জিপিএর ভিত্তিতে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবে এইচএসসি পরীক্ষার ফল বের হলো। আনন্দের বন্যা বইছে প্রত্যাশিত ফলপ্রাপ্তদের ঘরে ঘরে। তবে এই আনন্দের হাসি শুধু জিপিএ-৫ প্রাপ্তদের জন্যই বরাদ্দ নয়, বড় মুখে হাসতে দেখেছি জিপিএ-২.৪ পেয়েও। আবার জিপিএ-৪.৯৫ পেয়েও একটি পরিবারের হাসি স্তব্ধ করে দিয়েছেন যে ছাত্রটি, তাঁর জন্যও সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কীইবা করার আছে। কারণ, একটি পাবলিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করেই এই ফলাফল তৈরি করা হয়। কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। তবু সার্বিকভাবে এমনকি নিঃসন্দেহে বলা যায়, প্রচলিত পন্থায় এটি একটি উত্তম মূল্যায়ন। কাজেই এই ফলাফলকেই মেধা মূল্যায়নের মাপকাঠি হিসেবে বিবেচনায় আনা দরকার।
একজন শিক্ষার্থী দুই বছর ধরে নিজেকে প্রস্তুত করে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হন। অতঃপর কাঙ্ক্ষিত ফলাফলে আনন্দের বন্যা বইয়ে দেন পরিবার-পরিজনের মধ্যে। মাথা থেকে একধরনের চাপ সরে যায়। ফলে তৎপরবর্তী পড়ালেখায় (ভর্তির প্রস্তুতি) একটু ভাটা আসতে পারে। অপর দিকে জিপিএ-৪.৯৫ প্রাপ্ত ছাত্রটির মনের কষ্ট শক্তিতে পরিণত হয়। তাই সে অল্প কদিনের পরিশ্রমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পেতে পারে সফলতা। তাই বলে এটি মনে রাখা দরকার যে সেই জিপিএ-৫ পাওয়া ছাত্রটি মেধাশূন্য হয়ে যাননি। আর অল্প কদিনের পরিশ্রমের ফলকেই যদি মেধার মাপকাঠি ধরি, তাহলে দুই বছর পড়ার প্রয়োজন কেন? এত বড় একটি পাবলিক পরীক্ষারই বা দরকার কী? কোচিং সেন্টারগুলোকে বলে দিলেই হয় যে ছয় মাস ভালো করে পড়িয়ে তাঁদের মেধাবী বানিয়ে আমাদের (বিশ্ববিদ্যালয়ের) হাতে ছেড়ে দিতে। তাতে সময়ও বাঁচবে।
পৃথিবীর উন্নত প্রায় সব দেশেই জিপিএর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাদের দেশে পরবর্তীকালে মেধাশূন্যতা দেখা দেয়নি। উপরন্তু এটাই সত্য যে সব দেশের মেধাবীদের (জিপিএর মানদণ্ডে) তাদের দেশে সুযোগ-সুবিধা দিয়ে ডেকে নিয়ে নিজেদের অবস্থার আমূল পরিবর্তন করছে। অথচ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এমন একটি স্বীকৃত বিষয়কে তোয়াক্কা না করে বিতর্কিত ও আলোচিত (বর্তমান সময়ে) পথে বারবার হাঁটছে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের পেছনে খোঁড়া যুক্তি হলো, জিপিএ মেধা মূল্যায়নের মাপকাঠি নয়। আবার এও বলা হয়, বিষয়ভিত্তিক মেধা যাচাই জিপিএর মাধ্যমে সম্ভব নয়। এমনও যুক্তি দিতে শোনা যায়, ছোট শহর বনাম বড় শহরের বিশ্ববিদ্যালয়ের বা নামী বনাম নতুন বিশ্ববিদ্যালয়ের বিষয় ও পারিপার্শ্বিক অবস্থা এক নয়। ফলে নির্বাচনপদ্ধতিও ভিন্ন হওয়া চাই। এর উত্তরে আমার অভিমত হলো, যদি পরীক্ষা নিতেই হয় এবং এমন ভিন্ন ভিন্ন চাহিদা মেটানোর প্রয়োজন হয়, তবে তাও সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গ্রুপ, প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় দ্বারা একটি গ্রুপ, কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গ্রুপ, ঢাকা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিলে একটি গ্রুপ (চাইলে তাদের সঙ্গে আরও কেউ আসতে পারে) দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে ভিন্ন একটি গ্রুপ হতে পারে। এবার প্রতিটি গ্রুপে দু-তিনটি ইউনিট থাকতে পারে। এই পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করলে ভর্তি-ইচ্ছুক ও তাঁর পরিবারের সদস্যদের কষ্ট লাঘব ও অর্থ সাশ্রয় হবে। সেই সঙ্গে অধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হবে। এ কাজে ইউজিসি সহায়ক বা সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে।
এ এইচ এম কামাল
সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।
[email protected]