টেলিফোনে আলাপের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ অক্টোবর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে ৩৭ মিনিট ধরে টেলিফোনে যে কথোপকথন হয়েছে, তার সম্পূর্ণ অডিও রেকর্ড সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। কোন সূত্র থেকে কী উদ্দেশ্যে তা জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হলো, তা পরিষ্কার নয়। এই কথোপকথন যদিও গোপনীয় কোনো বিষয় নয়, তবু তার সম্পূর্ণ অডিও রেকর্ড জনসমক্ষে প্রকাশের ব্যাপারে—যদি তা সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে করা হয়ে থাকে—সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা থাকা উচিত ছিল। নতুবা ঘটনাটিকে দুই নেতার টেলিফোনে আড়ি পাতা হিসেবে গণ্য করতে হয়, যা আইনসম্মত নয়।
তবে যেভাবেই প্রকাশিত হয়ে থাক না কেন, দেশের দুই প্রধান নেতার টেলিফোন কথোপকথনটি আদ্যোপান্ত শোনার অভিজ্ঞতা এককথায় হতাশাব্যঞ্জক। পালাক্রমে একাধিকবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন, সুদীর্ঘকাল ধরে দেশের দুটি প্রধান দলকে নেতৃত্ব দিচ্ছেন—এমন দুই শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে সেদিন টেলিফোনে যা হয়েছে, সেটাকে আদতে সংলাপ বা কথোপকথন বলা কঠিন, বরং সহজ ভাষায় তা ছিল এমন এক ঝগড়া, যাতে প্রতিফলিত হয়েছে এ দেশের রাজনৈতিক সংস্কৃতির লজ্জাকর হীন দশা, যা যারপরনাই দুর্ভাগ্যজনক।
তার চেয়ে বেশি উদ্বেগের বিষয়, টেলিফোনে পরস্পর বাগিবতণ্ডার মধ্য দিয়ে দুই বিবদমান পক্ষের অনড়তা, একগুঁয়েমি ও বৈরিতা আরও বেশি মাত্রায় স্পষ্ট হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বিরোধী জোটের টানা তিন দিনের হরতাল প্রত্যাহার করে ২৮ অক্টোবর বিরোধীদলীয় নেতাকে গণভবনে ‘খাওয়ার দাওয়াত’ দিলে বিরোধীদলীয় নেতা যে ভাষায় ও সুরে তা প্রত্যাখ্যান করেছেন, তাতে বাঙালি সমাজে দাওয়াত গ্রহণে অপারগতা প্রকাশের প্রচলিত সৌজন্যের ঘাটতি ছিল। তবে ২৯ অক্টোবর হরতাল শেষ হওয়ার পরে যেকোনো সময় তাঁর দাওয়াত গ্রহণের আগ্রহ প্রকাশ যদি আন্তরিক হয়ে থাকে, তাহলে সেটাকেই আমাদের অবশিষ্ট আশার দিক হিসেবে দেখা উচিত।
একইভাবে সরকারপক্ষেরও একান্ত উচিত, আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন সরকারপদ্ধতির বিষয়ে একটা সমঝোতায় পৌঁছতে তারা যে আন্তরিক, তা প্রমাণ করা। বিরোধী দলের পক্ষ থেকে এমন অভিযোগ একাধিকবার উচ্চারিত হয়েছে যে সরকার সংলাপের ব্যাপারে আন্তরিক নয়, একতরফা নির্বাচন অনুষ্ঠানই তাদের চূড়ান্ত লক্ষ্য। এসব অভিযোগ মিথ্যা প্রমাণ করতে হলে সরকারকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে বিএনপিসহ সব দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংলাপে বসানোর ব্যাপারে সরকারের আন্তরিকতা দৃশ্যমান হয়ে ওঠে। বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি মোকাবিলা করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বাড়াবাড়ি বলপ্রয়োগ, একই সময়ে ক্ষমতাসীন দল ও তার সহযোগী সংগঠনগুলোর পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা এবং বিরোধী দলের ভাষ্য অনুযায়ী হামলা, মামলা, পুলিশি হয়রানি ইত্যাদি বন্ধ করা উচিত। তবে বিরোধী দলেরও উচিত হরতাল ডেকে নাশকতা সৃষ্টি, মানুষের প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি করা ইত্যাদি থেকে বের হয়ে সংলাপে এগিয়ে আসা।
বিরোধী জোটের তিন দিনের হরতাল শেষ হয়েছে। এ পর্যন্ত যা কিছুই ঘটে থাকুক না কেন, উভয় পক্ষের মুখোমুখি বসে আলোচনা করে একটা সমাধানে পৌঁছার কোনো বিকল্প নেই।