প্রথমেই ধন্যবাদ জানাই সুজয় মহাজনকে বগুড়াবাসীর দুর্দশা নিয়ে ‘সরেজমিন বগুড়া, টানা ১১ মাসের ভীতি’ নামে কলাম লেখার জন্য। যে ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে তিনি ভেবেছিলেন সংবাদের বিষয়বস্তু পেলেন, সত্যি কথা এটাই যে সেই ককটেল বিস্ফোরণকে বগুড়াবাসী আর খুব একটা ভয় পায় না। বগুড়াবাসীর ভয় দুষ্কৃতকারীর পেট্রলবোমায়। আর একটা ভয় বর্তমানে বগুড়াবাসীকে খুব করে চেপে ধরেছে, তা হচ্ছে পুলিশি ঝামেলা।
বগুড়ার সাতটি নির্বাচনী আসনের মধ্যে চারটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টির নেতারা। বাকি তিনটিতে নির্বাচন হয়েছে। চারটির মধ্যে বগুড়া সদর একটি, যেখানে ভোটারদের কষ্ট করে ভোট দিতে হয়নি! সদরের ভোটার হিসেবে প্রথমে কষ্ট লেগেছিল ভোট দিতে না পারার জন্য।
পাশের উপজেলা গাবতলীর ভোটারদের ভোট-পরবর্তী দুর্দশা দেখে এখন মনে হয় ভোট না হওয়াতেই ভালো আছি। গাবতলীর বেশির ভাগ ভোটার এখন রাতে বাড়িতে থাকতে পারেন না! সাংবাদিক বন্ধুকে আবার বগুড়ায় আসতে অনুরোধ করছি, এবার বগুড়াবাসীর প্রতি পুলিশি হয়রানি সরেজমিনে দেখার জন্য। ৫ জানুয়ারি ভোটের দিন বগুড়ার যে যে এলাকায় বিএনপি ও জামায়াত ভোট প্রতিহত করেছে, এখন সেই এলাকার আমজনতা পুলিশের দাবড়ানি খেয়ে এই শীতের কুয়াশাভেজা রাতে ঘরে থাকতে না পেরে খাল-বিলে আর ধানের জমিতে থাকে!
আমি নিজে এমন অনেককে ব্যক্তিগতভাবে চিনি, যাঁরা কি না ভোটের দিন জমিতে কাজ করেছেন, দোকানদারি করেছেন, তাঁরাও পুলিশের দাবড়ানি খাচ্ছেন! দোধারা চাকুর নিচে বগুড়াবাসী! যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা পড়েছেন বিএনপি-জামায়াতের কোপানলে; আর যাঁরা সেদিন ভোট দেননি, তাঁরা এখন পুলিশের ভয়ে!
মুক্তি নেই বগুড়াবাসীর! জামায়াত আমাদের সাঈদীকে চাঁদে দেখায়! আর আওয়ামী লীগ দেখায় পুলিশ! সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় বগুড়ায় বাড়ি শুনে আমাদের দিকে বাঁকা চোখে তাকানো হয় আর প্রাইভেট চাকরির পরীক্ষায় শুনতে হয়, ‘যে বগুড়ায় সাঈদীকে চাঁদে দেখা যায়, আপনার বাড়ি কি সেই বগুড়ায়?’ আমরা যাঁরা একদম সাধারণ মানুষ, তাঁরা কোথায় যাব?
মাহমুদুল হাসান, বগুড়া সদর, বগুড়া।