আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আজ ৭ সেপ্টেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে গুরুত্বপূর্ণ যে বৈঠকে মিলিত হচ্ছে, সেখানে নির্ধারিত হবে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব বিশ্বের কোন শহর পাবে। প্রতিদ্বন্দ্বী শহরের তালিকা বরাবরের মতো শুরুতেই বেশ বিস্তৃত থাকলেও, দুই বছর ধরে অলিম্পিক কমিটির যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ পর্যায়ের শেষে সেই তালিকা এখন তিনটি শহরে এসে ঠেকেছে। জাপানের রাজধানী টোকিও, তুরস্কের ইস্তাম্বুল এবং স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্য থেকে একটি শহরকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা ৭ তারিখে বুয়েনস এইরেসের বৈঠকে ভোটের মাধ্যমে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক শহর হিসেবে বেছে নেবেন। ফলে বলা যায়, তিনটি শহরের মধ্যে কয়েক মাস ধরে চলা তীব্র প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্যায়ে এবং ভাগ্যের চাকা কার প্রতি সদয় হয়, তা দেখার অপেক্ষায় আছে সারা বিশ্বের উৎসাহী লোকজন।
খেলাধুলার সমগ্র দিককেই একদল ব্যবসায়ী যেমন অর্থ উপার্জনের চমৎকার সুযোগ হিসেবে ধরে নিয়ে বাজির খেলা বিশ্বজুড়ে চালু করেছেন, অলিম্পিকের স্বাগতিক দেশ হতে পারার প্রতিযোগিতাও তার থেকে পিছিয়ে নেই। ইংরেজিতে যাঁদের ভদ্র নাম ‘বুকি’ বলে আখ্যায়িত করা হয়, সেই বাজিকরেরা তিনটি শহরের সম্ভাব্য অবস্থানের হিসাব তুলে ধরে বাজি ধরার যে খেলা উন্মুক্ত রেখেছেন, সেই তালিকায় টোকিওর অবস্থান হচ্ছে অনেক ওপরে। এরপর দূরবর্তী ২ আর ৩ নম্বরে কাছাকাছি অবস্থানে আছে যথাক্রমে ইস্তাম্বুল আর মাদ্রিদ। তবে বাজিকরদের হিসাব যে সব সময় সঠিক হয় না, তার প্রমাণ আকছার লক্ষ করা যায়। ফলে টোকিওর সম্ভাবনাকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়ার কারণ নেই এবং জাপানের স্বাগতিক শহর কমিটিও তা মনে করছে না। ফলে ৭ সেপ্টেম্বরের চূড়ান্ত সময় ঘনিয়ে আসার আগে শেষ মুহূর্তের প্রচারে অংশ নিতে বেশ বড় আকারের একটি দল ইতিমধ্যে আর্জেন্টিনার রাজধানীর উদ্দেশে যাত্রা করেছে, যেখানে তারা টোকিওর অলিম্পিক সুবিধার নানা রকম দিক সমবেত প্রতিনিধি ও বিশ্বের সংবাদমাধ্যমের সামনে তুলে ধরবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও অলিম্পিক কমিটির উপস্থাপনায় বক্তব্য দেবেন।
এবার নিয়ে টোকিও পর পর দুবার অলিম্পিকের স্বাগতিক শহর হতে পারার প্রতিযোগিতায় যোগ দিচ্ছে। এর আগে ২০১৬ সালের অলিম্পিকের আয়োজক হতে পারার প্রতিযোগিতায় এগিয়ে থাকা সত্ত্বেও ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে শেষ পর্যন্ত টোকিও পরাজিত হয়। ২০০৯ সালের সেই সিদ্ধান্তের পর দুই বছর অপেক্ষায় থেকে ২০১১ সালের জুলাই মাসে টোকিও ২০২০ সালের জন্য প্রতিযোগিতায় নামার ঘোষণা দেয় এবং আগেরবারের ভুলত্রুটি শুধরে নিয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের নতুন একটি খসড়া পরিকল্পনা তৈরি করে নিয়ে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে স্বাগতিক শহর হতে পারার আবেদন জমা দেয়। প্রাথমিক তালিকায় পরবর্তী সময়ে বেছে নেওয়া তিনটি শহরের বাইরে রোমের ইতালি, আজারবাইজানের বাকু এবং কাতারের দোহাও অন্তর্ভুক্ত ছিল। ২০১২ সালের মে মাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ডের মধ্য থেকে তিনটি শহরকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বেছে নিয়ে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারার তিন শহরের সামর্থ্যের মূল্যায়ন শুরু করে। সেই প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভোট গ্রহণ।
