ভোলার জনবহুল লালমোহন উপজেলার সঙ্গে অন্য জেলা, এমনকি রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। লালমোহন থেকে ঢাকার উদ্দেশে প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচলের কথা থাকলেও একটি লঞ্চ আসা-যাওয়া করে। এই পথে পাঁচটি লঞ্চ রয়েছে।
এসব লঞ্চমালিকের রোটেশন পদ্ধতির কারণে যাত্রীরা জিম্মি হয়ে পড়ে। ভাড়া যেমন বেশি, সেবার নামে চলে যাত্রী হয়রানি। সময় লাগে ১৮ থেকে ২০ ঘণ্টা। অথচ ঢাকা থেকে দূরত্ব ২০১ কিলোমিটার। যাত্রী থাকার জায়গায় রাখা হয় মালামাল। তাই দ্বিতীয় তলায় যাত্রীদের গাদাগাদি করে থাকতে হয়। লঞ্চের বডি ভাঙা, নেই পর্যাপ্ত জীবনরক্ষাকারী বয়া, খাবারের মান অত্যন্ত নিম্ন। প্রায় প্রতিটি লঞ্চে ইঁদুরের উৎপাতে যাত্রীরা অতিষ্ঠ।
এসব কারণে অনেকে পাশের উপজেলা বা জেলা সদর দিয়ে চলাচল করে। ঢাকা-লালমোহন রুটে চলাচলকারী পাঁচটি লঞ্চের ইঞ্জিনই পাকিস্তান আমলের। এ ইঞ্জিন এতই ঝুঁকিপূর্ণ যে পথিমধ্যে অনেক সময় দুটি ইঞ্জিনের একটি অকেজো হয়ে যায়।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর একশ্রেণীর কর্মকর্তা লঞ্চমালিকদের কাছ থেকে টাকা খেয়ে লঞ্চের সব সুবিধা ও তৈরির সময় নকশা, মাস্টার, সারেং, ড্রাইভারদের যোগ্যতার সনদ, লঞ্চের বডি ঠিকমতো পরীক্ষা না করে এক বছর করে সার্ভে রিপোর্ট দিয়ে দেন। বর্তমানে কালবৈশাখীর মৌসুম। যাত্রীরা ঝুঁকি নিয়ে এ রুটে চলাচল করে থাকেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে সদয় দৃষ্টি কামনা করছি।
এ কে এম মাকছুদ আলম
লালমোহন, ভোলা।