বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) আওতায় প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হলো ঢাকায়। বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে উভয় পক্ষই আলোচনাকে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেছে। বৈঠকে বাংলাদেশের দিক থেকে প্রধান বিষয় ছিল অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি পুনর্বহাল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টিও উত্থাপিত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শ্রমিকের অধিকার, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাজারসুবিধা ও বিনিয়োগ বিষয়ে চারটি কার্যদল গঠনের ওপর জোর দেয়। কিন্তু দুই দিনের আলোচনায় দুই পক্ষ বলতে গেলে কোনো বিষয়েই ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বলা যায়, এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে যে বরফ জমাট বেঁধেছে, তা গলার লক্ষণ মেলেনি। কয়েক দিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অস্বস্তিকর। বৈঠকে যেন তারই প্রতিফলন ঘটল।
সুতরাং, টিকফার বৈঠকটি যুক্তরাষ্ট্রের জন্য যা-ই হোক না কেন, বাংলাদেশের জন্য কিছুটা হতাশাজনক। বিশেষত, স্থগিত হওয়া জিএসপি সুবিধা পুনর্বহালের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি। মার্কিন প্রতিনিধিদল তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ উন্নয়নে গৃহীত ব্যবস্থাকে যথেষ্ট বলে মন্তব্য করেছে, জিএসপি ফিরে পাওয়ার জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষও জানিয়েছে। তার পরও তাদের প্রধান উদ্বেগ রয়ে গেছে বাংলাদেশের পোশাকশিল্পের শ্রম পরিস্থিতি নিয়ে। অন্যদিকে বাংলাদেশ যে শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার ও শুল্ক হ্রাসের প্রস্তাব রেখেছে, তার ব্যাপারে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার দোহাই দিচ্ছে। ব্রিটিশ ও ফরাসি পণ্য যেখানে ১ শতাংশেরও কম হারে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে, সেখানে স্বল্পোন্নত দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশি পণ্যকে গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক নেওয়ার কী যুক্তি থাকতে পারে?
আবার এ কথা সত্য যে, কোনো ফোরামের প্রথম বৈঠকে খুব বেশি ফল পাওয়া যাবে বলে আশা করা যায় না। কিন্তু বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে যথেষ্ট করার পরও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো প্রস্তাব না পাওয়া হতাশাজনকই। টিকফা চুক্তি সই হওয়ার সময় বাংলাদেশের মানুষের মনে যেসব প্রশ্ন ছিল, প্রথম বৈঠকটি তার সদুত্তর দিতে পেরেছে বলে মনে হয় না। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা তাঁর মেয়াদকালে স্বপ্নের টিকফা বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। গত দুই বছরে নিরাপত্তা বিষয়ে কিছু কাজ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। কিন্তু সেই কাজটি কার অনুকূলে কতটুকু হয়েছে, সেটিও বিচারের বিষয়।
দ্বিপক্ষীয় যেকোনো ফোরামের লক্ষ্য হতে হবে পারস্পরিক সুবিধা আদায়। আর সে ক্ষেত্রে আমাদের যেমন যথেষ্ট প্রস্তুতি থাকতে হবে, তেমনি পূর্বশর্ত পূরণে আন্তরিক হতে হবে। গোঁজামিল দিয়ে দেশের মানুষকে বোকা বানানো গেলেও বিদেশিদের সেটি সম্ভব নয়।