বুয়েনস এইরেসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১২৫তম অধিবেশনের ঠিক ৪০ দিন আগে টোকিওর অলিম্পিক প্রস্তুতির ব্যাখ্যা দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য এবং জাপান অলিম্পিক কমিটি ও টোকিও ২০২০ প্রত্যাশা কমিটির সভাপতি ৎসুনেকাজু তাকেদা সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন। টোকিওর অবকাঠামো ও আর্থিক সচ্ছলতাজনিত সুবিধার উল্লেখ করে তিনি সেখানে বলেছিলেন যে প্রতিদ্বন্দ্বী তিনটি শহরের মধ্যে টোকিও হচ্ছে অর্থনীতির আকারের দিক থেকে বৃহত্তম এবং বিশ্বের সবচেয়ে নিরাপদ নগর হিসেবেও পরিচিত। এ প্রসঙ্গে ২০১১ সালের ভূমিকম্প ও সুনামি-পরবর্তী সময়ে বিশ্বের কঠোরতম নির্মাণ মানদণ্ড কার্যকর থাকার উল্লেখ করে জাপান অলিম্পিক কমিটির সভাপতি আরও বলেছিলেন যে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের সুযোগ টোকিও পেলে প্রস্তর-দৃঢ় ভিত্তিতে অনিশ্চিত এই সময়ে নিশ্চিতভাবে সেরা আয়োজনের সুযোগ নগর করে দেবে এবং জাপানের রাজধানীর নিরাপত্তা সম্পর্কে আরও ভালো ধারণা বিশ্ববাসী পেতে সক্ষম হবে।
টোকিওর মেট্রোপলিটন সরকার অলিম্পিক আয়োজনের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল ইতিমধ্যে জমা রেখেছে এবং এর বাইরে জাপান সরকার ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় আর্থিক নিশ্চয়তা প্রদান করছে। এর অর্থ হলো, অলিম্পিক আয়োজনের সুযোগ টোকিও পেলে অবকাঠামো ও অন্যান্য খাতের ব্যয়ে সম্ভাব্য যেকোনো ঘাটতি দেখা দেওয়ার মুখে জাপান সরকার তহবিল সরবরাহে এগিয়ে আসবে। অলিম্পিক আয়োজনের আনুমানিক খরচ ধরা হয়েছে ৪৪০ কোটি মার্কিন ডলার। এই অর্থে শহরের কেন্দ্রস্থলে একটি অলিম্পিক ভিলেজ তৈরি করা, টোকিও উপসাগরের তীরবর্তী ওদাইবা মেরিন পার্কে নয়টি ভিন্ন ধরনের খেলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যয় অন্তর্ভুক্ত থাকলেও জাপানের রাজধানীর জাতীয় স্টেডিয়াম নতুনভাবে তৈরি করে নেওয়ার খরচ এতে অন্তর্ভুক্ত রাখা হয়নি। ২০২০ সালের অলিম্পিক টোকিওতে না এলেও স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের কাজ ব্যাহত হবে না এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে লন্ডনভিত্তিক ইরাকি বংশোদ্ভূত নারী স্থপতি জাহা হাদিদের বেছে নেওয়া নকশার ভিত্তিতে তৈরি নতুন সেই স্টেডিয়ামে ২০১৯ সালে বিশ্বকাপ রাগবি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে।
