জাহাজ কেনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যুক্তিটা খুব জোরালো নয়। কিন্তু তারপরও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গুরুতর অনিয়মের মাধ্যমে কিনেছে তিনটি জাহাজ। সেগুলো আবার পুরোনো।
বুড়িগঙ্গাতীরের পানগাঁও নৌ-টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরের মধ্যে পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়ার জন্য প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করে তিনটি পুরোনো জাহাজ কেনার প্রক্রিয়ায় পদে পদে কত অনিয়ম করা হয়েছে, তার কিছু বিবরণ রয়েছে মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে। বেঙ্গল লয়েড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সৃষ্টিই করা হয়েছে জাহাজ সরবরাহের কাজটি বাগানোর উদ্দেশ্যে। জাহাজ কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর ওই প্রতিষ্ঠানের নামে লাইসেন্স নেওয়া হয়েছে এবং ওই প্রতিষ্ঠান কাজটি পেয়ে তিনটি পুরোনো জাহাজ সরবরাহ করে লাভ করেছে প্রায় ১৪ কোটি টাকা! অবাক ব্যাপার হলো, ১০ বছরের অভিজ্ঞতা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরপত্রে অংশগ্রহণ করারই যেখানে সুযোগ নেই, সেখানে বন্দর কর্তৃপক্ষই নাকি নতুন কোম্পানি গঠন করে দরপত্রে অংশ নিতে বলেছিল বেঙ্গল লয়েডের কর্তৃপক্ষকে।
বেঙ্গল লয়েড লিমিটেড নামের প্রতিষ্ঠানটির মালিক কোন জাদুর বলে সব নিয়ম ভেঙে জাহাজ সরবরাহের কাজ পেলেন, সে প্রশ্নের জবাব প্রয়োজন। নৌপরিবহন মন্ত্রণালয়ই বা কেন পুরোনো জাহাজ কেনার অনুমোদন দেওয়া থেকে শুরু করে পদে পদে এত অনিয়ম হতে দিয়েছে? শুধু তা-ই নয়, দরপত্রের শর্ত অনুযায়ী ওই তিনটি জাহাজের শুল্ক পরিশোধ করার কথা সরবরাহকারী প্রতিষ্ঠানেরই, কিন্তু তারা করেনি। শুল্ক পরিশোধের দায়িত্ব নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এবং শুল্ক পরিশোধ করার আগেই জাহাজগুলোর ব্যবহার শুরু করা হয়েছে। এত সব অনিয়ম ঘটেছে, কিন্তু নৌমন্ত্রী শাজাহান খান কী করেছেন? মন্ত্রী হিসেবে এসবের চূড়ান্ত দায়দায়িত্ব তো তাঁর ওপরই বর্তায়। তাঁর জবাবদিহি কোথায়?
বেঙ্গল লয়েড ও বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। নৌমন্ত্রীর কাছেও জবাবদিহি চাওয়া উচিত।