জেএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষার রুটিন অনেক আগেই দেওয়া হয়েছিল। হঠাৎ করে ১৩ জুলাই নতুন করে ইংরেজির সিলেবাস পরিবর্তন করা হলো। ১৩ জুলাই থেকে সারা দেশের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এতে ১৩ আগস্ট স্কুল খোলার পর শিক্ষার্থীরা সিলেবাস পায়। অথচ পরীক্ষা ৪ নভেম্বর শুরু হবে। পরীক্ষার আড়াই মাস আগে কি কেউ সিলেবাস পরিবর্তন করে? শহরের অভিভাবকেরা কিছু গাইড নিয়ে সিলেবাস বোঝার ও শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন। এতে অর্থের অপচয় হয়েছে। পরীক্ষা কি ছেলেখেলা, যখন যার যে রকম ইচ্ছে সিলেবাস পরিবর্তন করা হচ্ছে? শিক্ষার্থীদের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িত, এটা কি কর্তৃপক্ষের মাথায় আছে?

এরপর আসি গণিত বিষয়ে। গত বছর জ্যামিতিতে ২৪ নম্বর ছিল। এ বছর করা হলো ৩৬ নম্বর। গত বছরের চেয়ে এ বছরের শিক্ষার্থীদের কি মেধা বেড়ে গেছে, না শিক্ষার্থীরা রোবট হয়ে গেছে? ৯০ শতাংশ শিক্ষার্থী পুরো উত্তর করতে পারবে না সময়ের অভাবে। কারণ, জ্যামিতিতে লেখা বেশি। এ ছাড়া জ্যামিতিতে মার্কসও ভালো ওঠে না। এর কোনো সমাধান কর্তৃপক্ষ করল না কেন?

পরীক্ষার রুটিনে ইংরেজি প্রথম পত্র, বিজ্ঞান ও সমাজের আগে বন্ধ নেই কেন? যে পদ্ধতি সরকার চালু করেছে, এ পদ্ধতি বোঝার জন্য শিক্ষার্থীদের আরও বেশি কোচিং ও গাইডের পেছনে দৌড়াতে হচ্ছে। কারণ, অভিভাবকের সবার পক্ষে এ বিষয়গুলো বোঝা সম্ভব নয়। স্কুলের প্রতি ক্লাসে ৬০-৭০ জন করে শিক্ষার্থী, আর শিক্ষক একজন। এত শিক্ষার্থীর মধ্যে সব ছাত্রছাত্রী ক্লাসে বুঝতে পারে না। এ ছাড়া ক্লাসে পুরো সিলেবাস বোঝানোর মতো ক্লাসও শিক্ষার্থীরা পায় না।

শিক্ষাবিদেরা পরীক্ষার আগে বলবেন, ‘পরীক্ষা নিয়ে ভয় পেয়ো না। কিন্তু বছরের মাঝামাঝি এসে সিলেবাস পাল্টালে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবে কী করে?

উবেদা হক, শাহীনবাগ, ঢাকা।