জনমত ও দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নানা আশঙ্কা সত্ত্বেও রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। পরিবেশ, প্রযুক্তি, ব্যয় ও ঝুঁকির আশঙ্কাসহ প্রায় সবকিছুই প্রতিকূলে থাকা সত্ত্বেও কেন সরকার এ ধরনের একটি বিপজ্জনক প্রকল্প বাস্তবায়নের দিকে গেল, তা সত্যিই বিস্ময়কর।
পাকিস্তানি শাসকদের বিদ্যুতের প্রয়োজন ছিল, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দেখার জরুরত তাদের বোধ করার কথা নয়। তাদের হাতেই ১৯৬১ সালে প্রথম ঈশ্বরদীর পাকশীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু একসময় তারা এটি পরিত্যাগ করলেও প্রায় ৪২ বছর পর বর্তমান সরকার আবার প্রকল্পটি চালুর উদ্যোগ নিয়েছে। এ জন্য রাশিয়ার সঙ্গে ব্যয়বহুল চুক্তিও করা হয়েছে। এই প্রকল্পের ব্যয় চলতি বছরের জাতীয় বাজেটের প্রায় ৮০ ভাগের সমান (প্রায় এক লাখ ৮০ হাজার কোটি টাকা)। অর্থনৈতিক উপযোগিতা ছাড়াও বিশেষজ্ঞরা কিছু বাস্তব প্রশ্ন তুলেছেন, যার সন্তোষজনক উত্তর ছাড়া প্রকল্পটি কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। যেমন, প্রকল্পের স্থানটি ভূমিকম্পের উৎসস্থলের (ভূচ্যুতি) ওপর অবস্থিত। এমন জায়গায় পারমাণবিক স্থাপনা ভয়ংকর বিপজ্জনক।
ঘনবসতিপূর্ণ এলাকার মাঝখানে বলে প্রকল্পটি নিজেই হয়ে উঠতে পারে গণবিধ্বংসী অস্ত্র। ষাটের দশকে রূপপুরে ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনার সময় এলাকাটি ছিল জনবিরল। এখন এলাকাটি জনবহুল। অথচ সরকার চাইছে এক হাজার মেগাওয়াট করে দুটি কেন্দ্র নির্মাণ করতে! কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কেন্দ্রটির ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে বসবাসরত সব মানুষকে সরিয়ে নিতে হবে। প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত রুশ বিশেষজ্ঞ কোম্পানির মহাপরিচালক মারাত মুস্তাফিনও প্রকল্পের জন্য স্থানটিকে মোটেই উপযুক্ত মনে করেন না। এর পরও সরকারের টনক না নড়া সত্যিই অদ্ভুত।
রাশিয়ার চেরনোবিল বা সম্প্রতি জাপানের ফুকোশিমা পারমাণবিক দুর্ঘটনায় ভয়াবহ মানববিপর্যয় ঘটেছে। দুটি স্থানই ছিল জনবসতি থেকে দূরে। অথচ রূপপুর ঘনবসতিপূর্ণ এবং দুর্ঘটনা ঘটলে তা কেবল ঈশ্বরদীর জন্যই নয়, সারা বাংলাদেশেই সব প্রাণীর জীবন বিপন্ন করে তুলতে পারে। প্রকল্প উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেকোনো ধরনের দুর্যোগে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকটা খেয়াল রেখে এই প্ল্যান্টের ডিজাইন করা হয়েছে।’ বিষয়টি প্রযুক্তির নয়, মানুষের যুক্তি ও বিশ্বাসের। যেখানে রাশিয়া ও জাপানের মতো প্রাযুক্তিক শ্রেষ্ঠত্বের দেশই দুর্ঘটনা ঠেকাতে এবং তার পরের বিপর্যয় এড়াতে ব্যর্থ হয়েছে, সেখানে বাংলাদেশ তো কোন ছার! তা ছাড়া দুর্নীতি ও অদক্ষতার বিশ্ব রেকর্ড যাদের, সর্বোন্নত প্রযুক্তিও সেখানে ব্যর্থ হতে বাধ্য। বিশ্ব যা বিপুল মানুষের মৃত্যু ও বিপর্যয়ের মধ্যে দিয়ে শিখেছে, বাংলাদেশ কেন সেধে গিয়ে সে রকম বিপর্যয়কে ডেকে আনছে?
আশা করব, সরকার সব দিক বিবেচনা করবে, বিশেষজ্ঞদের কথা শুনবে এবং দেশ ও জাতির স্বার্থে রূপপুর পারমাণবিক প্রকল্পটি পুনর্বিবেচনা করবে।