োজন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে এরূপ মনে করার সুযোগ নেই। এ সরকারের সূচনায় কতিপয় বিচক্ষণ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একটি বিবৃতি দিয়েছিলেন। বিবৃতির শিরোনাম ছিল ‘ছাত্রলীগকে সামলান’। বিবৃতিদাতাদের নাম-পরিচয় উল্লেখ না করেও দায়িত্বের সঙ্গে বলা যায় তাঁরা সবাই প্রগতিশীল, সংস্কারমুক্ত ও ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী। কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং তারা যা খুশি তা-ই করে চলেছে। আইনের আওতা থেকে তারা প্রায় ক্ষেত্রেই দায়মুক্ত। তাই জাহাঙ্গীরনগরে তাদের ভূমিকায় বিস্মিত হওয়ার কিছু নেই।
শিক্ষাঙ্গনের এ নৈরাজ্যকর পরিস্থিতি শুধু জাহাঙ্গীরনগরেই সীমাবদ্ধ নেই। চলছে বা চলেছে দেশের প্রায় প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে। বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর সাম্প্রতিক কালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খবর সবার জানা। আমাদের সর্বমোট ৩৪টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। জানা যায়, এগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে অনুমোদিত পদ সংখ্যার অতিরিক্ত দুই হাজার শিক্ষককে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েই নিয়োগ দেওয়া হয়েছে অনুমোদিত পদের দ্বিগুণ। ফলে তাঁরা নিয়মিত বেতন-ভাতা পান না। মাঝেমধ্যে অবরুদ্ধ করা হয় উপাচার্যকে। অবশ্য বর্তমান উপাচার্যের পূর্বসূরির সময়কালে এসব অনিয়ম হয়েছিল। এগুলোর তদারকির দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। তারা যে অসহায় তা সহজেই অনুমেয়। শিক্ষক ও উপাচার্যদের রাজনৈতিক সংযোগ আজ এগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মঞ্জুরি কমিশনকেও একই দোষে দুষ্ট বললে অত্যুক্তি হবে না। সুতরাং চেইন অব কমান্ড ভেঙে পড়া অস্বাভাবিক নয়। এত মেধাবী ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। কিন্তু পরিবেশ তাঁদের অবদান রাখার পক্ষে বড় অন্তরায়। বিদ্যাপীঠ হিসেবে বিশ্বমানচিত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান হিসাবের বাইরে। ২০১৩ সালে পৃথিবীর সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একটিও নেই আমাদের। আর থাকবে কীভাবে?
আবার জাহাঙ্গীরনগর প্রসঙ্গ। সমস্যাটি চলমান। শিক্ষকদের আন্দোলনরত অংশটি আন্দোলনের সাময়িক বিরতি দিয়েছিল। তবে নিষ্পত্তি হয়নি বিষয়টি। সরকার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল। সে তদন্ত বিবরণী প্রকাশ করা হোক বা না হোক বিবদমান পক্ষগুলোকে জানানো উচিত। আন্দোলনকারী শিক্ষকদের পক্ষ থেকে একটি কথা ঘুরিয়ে-ফিরিয়ে প্রায়ই বলা হয়। জাহাঙ্গীরনগরে এত যোগ্য শিক্ষক থাকতে অন্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে উপাচার্য নিয়োগ দেওয়া সমীচীন হয়নি। এটা সত্যি জাহাঙ্গীরনগরে যোগ্যতর শিক্ষক আছেন অনেকেই। তাঁরা কেউ কেউ দক্ষতার সঙ্গে উপাচার্যের দায়িত্ব পালনও করতে পারবেন। তবে স্মরণ কাখতে হবে যে উপাচার্য নিয়োগ একটি আইনি প্রক্রিয়া। যেকোনো যোগ্য ব্যক্তিকে উপাচার্য হতে হলে সে প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। বহু প্রাজ্ঞ খ্যাতিমান শিক্ষক প্রশাসনিক দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করেছেন ও করে চলেছেন জীবনভর। আর শিক্ষক ছিলেন না এমন অত্যন্ত একজন খ্যাতনামা ব্যক্তি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তিনি সক্ষম হয়েছিলেন ছাত্র ও শিক্ষকদের নিরঙ্কুশ আস্থা অর্জনের। একই অবস্থা ঘটেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। একটি সংকটময় সময়ে উপাচার্য করা হয়েছিল আবুল ফজলকে। তিনি কোনো বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা করেননি। ছিলেন কলেজশিক্ষক। সে সংকট উত্তরণে তিনি যথেষ্ট সফলও হয়েছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, বর্তমান উপাচার্যকে অপসারণ করে নতুন কাউকে নিয়োগ দিলেও জাহাঙ্গীরনগরের সংকট কেটে যাবে—এমনটা মনে হয় না।
জাহাঙ্গীরনগরের উপাচার্যের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয় যে তিনি তাঁর যেকোনো বিরোধীকে জামায়াত-শিবির বলে আখ্যায়িত করেন। আর এটা করেন ছাত্র-শিক্ষক-নির্বিশেষে সবাইকে। এমনকি ক্ষেত্রবিশেষে অমুসলিমদেরও। পত্রপত্রিকায় এমন কিছু নমুনা লক্ষণীয় হয়। তিনি শিক্ষক, তিনি উপাচার্য। যেকোনো দল-মতের সমর্থক সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা থাকা দরকার। এতটা প্রকটভাবে রাজনৈতিক ব্যানার তিনি ব্যবহার না করলে তাঁর মর্যাদা বৃদ্ধি পেত। উল্লেখ করা আবশ্যক, তাঁর বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের একটি অংশ বর্তমান সরকারি দলের সমর্থক। সুতরাং শিক্ষাঙ্গনে অকারণে দলকে টেনে নেওয়া কতটা যৌক্তিক হচ্ছে, এটা তাঁরা সবাই ভেবে দেখতে পারেন।
আমাদের শঙ্কা ১১ হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে। শিক্ষকদের মধ্যে সৃষ্ট বিরোধের মাশুল দিচ্ছে তারা। সময়ক্ষেপণ হচ্ছে। দীর্ঘায়িত হচ্ছে তাদের শিক্ষাবর্ষ। ব্যয় বৃদ্ধির দায় চাপছে অভিভাবকদের ঘাড়ে। এমনটা অবশ্য কমবেশি দেশের সব কটি সরকারি বিশ্ববিদ্যালয়েরই। তবে জাহাঙ্গীরনগরে এখন প্রকট। তদুপরি এ বহুমাত্রিক সমস্যা থেকে উত্তরণের রাস্তা কিন্তু বের করতে হবে মূলত শিক্ষকদের। তাঁদের সম্মিলিত সদিচ্ছাই সংকটের শুভ সমাপ্তি ঘটাতে পারে। সরকার পারে সহায়ক শক্তির ভূমিকা পালন করতে। এটা যে কেউ বিশ্বাস করেন, পিতা-মাতার পর ছাত্রছাত্রীর সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তার শিক্ষক। আর অবশ্যই জাহাঙ্গীরনগরের শিক্ষকেরা এর ব্যতিক্রম নন।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]