
বিএনপি তবু কোনোমতে বলল যে, তারা ক্ষমতায় গেলে সহিংসতা তথা একে অপরকে শেষ করে ফেলার রাজনীতির অবসান ঘটাবে। তারা অতীতেও বলেছিল, কিন্তু কথা রাখেনি, চেষ্টাও করেনি। এবার যখন বলল, তখন তেমন ভরসা পাই না, বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চাইলে তাদের তা করে দেখাতে হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপির এবারের কেকের আকার দেখার অপেক্ষায় আছি। গত ২৪ জুলাই রাতে লন্ডনের পাঁচ তারকা হোটেলে ইফতার পার্টি, যেখানে মোটা অঙ্কে ‘আমন্ত্রণপত্র’ (আগামী নির্বাচনের মনোনয়নপত্র নয়!) বিক্রি করা হয়, সেখানে উন্নয়নের যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে, তা সনাতনী কিংবা পুরোনো বোতলে নতুন মদের মতোই। তারেক বলেননি তিনি সহিংসতার রাজনীতির লাগাম কী করে টানবেন, কিংবা এর অপনোদন দরকার আছে বলে তিনি মনে করেন কি না।
বিএনপি আওয়ামী লীগের হূদয়ে অবশ্যই গভীর ক্ষত সৃষ্টি করেছে। এ ক্ষত সারিয়ে তোলার মধ্যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের অনেকটা নিহিত। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সব সময় ওত পেতে থাকে, কারণ তারা এ ক্ষত সব সময় দগদগে রাখে। কিন্তু তাদের গালি দিয়ে অন্ধকারে ঢিল ছুড়লে চলবে না। এ জন্য আমরাই দায়ী। আমরাই তাদের সুযোগ করে দিই। সুতরাং, নিজের দায়িত্ব আগে পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি কথা বেশ আওড়ান। একটি অসাংবিধানিক শক্তি আসবে এবং অন্যটি দুই বড় দলকেই নাজেহাল করার চক্রান্ত চলছে। এটা বেশ কৌতূহলোদ্দীপক যে, এ দুটির কোনোটিই খালেদা জিয়া বলেন না। কারণ, মাইনাস টু বেশি ক্ষতি এনেছে তাঁর জীবনেই। খালেদা জিয়া এর সঙ্গে সুর মেলাতে পারেন না। বরং এটা তাঁকে কাটা ঘায়ে নুনের ছিটা দেয়। কিন্তু এ-সংক্রান্ত প্রথাগত হিসাব-নিকাশের সঙ্গে জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তনের যোগসূত্র ক্ষীণ। পরিবর্তন চাইলে বিএনপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে হবে। জাতীয় রাজনৈতিক জীবনে তিনটি ক্ষত আছে। জামায়াতের ক্ষমা না চাওয়া। সেই ক্ষত না ঘুচতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তার রেশ না মেলাতেই ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটল। এ তিনটি ঘটনার মধ্যে একটি যোগসূত্র আছে বলেই অনেকে মনে করেন। সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু ঘটে। কিন্তু জন্মদানগত কারণে কিছুটা বিলম্বেও মায়ের মৃত্যু ঘটে। শাসনগত অনেক ব্যর্থতার জন্য ব্যক্তি মুজিবকে ক্ষমতা ছাড়তে হতো। কিন্তু বাংলাদেশকে জন্ম দিতে গিয়েই তাঁকে সপরিবারে নিহত হতে হলো, পঁচাত্তরের ঘটনা একাত্তরেরই ধারাবাহিকতা।
