জয়িতা লিলি বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নিভৃত এক পল্লির মেয়ে লিলি বেগম। সাত বোনের মধ্যে লিলি দ্বিতীয়। সবারই ফুলের নামে নাম। লিলি তার মনোবল, শক্তি, সাহস ও চারিত্রিক দৃঢ়তা দিয়ে নিজের নামটিকে অনন্য করে তুলেছেন। হতদরিদ্র পিতার সামর্থ্য নেই মেয়েদের লেখাপড়া শেখানোর। পঞ্চম শ্রেণী পাস করার আগেই লিলির বিয়ে হয়। শৈশবে হেসেখেলে বেড়ানোর বয়সেই লিলি শক্ত হাতে সংসারের হাল ধরেন। কাঠমিস্ত্রি স্বামীর সংসার বাবার মতোই দরিদ্র। তাই দারিদ্র্যের অভিশাপ থেকে তাঁর আর মুক্তি পাওয়া হয়নি। একসময় তাঁর স্বামী নিরুদ্দেশ হন। বড় ছেলের বয়স আট। ছোট ছেলে তখনো কোলের শিশু। মনে হলো বিশাল পৃথিবীতে তাঁর কেউ নেই। কী করবেন? কোথায় যাবেন? না জানেন কোনো লেখাপড়া, না কোনো বিশেষ কাজ। বাল্য বয়সে বিয়ে হওয়ায় কোনো কাজে দক্ষতাও অর্জন করতে পারেননি। নিজের বয়সই বা কত? বাবার বা স্বামীর নেই কোনো সম্পদ। তাই সন্তানদের দিকে তাকিয়ে বেছে নিলেন ঝিয়ের কাজ।
শুরু হলো জীবনযুদ্ধের নতুন এক পর্ব। পরবর্তী ২০ বছরে স্বামীর কোনো খোঁজ পাননি। নিজেই দায়িত্ব নিলেন সন্তানদের ভবিষ্যৎ গড়ার। নিজে লেখাপড়া না জানা—এটা তাঁকে সব সময় কষ্ট দেয়। সন্তানদের তিনি উচ্চশিক্ষিত করতে চান। প্রচণ্ড অভাবের মধ্যে খেয়ে না খেয়ে চালিয়েছেন লেখাপড়ার খরচ। কী দুর্বিষহ যন্ত্রণাময় সেই সব দিন ছিল! আজ বড় ছেলে ইংলিশে অনার্স পাস করে চাকরি করছেন। ছোট ছেলে ডাক্তারি পড়ছেন। স্বামীকে খুঁজে পাওয়ার আশায় নিখোঁজ সংবাদের বিজ্ঞাপন দিলেন। স্বামীকে তিনি মেনে নিলেন না।
সন্তানদের নিয়ে বাকি জীবনের পথটুকু একাই পাড়ি দেবেন। সেই কিশোর বয়স থেকে একাই রয়ে গেলেন লিলি বেগম। ভেঙেছেন কিন্তু মচকাননি। বড় ছেলের বিয়ে দিয়েছেন। ছোট ছেলে ডাক্তারি পাস করে মায়ের দুঃখ ঘোচাবেন—সেই স্বপ্ন দেখেন তিনি। তাই শক্ত হাতে সংসারের হাল ধরে আছেন এখনো। অ্যাজমা ও হার্টের সমস্যাও তাঁকে নিরস্ত করতে পারেনি, লিলি বেগমেরা হার মানতে জানেন না। শত নির্যাতন, অবহেলায় তাই সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন। বাতিঘর হয়ে পথ দেখান পথহারাদের।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, তাঁকে জয়িতা হিসেবে মনোনীত করে মহিলাবিষয়ক অধিদপ্তর আজ হয়েছে গৌরবান্বিত।
লিলি বেগম, কুড়িগ্রাম।