সরবরাহে সমস্যা হলে ঘাটতি দেখা দেয়, আর ঘাটতি মানেই মূল্যবৃদ্ধি। গত সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা ছয় দিন অবরোধ কর্মসূচি চলেছে। এ সময় পণ্য আনা-নেওয়া ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। দেখা যাচ্ছে, শাকসবজি, মাছ, পেঁয়াজসহ সব নিত্যপণ্যের দাম বেশ বেড়েছে। অবরোধের মাশুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে নিত্যপণ্যের চড়া দাম দিয়ে।
নিম্ন আয়ের মানুষ যারা, তাদের বিষয়টি বিবেচনায় নিলে এই পরিস্থিতিকে ভয়াবহ বলেই মানতে হবে। এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের আয়-রোজগার দারুণভাবে ব্যাহত হয়। দৈনিক কাজের বিনিময়ে যাঁরা মজুরি পান, তাঁদের অনেকেরই আয়ের পথ বন্ধ। একদিকে আয় বন্ধ, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি—এই চাপ তাঁরা সামাল দেবেন কীভাবে?
যাঁরা পচনশীল পণ্য উৎপাদন করেন, তাঁরা যেহেতু পণ্য পাঠাতে পারছেন না, তাই অনেক পণ্য নষ্ট হচ্ছে। বাণিজ্যিকভাবে যে কৃষক শাকসবজি উৎপাদন করেন, তাঁর পক্ষে তো পণ্য মজুত করে রাখারও সুযোগ নেই। একদিকে জনগণ পণ্য পাচ্ছে না, বেশি দাম গুনতে হচ্ছে, অন্যদিকে পণ্য পচে যাচ্ছে। দুগ্ধ উৎপাদনকারী অনেক খামারি চরম বিপদে পড়েছেন তাঁদের উৎপাদিত দুধ নিয়ে। পরিবহন করতে না পারায় নষ্ট হচ্ছে দুধ। এমনকি আমদানি করা বিদেশি বন্দর থেকে খালাস করে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না পরিবহনের অভাবে। এভাবে চলতে থাকলে খামারিসহ সব শ্রেণীর মানুষেরই সর্বস্বান্ত হতে বেশি সময় লাগবে না।
যাঁরা নির্বিকারভাবে দিনের পর দিন টানা এ ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছেন, তাঁদের বিবেচনায় কি বিষয়টি একেবারেই নেই?