বায়াত্তরের ১১ জানুয়ারির আগের মুজিব আর পঁচাত্তরের ১৫ আগস্টের আগের জিয়াউর রহমান আমাদের নন্দিত জাতীয় বীর এবং এ দুই সত্তার মেলবন্ধনে বিরোধ নেই। ওই সময়ের জন্য তাঁদের এক পাল্লায় তোলা বা সমান্তরাল করার চেষ্টা আহাম্মকি। মুজিব ও জিয়ার মধ্যকার পঁচাত্তর-পূর্ব বোঝাপড়ার সম্পর্ককে আমরা বড় করে দেখতে পারি। এটা তাঁদের শাসনগত কাজের সমালোচনার দরজাগুলো বন্ধ না করেও সম্ভব। অহর্নিশ শুধু এ দুই নেতার মধ্যকার কল্পিত বিরোধগুলোকে রং চড়িয়ে চাঙা করলে চলবে না। জিয়াকে যাঁরা বেশি মহান করবেন, তাঁরা জিয়ার সীমাবদ্ধতা মনে রাখবেন। তাঁর স্বাধীনতার ঘোষণা বোধগম্য। কিন্তু তাঁর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণার গ্রহণযোগ্য ব্যাখ্যা মেলে না। কিন্তু যে পাঠ নিতে হবে, সেটা হলো মুজিব এ জন্য তাঁকে তিরস্কার করেননি। যুক্তিটা হলো অনৈক্যের মধ্যে ঐক্য, অমিলের মধ্যে মিল খুঁজে বের করতে সচেষ্ট হওয়া। এ ধরনের চেষ্টাই আমাদের স্থিতি দেবে, তত্ত্বাবধায়কসর্বস্ব রাজনীতি হলো সেটাই, যেটা ওই সব বিরোধাত্মক রাজনীতির যোগফল।
জ্যেষ্ঠতা এড়িয়ে জিয়াকে না করে সফিউল্লাহকে সেনাপ্রধান করলেন মুজিব। এটাই বড় করে দেখা হয়। কালুরঘাট থেকে মুখ ফসকে রাষ্ট্রপতি ঘোষণার কারণেও জিয়া সেনাবাহিনীতে অযোগ্য হতে পারতেন। কিন্তু মুজিব জিয়ার বেদনা প্রশমনে বিশেষ ব্যবস্থা নিলেন। সেনাবাহিনীতে শুধু জিয়ার জন্য তৈরি করলেন উপপ্রধান নামের একটি পদ। জিয়ার প্রতি মুজিবের এই পুরস্কার বিএনপিকে কখনো বড় মুখ করে বলতে শুনি না। রাজনীতিতে পরিবর্তন চাইলে এখন থেকে এসবই বলতে হবে। কারণ, নতুন প্রজন্মকে বিরোধ অপনোদনের সূত্রগুলো ধরিয়ে দিতে হবে। মুজিব জিয়ার সন্তুষ্টি অর্জনে আরও একটি কাজ করেছিলেন। জিয়াকে তিনি সারা দেশের ক্যাডেট কলেজগুলোর তদারকির জন্য একটি বোর্ড করে তাঁর প্রধান করেছিলেন। এই সুবাদে জিয়া প্রধানমন্ত্রীর সান্নিধ্যে আসতেন। এমনকি পঁচাত্তরের আগস্টেও জিয়া এই কারণে মুজিবের কাছে এসেছিলেন। মুজিব তাঁকে সেনাবাহিনীতে রেখেছিলেন বলেই জিয়া সিপাহি বিপ্লবের নায়ক হয়েছিলেন। জেনারেল ওসমানীও কিন্তু জিয়াকে সেক্টর কমান্ডারের পদ থেকে সরানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছিলেন। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ হস্তক্ষেপ করেছিলেন বলেই জিয়া টিকে যান। ৭ নভেম্বরও আমরা তাঁর উচ্চাভিলাষ দেখি। অকস্মাৎ নিজেকে তিনি সিএমএলএ ঘোষণা করে বসেছিলেন, পরে চাপে পড়ে বা পরিস্থিতি বিবেচনায় অন্যতম ডিসিএমএলএ হন।
মুজিব পশ্চিম জার্মানিতে জিয়াকে রাষ্ট্রদূত করেছিলেন। সিদ্ধান্ত ঠেকাতে জিয়া সর্বাত্মক তদবির করেন। মুজিবের শরণাপন্ন হন। জিয়ার আকুল আবেদন ফেলতে পারেননি মুজিব। জীবদ্দশায় জিয়া অন্তত প্রকাশ্যে মুজিবের নিন্দা করেননি, ১৫ আগস্টে তাঁর স্ত্রীর জন্মদিন পালন করেননি। রক্ষীবাহিনী নিয়েও একটা পরিহাস আছে। বিএনপির অনেকে বলেন, ওই বাহিনী ছিল মুজিবের নিরাপত্তায় গঠিত ‘প্রাইভেট আর্মি’। কিন্তু প্রকৃত ইতিহাস হলো, রক্ষীবাহিনীকে