একসময় জাহাজে স্বল্পখরচে হজে যাওয়ার সুযোগ ছিল। তারপর জাহাজ (জলযান) বন্ধ করে শুধু উড়োজাহাজে হজযাত্রী বহন করা শুরু হয়। বর্তমানে উড়োজাহাজে পবিত্র হজে যেতে ব্যয় প্রায় চার লাখ টাকা। উল্লিখিত ব্যয় মধ্যমশ্রেণী বা নিম্ন মধ্যমশ্রেণীর মুসলমানদের পক্ষে বহন করা অসম্ভব।
তাই এ দুই শ্রেণীর পক্ষে পবিত্র হজব্রত পালন তথা কাবা শরিফ তাওয়াফ, মদিনার মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায়, নবীজির রওজা জিয়ারত, জান্নাতুল বাকি জিয়ারত, নবীজির রওজা জিয়ারত, স্মরণীয় বিভিন্ন পবিত্র স্থান ও স্থাপনা দর্শনের আকাঙ্ক্ষা স্বপ্নই থেকে যায়।
এই স্বপ্ন অপূরণীয় রেখেই এই দেশের অসচ্ছল মুসলমানদের কামলেওয়ালার দেশে গমনের আকাঙ্ক্ষা বুকে লুক্কায়িত রেখে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। সম্ভবত তাঁদের বিদেহী আত্মা কবর থেকে হাশর পর্যন্ত নবীজির স্মৃতিবিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ভূমি পরিদর্শনের অপূরণীয় আকাঙ্ক্ষার কারণে অশান্ত থাকবে।
তাই স্বল্পখরচে জাহাজে গমনপূর্বক পবিত্র হজব্রত পালনের সুযোগ সৃষ্টি করে নিম্ন মধ্যবিত্ত মুসলমানদের মনের আকাঙ্ক্ষা পূরণ করা হোক।
এ বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবু তালেব খান, মো. আ. ছালাম মোল্লা, মনিরা আক্তার, মো. ইদ্রিস আলী, সমাজসেবা কার্যালয়, পটুয়াখালী।