টোকিওর অলিম্পিক আয়োজনের প্রত্যাশা কমিটি আশা করছে, ব্যয়বহুল ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন হওয়া অর্থের অধিকাংশ করপোরেট স্পনসরশিপ বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জোগানো সহায়তার মধ্য দিয়ে উঠে আসবে এবং নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হবে না। করপোরেট স্পনসরশিপের যে একটি দৃষ্টান্তের উল্লেখ টোকিওর আয়োজকেরা করছেন, সেটা হচ্ছে অলিম্পিক ভিলেজ বা প্রতিযোগিতায় যোগ দিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের থাকার জন্য তৈরি আবাসনব্যবস্থা। সারা বিশ্ব থেকে আসা প্রায় ১৭ হাজার ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অলিম্পিক ভিলেজে অবস্থান করবেন এবং তাঁদের জন্য বিশেষভাবে তৈরি সেই আবাসন নির্মাণে বিনিয়োগ করার জন্য জাপানের বেশ কয়েকটি নেতৃস্থানীয় গৃহনির্মাণ কোম্পানি ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। অলিম্পিক ভিলেজ এভাবে তৈরি করা হবে, যেন প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর সামান্য কিছু রদবদল করে নিয়ে আগ্রহী ক্রেতাদের কাছে সেগুলো বিক্রি করে দেওয়া যায়। ফলে এদিক থেকেও ব্যয় সাশ্রয়ের প্রত্যাশা আয়োজকেরা করছেন। আর যে ভূমির ওপর এসব তৈরি করা হবে, সমুদ্র ভরাট করে উদ্ধার করা সেই ভূমির মালিক টোকিও মেট্রোপলিটন সরকার হওয়ায় ভূমি ক্রয় কিংবা অধিগ্রহণে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না।
তবে কথা হচ্ছে, জাপানের অর্থনীতি দুই দশক ধরে চলা মন্দা অবস্থা সার্বিকভাবে কাটিয়ে উঠতে না পারায় অলিম্পিকের আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করা মানুষের সংখ্যাও কম নয়। তাঁদের সেই সন্দেহ দূর করার উদ্দেশ্যেই টোকিওর আয়োজকেরা অলিম্পিকের ইতিবাচক আর্থিক প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করছেন। তাঁরা বলছেন, আনুমানিক দুই লাখ ৯০ হাজার কোটি ইয়েনের আর্থিক প্রতিক্রিয়া অলিম্পিক রাখবে এবং বিশ্বজুড়ে চলা মন্দা অবস্থার মধ্যেও জাপানের রাজধানীর আর্থিক অবস্থান হচ্ছে প্রত্যাশী শহরগুলোর মধ্যে সবচেয়ে দৃঢ়।
গত দুই বছরে স্বাগতিক তিনটি শহরের মধ্যে টোকিও অনেকটা সময় ধরে অগ্রবর্তী অবস্থান বজায় রাখলেও এ বছরের শুরুর দিকে টোকিওর গভর্নর নাওকি ইনোসের করা এক বেফাঁস মন্তব্য অলিম্পিক সম্ভাবনায় সাময়িক বিপর্যয় নিয়ে এসেছিল। নিউইয়র্ক টাইমসকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে গভর্নর ইনোসে ইসলামি দেশগুলো সম্পর্কে ঢালাওভাবে করা এক অপরিণামদর্শী মন্তব্যে বলেছিলেন যে সেসব দেশ কেবল যা পারে তা হচ্ছে, নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ আর হানাহানি করা। ফলে ইস্তাম্বুলে অলিম্পিক আয়োজন সঠিক সিদ্ধান্ত হবে না বলেও তিনি তাঁর সেই মন্তব্যে উল্লেখ করেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে যথেষ্ট বেগ টোকিওকে পোহাতে হয় এবং টোকিওর প্রত্যাশা কমিটি মনে করছে যে দুর্যোগ ইতিমধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এবং গভর্নর ইনোসের সেই বেফাঁস মন্তব্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভোট গ্রহণকে প্রভাবিত করবে না। এর পরে দেখা দেওয়া তুরস্কের রাজনৈতিক অস্থিরতা অবশ্য টোকিওর জন্য বাড়তি কিছু সুযোগ নিয়ে আসে। ফলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৭ সেপ্টেম্বরের ভোটের ফলাফল কী দাঁড়ায়, সারা বিশ্বের ক্রীড়ানুরাগীদের নজর এখন সেদিকে পড়ছে।
টোকিও
l মনজুরুল হক: শিক্ষক ও সাংবাদিক।