গত ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্রে জয়িতাদের সম্পর্কে বিস্তারিত পড়ে অভিভূত হয়েছি। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সফল নারীদের সম্মাননা জানানোর জন্য মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে সারা দেশে বিভিন্ন বিভাগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বেশ কয়েকজন জয়িতাকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।
একজন সংগ্রামী, অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম ‘জয়িতা’। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়িতা। মহিলা অধিদপ্তরের মতে, জয়িতারা ‘বাংলাদেশের বাতিঘর’। সত্যিই তাই! একেকজন জয়িতার সফলতার গল্পগুলো আলাদা হলেও তাদের অপ্রতিরোধ্য সংগ্রাম, অদম্য ইচ্ছাশক্তি,
আর হার না মানা সাহসিকতার মূল সুর যেন একই সুতায় গাঁথা। সশ্রদ্ধ সালাম জয়িতাদের। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মহিলাবিষয়ক অধিদপ্তরকে।
বাঙালি নারীরা ধৈর্য, সাহস, পরিশ্রম ও শক্তির প্রতীক। তাই তো প্রতিটি সফলতার গল্পের পেছনে থাকেন একজন নারী। জীবনযুদ্ধে স্রোতের প্রতিকূলে চলার কঠিনতম লড়াইয়ে আজ তোমরা জয়ী। জয়তু জয়িতারা।
তোমাদের এসব অনুপ্রেরণামূলক সাফল্যগাথা আরও অনেক নারীকেই অনুপ্রাণিত করবে। হাজারো নারীর মনে হাঁটি হাঁটি পা পা করে উঁকি দেওয়া স্বপ্নগুলো পাখা মেলবে আকাশে—তৈরি হবে লাখো জয়িতা।
লাখো জয়িতার সঙ্গে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে।
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা।