টাঙ্গুয়ার হাওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অবস্থা সংকটাপন্ন। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে, অবৈধভাবে মংস্য আহরণ এবং নির্বিচারে বৃক্ষ-গুল্ম ধ্বংসের কারণে হাওরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।
তাহিরপুর ও ধর্মপাশা উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর এলাকায় রয়েছে ৫০টির বেশি বিল। ২০০০ সালে ‘রামসার সাইট’ (জলাভূমি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক কনভেনশন) তালিকায় টাঙ্গুয়ার হাওরের নাম ওঠে। এ হাওর দেশের জলচর পরিযায়ী পাখির সবচেয়ে বড় বিচরণক্ষেত্র। মাছের উত্পাদন ও প্রজাতি সংরক্ষণের জন্যও এটি গুরুত্বপূর্ণ। রামসার সাইট ঘোষিত হওয়ার পর থেকে সরকার গ্রামবাসীকে যুক্ত করে এর ব্যবস্থাপনার উদ্যোগ নেয়। কিন্তু বন্ধ হয়নি অবৈধভাবে মাছ শিকার। চলছে পরিযায়ী পাখি শিকারও। হিজল ও করচগাছ এবং নলবন উজাড় করার কারণে পরিবেশ বিপন্ন হচ্ছে। গত কয়েক বছরে টাঙ্গুয়ার হাওরে উল্লেখযোগ্য হারে পাখির সংখ্যা কমে গেছে। এলোপাতাড়িভাবে মাছ শিকার করতে গিয়ে পাখির খাবার নষ্ট করা হচ্ছে। একশ্রেণীর পাখি ব্যবসায়ী রাতের আঁধারে পাখি ধরতে হাওরে ফাঁদ পাতছে। চুরি করে মাছ ধরাও থেমেনি। এ কারণে মাছের প্রজাতি দিনের পর দিন কমে যাচ্ছে। মূলত দুর্বল ব্যবস্থাপনার কারণেই হাওরের ক্ষতির এ মহোত্সব চলছে। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আন্তর্জাতিকভাবে খ্যাত জীববৈচিত্র্যের এ গুরুত্বপূর্ণ আধার চিরতরে নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাধন সরকার
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা