ঝুঁকির মুখে 'বিস্ময় অর্থনীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর বেদনা নিয়ে আমরা ২০১৩ সালকে বিদায় জানিয়েছি। নতুন বছরকে স্বাগত জানাতে হচ্ছে দ্বিধা ও সংশয় নিয়ে। কারণ, বছরের প্রথম দিন থেকে বিরোধী দল অনির্দিষ্টকালের অবরোধের কর্মসূচি দিয়েছে। দেশে আন্তজেলা পরিবহন বন্ধ থাকলে শুধু মানুষের চলাচলই নয়, পণ্য পরিবহনও বাধাগ্রস্ত হয়। কলকারখানা প্রায় বন্ধ থাকে। অর্থনীতির চাকা ধীরগতিতে চলে। মানুষের দুর্ভোগ বাড়ে।
আমরা সব সময় বলে আসছি, একটি রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করা হোক। তাহলে রাজনৈতিক হানাহানি কমে যাবে। ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলবে। না হলে সহিংসতা ও হরতাল-অবরোধে আমাদের দেশের অর্থনীতির সাফল্যগুলো ব্যর্থ হয়ে যাবে। এটা দুঃখজনক যে সরকার বা বিরোধী দল এ বিষয়ে কোনো কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশে কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা থাকলেও অর্থনীতি বিস্ময়কর সাফল্য অর্জন করে আসছে। প্রায় ১০ বছর ধরে অর্থনীতির প্রবৃদ্ধির হার ৬ শতাংশ হারে অব্যাহত থাকায় মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটেছে। গড় আয় এখন এক হাজার ৪৪ ডলার, যা দক্ষিণ এশিয়ার গড় আয়ের খুব কাছাকাছি। আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংকের একটি সারণিতে দেখানো হয়েছে, আর্থসামাজিক ক্ষেত্রে প্রধান ১২টি সূচকের ১০টিতেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং অন্য নিম্ন আয়ের দেশের তুলনায় এগিয়ে গেছে বা যাচ্ছে।
দেশে দারিদ্র্যের হার প্রত্যাশার বেশি কমেছে। মানুষের গড় আয়ু এখন ৬৯, যা দক্ষিণ এশিয়ার মানুষের গড় আয়ুর চেয়ে চার বছর বেশি। আর্থসামাজিক শিক্ষার ক্ষেত্রে নারীর অগ্রগতি দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ‘অন্তর্ভুক্তি-অর্থনীতির’ সুফল কৃষি, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সহায়ক হয়েছে। মোবাইল ব্যাংকিং, ১০ টাকায় ব্যাংক হিসাব এবং অন্যান্য নীতিগত সিদ্ধান্তের কারণে খুব সহজে এখন বিদেশ থেকে প্রবাসী বাঙালিরা দেশে বৈধ পথে তাদের টাকা পাঠাতে পারে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত এখন ১৮ বিলিয়ন ডলার, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্বে অর্থনৈতিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতির অগ্রগতি অব্যাহত থাকায় তা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের অর্থনীতিবিদেরা একে ‘বিস্ময় অর্থনীতি’ নামে অভিহিত করেছেন।
যেকোনো সমাজের রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত রূপ। অর্থনীতি চালায় রাজনীতি, কিন্তু আমাদের দেশে চলছে বিপরীত প্রক্রিয়া। এখানে অর্থনীতিকে অশুভ ও বিভ্রান্তিকর রাজনীতির পদানত করা হয়েছে। এর পরিণতি যে কত ভয়াবহ হতে যাচ্ছে, সে সম্পর্কে কারও সন্দেহ নেই। অথচ সরকার ও বিরোধী দল নির্বিকার। তারা জেদের বশে রাজনীতি করছে। অর্থনীতি গোল্লায় গেলেও তাদের চৈতন্যোদয় হবে, এমন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
আমাদের আহ্বান, বিরোধী দলের অবরোধ, হরতাল আর সরকারের জেল-জুলুম, দমন-পীড়ন—সবকিছু বন্ধ করুন। অর্থনৈতিক উন্নয়নকে রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে স্থান দিন।