জিয়া উঁচু মর্যাদায় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছিলেন। এতে সশস্ত্র বাহিনী সমৃদ্ধ হয়েছিল। মুজিবের নিরাপত্তা প্রদানের কথা রক্ষীবাহিনীর আইনে কোথাও লেখা ছিল না। মুজিবের জীবনরক্ষায় রক্ষীবাহিনীর কেউ প্রাণ দেয়নি, দিয়েছে জিয়ার জন্য। কারণ, মুজিবের গড়া রক্ষীবাহিনীর অফিসারকে জিয়া তাঁর গার্ড হিসেবে নিয়োগ করেছিলেন। আর অন্তত একজন অফিসার চট্টগ্রামে জিয়াকে রক্ষায় প্রাণ উৎসর্গ করেছেন।
খালেদা জিয়া ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছিলেন। তারেক রহমানকে তিনি কোন পথে চালাবেন বা তারেক কোন পথে যাবেন? বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মাই টিভিতে বলেছেন, তারেক ২০০৪ সালে টুঙ্গিপাড়ায় মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাঁর আক্ষেপ, আওয়ামী লীগ এর ফিরতি দাম দিচ্ছে না। দামের আশা বর্তমান আওয়ামী লীগের কাছে নয়, দেশের নতুন প্রজন্মের কাছে করতে হবে। আর মুজিবকে স্মরণ করার নামে জিয়াকে সমান্তরাল করার চেষ্টা আরও বেশি দোষণীয়। ভোটের রাজনীতি এর ফয়সালা দেবে না। বরং ভোটের ফলাফল জাতীয় ঐক্যকে কঠিন করে তুলতে পারে।
এই উপমহাদেশে বিরোধী দল প্রায় সব সময় মানুষের ম্যান্ডেটের ভুল অর্থ করে থাকে। সত্তরের নির্বাচনে পশ্চিম পাকিস্তানিরা ভুট্টোকে নিশ্চয়ই খণ্ডিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পিপিপির ভোটের থলে ভরে দেয়নি। কিন্তু ভুট্টো জনগণের রায়ের অপব্যবহার করেছিলেন। তিনি শুধু পশ্চিম পাকিস্তানের নেতা হয়েছিলেন। সুতরাং, এই উপমহাদেশের রাজনীতিতে ব্যক্তির ভূমিকা বিরাট। বিএনপির সরকার গঠন কিংবা তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কত লাখ মানুষের ঢল নামবে, সেসব হিসাব-নিকাশ এর সুরাহা দেবে না। বিএনপি না না করে শেষ মুহূর্তে নির্বাচনে গেলে অবাক হব না। শেখ হাসিনার অধীনেও তারা জিততে পারে। মুজিব তো ইয়াহিয়ার অধীনে জয় পেয়েছেন। আমরা আরেকটি নতুন সংসদ পাব। কিন্তু সেখানে বিরোধী দল থাকবে না। আওয়ামী লীগ জিতলেও বিরোধী দলওয়ালা সংসদ পাব না। কিন্তু দুই দলের ও তাদের নেত্রীদের এ নিয়ে মাথাব্যথা নেই। তাঁরা একটিবারের জন্যও এই সত্য বলেন না। তাঁরা বরং ধারণা দেন, ‘চোর-ডাকাত বা দুর্নীতিবাজেরা’ বিরোধী দলে থাকলে দেশের গণতন্ত্রের ক্ষতি নেই। কিন্তু বিরোধী দলকে বাদ দিয়ে কোনো কার্যকর সরকারব্যবস্থা হতে পারে না।
বিএনপির নেত্রী ২০০১ সালের নির্বাচনের আগে বিভেদের রাজনীতি পরিহার করার একটি রূপকল্প দিয়েছিলেন। আমরা কান খাড়া করেছিলাম। কিন্তু আমরা বরং আরেকটি আগস্ট পেয়েছি। এটা যারা করেছে, তারা কেবল আওয়ামী লীগের শত্রু নয়। এদের পেছনে সার্বভৌমত্ববিরোধী দেশি-বিদেশি শক্তি আছে বলেই বিশ্বাস করতে হবে। এ পটভূমিতে আমরা আরও এক ধাপ বিভেদের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। কারণ, তারেক