নতুন ১৩টি টিভি চ্যানেলের অনুমোদনের বরাতে এই সরকারের আমলে টিভি চ্যানেলের লাইসেন্স বিতরণের সংখ্যা দাঁড়াল ৩১। এর বাইরে রয়েছে ১৪টি রেডিওর লাইসেন্স দেওয়ার ঘটনাও। সরকারি ক্ষমতা ব্যবহার করে সুবিধা বিতরণের নাম এখন গণমাধ্যমের লাইসেন্স প্রদান।
পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতার পরের প্রথম দশকেও দুর্নীতির প্রধান ক্ষেত্র ছিল রাষ্ট্রীয় সম্পদ ও সুবিধা বিতরণ তথা লাইসেন্স পারমিট বিতরণ। সে সময় একে পারমিট-ব্যবসা হিসেবেও অভিহিত করা হতো। ব্যবসার লাইসেন্স পারমিট দেওয়ার ক্ষমতা যিনি রাখেন, আর যাঁরা সেগুলো পেতেন; উভয়ই সাধারণত এক দলের হতেন। পাশাপাশি এই বিতরণের মধ্যে অর্থ ও সুবিধার লেনদেনের একটা ব্যাপার ছিল। অতীতের এই ব্যাধি সংক্রমিত হচ্ছে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে।
সরকারের শেষ সময়ে এবং নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের নাম ব্যবহার করে এভাবে মন্ত্রী-সাংসদ-নেতাদের সুবিধা প্রদান দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুস্পষ্ট নজির। এ বিষয়ে গত মঙ্গলবারের প্রথম আলোর সংবাদ দেখাচ্ছে, নতুন ১৩টি টিভি চ্যানেল ও ১৪টি রেডিওর লাইসেন্স যাঁরা পেয়েছেন, তাঁদের প্রায় সবাই সরকারি দলের সঙ্গে জড়িত। যেখানে নির্বাচনকালীন সরকারের নিয়মিত কার্যক্রমের বাইরে যাওয়ার কথা নয়, সেখানে এভাবে অকাতরে লাইসেন্স দেওয়া যেতে পারে না। এটা কেবল ক্ষমতার অপব্যবহারই নয়, এভাবে লাইসেন্স কেনাবেচার গর্হিত তৎপরতাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। পাশাপাশি, সুস্থ ধারার প্রতিযোগিতামূলক গণমাধ্যমের পরিবেশ নষ্টও করা হচ্ছে। দলের লোকদের গণমাধ্যম-ব্যবসার সুযোগ সৃষ্টির চেয়েও মন্দ ব্যাপার হলো, সরকার এভাবে গণমাধ্যমজগতে দলীয় আধিপত্য বিস্তার নিশ্চিত করতে চাইছে।
অযোগ্য, অদক্ষ ব্যক্তিরা মালিকানার জোরে গণমাধ্যমশিল্পকে পকেটে পুরতে পারছেন রাজনীতিবিদদের সহযোগিতায়। রাজনীতি আর ব্যবসা-বাণিজ্যের যোগসাজশে রাজনীতি ও ব্যবসা উভয়ই কলুষিত হচ্ছে। একইভাবে ব্যবসা ও রাজনীতিকে গণমাধ্যমের বিকাশের বিরুদ্ধে ব্যবহারের অস্ত্র হচ্ছে বাছবিচারহীনভাবে লাইসেন্স দেওয়ার এই ঘটনা। এটাই কি তথ্য মন্ত্রণালয়ের কাজ? আমরা এ ব্যাপারে সরকারের স্পষ্ট ব্যাখ্যা চাই। টিভি ও রেডিওর অনুমোদনের ব্যাপারে যে সুবিধাবাদী নজির স্থাপন করা হলো, তা পুনর্বিবেচনার দাবি রাখে।