পরীবাগ ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়। উত্তর-দক্ষিণমুখী রাস্তাটি ভিআইপি রোড। পরীবাগ হয়ে এ রাস্তায় পৌঁছানোর আগেই রিকশাগুলো যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হয়।
সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, শাহবাগগামী হাজার হাজার মানুষের জন্য দীর্ঘ ফুটপাত মাড়ানোর বিকল্প নেই।
যারা এই পথে চলে, তারা একটি বিশাল গাছের সঙ্গে প্রতিনিয়ত সাক্ষাৎ করে, যা পুরো ফুটপাতের একটি অংশ দখল করে দাঁড়িয়ে আছে। কিন্তু স্বল্প ডালপালা আর আধো ন্যাড়া এই বিশাল গাছটিকে ঘিরে রাস্তার ভবঘুরে, মাদকসেবীদের মনুষ্য বর্জ্য প্রয়োগের কারণে গাছসংলগ্ন স্থানটির অবস্থা এতই করুণ যে একজন সুস্থ-স্বাভাবিক মানুষ এর পাশ দিয়ে যেতে চরম বিব্রত বোধ করে। বাধ্য হয়ে ফুটপাত থেকে হঠাৎ করেই নেমে যেতে হয় রাস্তায়।
পেছন থেকে ধেয়ে আসা দ্রুতগামী যানবাহনের বাঁক নেওয়ার এই ভয়ংকর সংযোগস্থলে প্রত্যেক মানুষকেই নামতে হয় পথে।
পেছনে চলমান যানবাহন আর সামনে মনুষ্য বর্জ্যপূর্ণ ফুটপাত। এই চক্রে পড়ে পথচারীরা অকস্মাৎ লাশ হয়ে যেতে পারে। সত্য হলো, দুর্ঘটনাটি ঘটবে ওই গাছটির জন্য। কর্তৃপক্ষ কি একটুখানি ভাববে, জীবনের জন্যই গাছ, গাছের জন্য জীবন নয়।
আমরা গাছ কাটার পক্ষে নই। কিন্তু এখানে এই গাছ জীবনের জন্য ঝুঁকি হয়ে আছে। বিষয়টি বিবেচনা করে গাছটি কেটে ফেলাই ভালো হবে।
তছলিম উদ্দিন
চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
[email protected]