টর্চার সেল ও ত্বকী হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের প্রতিটি থানা বা পুলিশ স্টেশনে একটি করে টর্চার সেল আছে এবং সেই সব টর্চার সেলে প্রতিদিন অন্তত একজন মানুষ নির্যাতনের শিকার হন। দেশটিতে মোট এক হাজার ৩০০ থানা আছে। প্রতিদিন একজন করে ব্যক্তি প্রতিটি থানায় নির্যাতিত হলে বছরে পুলিশের হাতে নির্যাতনের শিকার হন চার লাখ ৭৪ হাজার ৫০০ জন।

বাংলাদেশে থানাগুলোতে এ রকম নির্যাতন সেল আছে বলে সরকার স্বীকার করে না। তবে সরকারেরই এলিট ফোর্স বলে পরিচিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নই (র‌্যাব) নারায়ণগঞ্জে অন্তত একটি টর্চার সেল বা নির্যাতন কেন্দ্রের সন্ধান পেয়েছে। আর এই টর্চার সেলটির মালিক আর কেউ নন, স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির নেতা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান।

এটি বাইরে ‘উইনার ফ্যাশন’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান হলেও এখানে কোনো ব্যবসায়িক কাজকর্ম হয় না। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা যাদের ক্ষমতাবানেরা হুমকি বা আপদ মনে করেন, তাদের এখানে এনে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ আছে। তবে নারায়ণগঞ্জে এ রকম নির্যাতন কেন্দ্র আরও আছে। মানুষ ভয়ে মুখ খুলছে না।

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয় গত মার্চ মাসে। সেই থেকে রফিউর রাব্বি অভিযোগ করে আসছেন, ওসমান পরিবারের সদস্যরাই তাঁর ছেলেকে হত্যা করেছেন। তিনি পুলিশ সুপারের কাছে সন্দেহভাজনদের নাম-ঠিকানাও দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর অভিযোগকে তখন আমলে নেয়নি। এখন প্রমাণিত হলো রফিউর রাব্বির সেই অভিযোগ মিথ্যা নয়। ত্বকী হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে আন্দোলন যতই জোরদার হতে থাকে, ওসমান পরিবার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সত্য গোপন রাখা যায়নি।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত র‌্যাব শহরের আল্লামা ইকবাল রোডে আজমেরীর মালিকানাধীন ‘উইনার ফ্যাশন’-এ অভিযান চালায়। এ সময় তিনি সেখানে ছিলেন না। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে তাঁর দুই গাড়ি চালক ও এক নিরাপত্তা প্রহরীকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

পত্রিকার খবরে আরও জানানো হয়, র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম ও স্কোয়াড্রন লিডার মাসুদ রানার নেতৃত্বে র‌্যাবের দলটি কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে। সেখানে একটি কাগজের কার্টন থেকে রক্তমাখা আকাশি রঙের একটি জিনসের প্যান্ট ও রান্নাঘর থেকে কাপড়ে প্যাঁচানো রক্তমাখা গজারির দুটি লাঠি উদ্ধার করা হয়। রান্নাঘরের মেঝেতে রক্তের দাগ দেখা গেছে। লাঠি ও মেঝের রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। তাঁরা আজমেরীর কার্যালয়ের ভেতর ও বাইরে লাগানো আটটি ক্লোজড সার্কিট ক্যামেরা, এলসিডি মনিটর, গুলির চিহ্ন থাকা একটি কর্নার শোকেস, একটি সোফা, পিস্তলের বাঁটের ভাঙা অংশ, দুটি টেঁটা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করেন।

এর আগে ২৯ জুলাই একটি মাদক মামলায় নারায়ণগঞ্জের বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীরোক্তিমূলক জবানবন্দি দেন ইউসুফ হোসেন ওরফে লিটন। জবানবন্দিতে তিনি ত্বকী হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, জাপা নেতা হাজি রিপনের জামতলার বাড়িতে তাঁর ছেলে সালেহ রহমান ওরফে সীমান্ত, ভ্রমর, আবুল কালাম সিকদারসহ অন্যরা নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে ত্বকীকে হত্যা করেন। পরে লাশ ব্যাগে ভরে নৌকায় করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।

কেবল ত্বকী নয়, এই চক্রের জিঘাংসার শিকার হয়ে জীবন দিতে হয়েছে আরও অনেককে। বর্তমান মহাজোট সরকারে আমলে আশিক, চঞ্চল, মিঠু হামিম, ভুলু সাহা নিহত হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলমগীর ও নূরন্নবী রাজা। কিন্তু এসব ঘটনায় কেউ মামলা করতে সাহস পাননি। পুলিশের কাছে মামলা নিয়ে গেলে তারা সাফ জবাব দেয়, ওসমান পরিবারের কারও নাম থাকলে মামলা নেওয়া যাবে না। আর মামলা নিলে তারাও নারায়ণগঞ্জে থাকতে পারবে না।

সরকারেরর দাবি অনুযায়ী সারা দেশে আইনের শাসন চললেও নারায়ণগঞ্জে চলছে একটি পরিবারের শাসন। তাঁরা কাউকে মানেন না। মেয়রকে মানেন না, সাংসদকে মানেন না। কিন্তু তার চেয়েও ভয়ংকর হলো আইনকে অমান্য করা। আইন নিজের হাতে তুলে নেওয়া।

একটি দেশে আইনানুগ সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। তাদের চোখের সামনে কীভাবে টর্চার সেল থাকে? কীভাবে সেই টর্চার সেলে দিনের পর দিন হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটে? কারও ব্যবসাপ্রতিষ্ঠানে কেন টেঁটা, ইয়াবা থাকবে? কেন সোফা ও দেয়ালে গুলির চিহ্ন থাকবে? সেখান থেকে কেন নিষ্পাপ তরুণের রক্তমাখা পোশাক উদ্ধার হবে?

সরকারের আইন কেন এখানে অন্ধ? ত্বকীর বাবা বারবার অভিযোগ করেছেন, তার হত্যার জন্য ওসমান পরিবারই দায়ী। র‌্যাবের তদন্তে কিছু তথ্য-প্রমাণ বেরিয়ে এসেছে। কিন্তু তার পরও এই হত্যার মূল হোতারা ধরা পড়বেন কি না, সে ব্যাপারে যথেষ্ট সংশয় আছে।

রফিউর রাব্বি যে সন্তানকে হারিয়েছেন, তাকে আর কখনো ফিরে পাবেন না। তবে সরকার নারায়ণগঞ্জের গোপন টর্চার সেল বন্ধ এবং এর হোতাদের বিচারের মুখোমুখি করতে পারলে হয়তো আর কোনো বাবাকে সন্তান হারানোর বেদনা বইতে হবে না।

সরকারের চৈতন্যোদয় ঘটুক, ত্বকী হত্যাকারীদের বিচার হোক, এটাই এবারের ঈদের প্রার্থনা।