জাহাজভাঙা শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পের শ্রমিকেরা কাজ করেন বিরাট স্বাস্থ্যঝুঁকির মধ্যে। কিন্তু শুধু জাহাজভাঙা শিল্পের শ্রমিক কেন, কোনো শিল্পের শ্রমিকের স্বাস্থ্যগত ঝুঁকিই এই দেশে শিল্পমালিক ও দেশের পরিচালকদের কাছে গুরুত্ব পায় না। জাহাজভাঙা শিল্পের শ্রমিকেরা কর্মরত অবস্থায় বিস্ফোরণে কিংবা প্রাণঘাতী রাসায়নিক পদার্থের বিষক্রিয়ায় মারা গেলেই শুধু সংবাদের শিরোনাম হন। গত বৃহস্পতিবার তেমনই একটি ঘটনা ঘটেছে: কর্মরত অবস্থায় গ্যাস বিষক্রিয়ায় চার শ্রমিকের মৃত্যুর পর দেশের সংবাদমাধ্যমে তাঁরা জায়গা পেয়েছেন।
শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের সংক্ষিপ্ত বর্ণনা থেকে একটি ধারণা পাওয়া যায়, সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পের শ্রমিকেরা কী পরিবেশে, কতটা ঝুঁকির মধ্যে কাজ করেন। বৃহস্পতিবার একটি পুরোনো জাহাজের ইঞ্জিনকক্ষে কাটাকাটি করছিলেন ১০ শ্রমিক। হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে শ্রমিকদের নাকেমুখে বিষাক্ত গ্যাস ঢুকে যায়; তাঁরা সবাই অচেতন হয়ে পড়েন। তাঁদের নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে; সেখানে চার শ্রমিকের মৃত্যু ঘটে; বাকিরা অসুস্থ।
সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পের সব শ্রমিক এমন মারাত্মক ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন কাজ করেন। বিদেশ থেকে আমদানি করা এসব পুরোনো জাহাজে প্রাণঘাতী বিষাক্ত নানা রাসায়নিক পদার্থ থাকে; কিন্তু শ্রমিকেরা সেগুলো কাটার কাজ করেন কোনো সুরক্ষা ছাড়াই; খালি হাতে, খালি পায়ে, মুখোশহীন অবস্থায়। তাঁদের নিরাপত্তা সুরক্ষার বিষয়টি শিল্পমালিকদের কাছে বস্তুত কোনো গুরুত্বই পায় না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ ব্যাপারে যথেষ্ট নজরদারি করে না। পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে জাহাজটিকে বিষাক্ত রাসায়নিকমুক্ত করা হয়েছে কি না, তাও দেখা হয় না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র একটা কাগুজে ব্যাপারে পরিণত হয়েছে। তবু অনেক জাহাজ আমদানিকারক পরিবেশ ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটার কাজ শুরু করেন।
জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি যারপরনাই অবহেলিত বলে প্রতিবছরই একাধিক দুর্ঘটনায় অনেক শ্রমিকের মৃত্যু ঘটে। তা ছাড়া প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া বিষাক্ত পরিবেশে কাজ করার ফলে এই শ্রমিকদের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়; বয়সে তরুণ-যুবক এই শ্রমিকদের স্বাস্থ্য এত খারাপ হয়ে যায় যে তাঁরা সেখানে বেশি দিন কাজ করতে পারেন না; অনেকে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। সব শ্রমিক দুর্ঘটনার শিকার না হলেও বস্তুত তাঁরা দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যান।
বিভিন্ন পরিবেশবাদী সংস্থার প্রতিবাদ ও সংবাদমাধ্যমে লেখালেখির কারণে একটা সময় জাহাজভাঙা শিল্পের জন্য পুরোনো জাহাজ আমদানি কমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তা আবার বেড়ে গেছে। ২০১২ সালে আমদানি হয়েছিল রেকর্ডসংখ্যক ২২৯টি পুরোনো জাহাজ। ওই বছর দুর্ঘটনায় মৃত্যু ঘটেছিল ১০ শ্রমিকের, আহত হয়েছিলেন অনেক শ্রমিক। বাংলাদেশে জাহাজভাঙা শিল্প শ্রমিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিল্পগুলোর মধ্যে অন্যতম; এখানে শ্রমিকদের কাজের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দেওয়া একান্ত জরুরি। দিনের পর দিন দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যু ও গুরুতর স্বাস্থ্যহানির বিষয়টি উপেক্ষা করা যায় না।