একসঙ্গে দুটি অন্যায় হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। একদিকে টিলা কাটা হচ্ছে, অন্যদিকে ভরাট করা হচ্ছে পুকুর। এই অপকর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সায় ও অনুমতি সবই আছে এবং এসব হচ্ছে ‘উন্নয়ন’ নামে।
কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাস তৈরি করতে হবে। এটা খুব জরুরি কাজ। কিন্তু এ ধরনের উন্নয়নকাজে কি কোনো বিচার-বিবেচনা কাজ করবে না? ছাত্রাবাস তৈরি করতে হবে তো টিলা কাটো, পুকুর ভরাট করো, এটা কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীতি হতে পারে? যে টিলাটি কাটা হচ্ছে তা সিলেট শহরতলি এলাকার সবচেয়ে বড় টিলা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এটাকে ‘বিরল প্রজাতির গাছের সংরক্ষণ টিলা’ হিসেবে ব্যবহার করে আসছিল। ২০০৯ সালে এই টিলায় স্থাপন করা হয়েছে ‘অ্যাগ্রো ফরেস্ট জার্ম প্লাজম সেন্টার’। কৃষি বিশ্ববিদ্যালয়টির িক এর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল?
কৃষি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা এখানে কৃষি, জীববৈচিত্র্য, হাওর, মাছ, প্রাকৃতিক বন ও পরিবেশবিষয়ক শিক্ষা নিয়ে থাকেন। হাতে–কলমে শিক্ষা গ্রহণ ও গবেষণার জন্য গাছগাছালি, নার্সারি ও জলাশয় এ ধরনের প্রতিষ্ঠানের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। শিক্ষার্থীদের থাকার জন্য যদি এগুলো উচ্ছেদ করতে হয়, তবে তো বিশ্ববিদ্যালয়টির আসল যে বিষয় শিক্ষা, তার বারোটা বাজবে।
টিলা কাটা বা পুকুর ভরাটের পক্ষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য যে সাফাই গাইলেন তা আর যাই হোক, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মুখে বেমানান। ‘কাজের স্বার্থে’ টিলা কাটা বা পুকুর ভরাট করা সবই তাঁর কাছে জায়েজ। বোঝা যায়, কোনো বিচার-বিবেচনা ছাড়াই টিলা কেটে ও পুকুর ভরাট করে ছাত্রাবাস বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম আলোর গতকালের প্রতিবেদন অনুযায়ী পাঁচ দিন ধরে টিলা কাটা ও পুকুর ভরাটের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই এটা বন্ধ করতে হবে। সেটা করতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বলে জানা গেছে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।