রহমান জাতির নতুন অবতার হতে যাচ্ছেন, এমন এক প্রেক্ষাপটে, যখন তাঁর মা ১৫ আগস্টে জন্মদিন পালন করছেন, আর তিনি নিজে ২১ আগস্টের গ্রেনেড হামলার অন্যতম সন্দেহভাজন চরিত্র। হাওয়া ভবনের কালিমা অনেকটাই মুছে যাবে, কারণ সজীব ওয়াজেদ জয় তাঁর উদ্বোধনী সংগীত হিসেবে হাওয়া ভবনের গীত গাইছেন। কারণ, আওয়ামী লীগও অদৃশ্য হাওয়া ভবন তৈরি করেই দেশ শাসন করছে বলে বহু লোক বিশ্বাস করেন।
এক-এগারো বিএনপিকে যে বেকায়দায় ফেলেছে, সেই বেকায়দায় পড়ার আশঙ্কা এখন আওয়ামী লীগের। এক-এগারো না ঘটিয়ে সেই আশঙ্কা থেকে আওয়ামী লীগকে মুক্তি দিতে হবে, হয়তো এরই পণের টাকার আরেক নাম বাংলাদেশ মার্কা সুষ্ঠু নির্বাচন, মানে বিএনপির ক্ষমতায়ন। তারেক শুদ্ধ হতেই পারেন! তাঁকে ১৫ আগস্টে জন্মদিন পালন না করার ঘোষণা দিতে হবে এবং মুজিবের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। ২১ আগস্ট এবং সিমেন্সের দুর্নীতির বিষয়ে তাঁকে বিবৃতি দিতে হবে। এ-বিষয়ক কিছু পদক্ষেপ এখনই করে দেখাতে হবে।
লন্ডনে জিয়াপুত্রের নতুন অভিষেক পর্বে রাজনীতির আরেক নতুন অবতার সজীব ওয়াজেদ জয়ের প্রতি একটি সম্ভাব্য রিকনসিলিয়েশন আহ্বান কল্পনা করতেও ভালো লাগছে। মুজিব-জিয়া পরিবারের তৃতীয় ধাপে যদি এ রকম একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয় বা মৌনভাবে হলেও উভয় পক্ষ সংগত মনে করে, তাহলে তা সংঘাতের রাজনীতি থেকে উত্তরণের পথকে অন্তত আর কণ্টকিত করবে না। ‘উদার হূদয় ব্যর্থ শাসক’ হিসেবে বঙ্গবন্ধু মুজিব সংগঠনগতভাবে বিএনপির ক্ষতি করেননি। মুজিবকে বিতর্কের ঊর্ধ্বে ওঠাতে বিএনপির যেকোনো পদক্ষেপ তত্ত্বাবধায়ক রাজনীতির পাক থেকে বেরোতে সহায়ক হবে। তবে সেটা গ্রহণ করার জন্যও মনোভাব থাকতে হবে। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার সমাধি নিয়ে টানাহেঁচড়া, বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলার মতো প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপ আওয়ামী লীগকে পরিহার করতে হবে। কিন্তু সেটা বিএনপির দিক থেকে পূর্বশর্ত হতে পারে না। মুজিবের পক্ষে জিয়ার স্বাধীনতার ঘোষণা যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছিল, তাঁর প্রতি আমরা জাতিগতভাবে শ্রদ্ধাশীল হতে পারি। তিনি যে বাইচান্স মুক্তিযোদ্ধা ছিলেন না তাঁর প্রমাণ ২৫ মার্চ মুজিবকে গ্রেপ্তারকারী দলের প্রধান ব্রিগেডিয়ার জেড. এ খানের সাক্ষ্য। তিনি লিখেছেন, ‘২৫ মার্চ রাতেই জিয়া তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জানজুয়াকে ঘুম থেকে জাগিয়ে রাতের পোশাকেই তাঁর দপ্তরে নিয়ে গিয়ে তাঁরই চেয়ারে বসতে বাধ্য করেন এবং কর্ণেলের ব্যাটম্যানকে দিয়েই তাঁকে গুলি করে হত্যা করান। এই মুহূর্তের পর জিয়ার পিছিয়ে যাওয়ার উপায় ছিল না।’
মিজানুর রহমান খান: সাংবাদিক।
[email protected]